ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গুজব-অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী


গুজব-অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও অডিওর বিস্তার ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান রাখা হবে। আজ সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১-এ জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে এ সব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে পরিচালিত অসংখ্য আইডি ও পেজ, সংগঠিত বট নেটওয়ার্ক এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও অডিওর মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে নারী ও শিশুদের অনলাইন হয়রানির ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের প্রধান, তার পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কনটেন্ট ছড়ানো হচ্ছে। স্বাধীনতার নামে এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, সেগুলো আদৌ মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে কি না, সেটি পুনরায় সংজ্ঞায়িত করার প্রয়োজন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে। নতুন আইনে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্টের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হবে। পাশাপাশি এ ধরনের কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হবে। তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর কিছু গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানজনক ও মানহানিকর কনটেন্ট তৈরির বিষয়গুলোও আইনের আওতাধীন হবে। সম্পূরক প্রশ্নে হেলেন জেরিন খান জানতে চান, মেটাসহ আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কোনো উদ্যোগ নেবে কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিদ্যমান আইনে মেটার মতো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট অপসারণে বাধ্য করার সুযোগ নেই। ফলে বিটিআরসি বা অন্য কোনো কর্তৃপক্ষ অনুরোধ পাঠালেও অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা পাওয়া যায় না। তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশে আইনি কাঠামোর মাধ্যমে মেটাকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমাদের আইনে সেই সুযোগ এখনো নেই।’ সালাহউদ্দিন আহমদ জানান, নতুন সংশোধনীতে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়, সময়সীমাভিত্তিক কনটেন্ট অপসারণ এবং রিপোর্ট করা কনটেন্ট নিষ্পত্তির জবাবদিহিমূলক ব্যবস্থা যুক্ত করা হবে। একই সঙ্গে বিটিআরসি, সাইবার সুরক্ষা সংস্থা এবং ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষতিকর কনটেন্ট অপসারণ, ব্লক বা স্থানান্তরের ক্ষমতা দেওয়া হবে। আলোচনার একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখনো ১৮৬৭ সালের পুরোনো আইন দিয়ে জুয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। অথচ প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক জুয়ার বিস্তার ঘটেছে। তিনি জানান, অনলাইন ও অফলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ‘জুয়া প্রতিরোধ আইন’ সংসদের চলতি অধিবেশনেই উত্থাপন করা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে ইরাক

সোমবার ইরান ইসরাইলের বিরুদ্ধে তার সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর ইরাক তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে, এই তথ্য দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

বাগদাদ থেকে এএফপি জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিবৃতে জানিয়েছে, তারা ‘ইরাকের সব বিমানবন্দর থেকে যাত্রীবাহী ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে’। তারা আরও উল্লেখ করেছে যে, আঞ্চলিক পরিস্থিতি ‘নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন’ করা অব্যাহত রাখবে।

৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ভঙ্গের প্রথম ঘটনা হিসেবে রোববার সন্ধ্যায় ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরাক ৭২ ঘণ্টার জন্য তার আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনে বাধা দেওয়ায় পাটের গোডাউন অফিসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


মাদক সেবনে বাধা দেওয়ায় পাটের গোডাউন অফিসে আগুন

মাদারীপুরে পাটের গোডাউনের ভিতরে মাদক সেবনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি কার্যালয়ে (অফিস) আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দা লস্কর মোশতাক আহমেদের পাট ব্যবসায়ের গোডাউনে। আগুনের পর অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করছেন, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৭ জুন) মধ্যরাতে এই ঘটনা ঘটে মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লস্কর মোশতাক আহমেদ ওই পাটের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু কিছু বখাটে যুবক বেশ কিছুদিন ধরে পাটের গোডাউনের ভিতরে প্রবেশ করে মাদক সেবন করে আসছিল। বাধা দেওয়ার ফলে তারা ক্ষিপ্ত হয়ে গেছেন।

এই ঘটনায় রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা পাটের গোডাউনের অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুনটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর জানান। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অফিসের ভিতরে অবস্থিত সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী পাট ব্যবসায়ী লস্কর মোশতাক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবনকারীরা পরিকল্পিতভাবে আমার পাটের গোডাউনের অফিসে আগুন দিয়েছে। আগুনে আমার ব্যবসার প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'আগুনের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘এক্সট্রিম ৫ প্রোডাকশনস এসডিএন বিএইচডি’।

আগামী রোববার (২৮ জুন) কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ‘এইচজিএইচ কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যেই প্রবাসী শ্রোতাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

সোমবার (৮ জুন) আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের মোট ছয়টি ক্যাটাগরির টিকিটের মধ্যে ভিভিআইপি (ডায়মন্ড জোন), ভিআইপি (প্ল্যাটিনাম জোন), ভিআইপি (গোল্ড জোন) এবং রক জোনের সব টিকিট ইতিমধ্যেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে।

বর্তমানে সাধারণ দর্শকদের জন্য কেবল সিলভার ও ব্রোঞ্জ জোনের টিকিট সীমিত আকারে অবশিষ্ট রয়েছে। এর মধ্যে সিলভার জোনের সাধারণ মূল্য ১২০ রিঙ্গিত (আর্লি বার্ড ৭২ রিঙ্গিত) এবং ব্রোঞ্জ জোনের টিকিট ৯০ রিঙ্গিত (আর্লি বার্ড ৫৪ রিঙ্গিত)।

প্রবাসীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে এই আয়োজনে টিকিটের ওপর বিশেষ আকর্ষণীয় ক্যাশ পুরস্কারের ঘোষণাও করেছে আয়োজক কর্তৃপক্ষ।

কনসার্টের টিকিট কেটে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে ২ হাজার রিঙ্গিত, দ্বিতীয় পুরস্কার ১৫০০ রিঙ্গিত এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১ হাজার রিঙ্গিত জেতার সুবর্ণ সুযোগ থাকছে।

অনুষ্ঠানটির টিকিট সরাসরি সংগ্রহের জন্য কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ অবস্থিত ‘পিঠা ঘর রেস্টুরেন্ট’-কে টিকিট পার্টনার করা হয়েছে, যেখানে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিরপুরে ধান সংগ্রহে ব্যাপক অনিয়ম, প্রকৃত কৃষকরা বঞ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


নাজিরপুরে ধান সংগ্রহে ব্যাপক অনিয়ম, প্রকৃত কৃষকরা বঞ্চিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী খাদ্যগুদামের (এলএসডি) কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চাষীরা অভিযোগ করছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না কিনে, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এ কারণে স্থানীয় প্রান্তিক কৃষকেরা সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

কৃষকদের দাবির মধ্যে রয়েছে, কষ্টার্জিত ভালো মানের ধান নিয়ে গুদামে গেলে, আর্দ্রতা বা অন্যান্য নানা অজুহাতে তাদের ধান ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ফড়িয়া, চাতাল ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের দেওয়া নিম্নমানের এবং অঙ্কুরিত ধান গুদামে অনায়াসে ঢুকছে। খাদ্য গুদামের কর্মকর্তা ও লেবার সর্দারদের সহযোগিতায় এই সিন্ডিকেট চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সম্প্রতি, সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পেয়ে, বিক্ষুব্ধ কৃষকেরা নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত করেছেন।

সরেজমিনে শ্রীরামকাঠী খাদ্যগুদামে গেলে দেখা যায়, গুদামের বাইরে হাজার হাজার বস্তা ধান স্তূপ করে রাখা হয়েছে। কৃষকদের অভিযোগ, অন্যান্য সাধারণ চাষীরা যাতে ধান সরবরাহ করতে না পারেন, তাই পরিকল্পিতভাবে গুদামের সামনে এই জটলা তৈরি করা হয়েছে। এমনকি, কৃষকদের কৃষি কার্ড বিভিন্ন কৌশলে সংগ্রহ করে, সিন্ডিকেট চক্র ধান সরবরাহ করছে।

উপজেলার শ্রীরামকাঠী এলাকার কৃষক পরিতোষ হালদার ক্ষোভ প্রকাশ করে বলেন, '৬ বিঘা জমিতে ধান চাষ করেছি। ধানের ফলন ভালো হয়েছে। এখন এক বিঘা জমিতে ধান চাষ করতে ২০-২২ হাজার টাকা খরচ হয়। অথচ বাজারে বিক্রি করতে গেলে ৭৫০ থেকে ৮০০ টাকার বেশি দাম পাওয়া যায় না। আমরা কষ্ট করে ধান নিয়ে গোডাউনে গেলে ভিজা, চিটা, নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তবে প্রভাবশালী ও দলীয় লোক যারা ঘুষ দিতে পারেন, তাদের নিম্নমানের ধান ঠিকই গুদামজাত করা হচ্ছে। এ নিয়ে বেশি কথা বলতে গেলে এলাকায় হুমকির মুখে পড়তে হয়।'

একই উপজেলার দীর্ঘা ইউনিয়নের কৃষক শরিফুল বেপারী বলেন, 'আমি ২৫ মণ ধান নিয়ে গোডাউনে গিয়েছিলাম। কিন্তু ১০২ নম্বর সিরিয়াল বলে আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোডাউনের সামনে ক্ষমতাশালীদের হাজার হাজার বস্তা ধান স্তূপ করে রাখা। সেই কারণে আমাদের ধান ভেতরে ঢুকাতে লম্বা সিরিয়াল দেখানো হয়। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে না পেরে, আমরা কম দামে বাইরে বিক্রি করতে বাধ্য হচ্ছি। দালালরা অফিসের লোকদের সাথে হাত মিলিয়ে কৃষকদের কার্ড দিয়ে এই বাণিজ্য করছে।'

চলতি বোরো মৌসুমে, নাজিরপুর উপজেলায় সরকার মণ প্রতি ১ হাজার ৪৪০ টাকা (কেজি প্রতি ৩৬ টাকা) মূল্যে ধান ক্রয় করছে। এ বছর উপজেলাটিতে সর্বমোট ১ হাজার ৩০৬ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে, শ্রীরামকাঠী এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিমা আক্তার সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, 'সরকারি বিধি-বিধান অনুসরণ করেই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কেউ ধান নিয়ে আসলে কাউকেই ফেরত দেওয়া হয়নি। বর্তমানে কিছু চটের বস্তার সংকট থাকায় সাময়িক সমস্যার সৃষ্টি হচ্ছে।'

গুদামের বাইরের স্তূপ ও কৃষি কার্ড জালিয়াতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'গোডাউনের বাইরে কী হয়, কে কীভাবে ধান কেনে বা বিক্রি করে তা আমার জানার কথা নয়। এখানে নিয়ম অনুযায়ী কৃষি কার্ড নিয়ে যে আসে, তাঁর ধানই আমরা রাখি। তিনি কার কার্ড বা কার ধান নিয়ে এসেছেন, সেটা যাচাই করা আমাদের কাজ নয়.'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%