১০:৩৪ এম
যুক্তরাষ্ট্রে শুক্রবারের (১৩ নভেম্বর) বিমান চলাচল বন্ধের প্রভাব শনিবারও (১৪ নভেম্বর) অব্যাহত ছিল। বিভিন্ন বিমান সংস্থা এদিন ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। তবে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে।
ফ্লাইট-ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার রাত ৯টা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ডের ধারণার চেয়েও অনেক বেশি। এই বিপর্যয়ের ফলে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ২০২৪ সালের ক্রাউডস্ট্রাইক সফটওয়্যার বিভ্রাটের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। রবিবারের নির্ধারিত প্রায় ৮০০টি ফ্লাইটও আগাম বাতিল করা হয়েছে, যার বেশির ভাগই আমেরিকান এবং জেটব্লু এয়ারলাইন্সের। শনিবার সকালে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বেডফোর্ড বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা আমরা পেছনে ফেলে এসেছি।’
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর শুক্রবার (১৩ নভেম্বর) প্রথমবার টানা চার ঘণ্টার বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়। এতে প্রায় ১২ হাজার ফ্লাইট ব্যাহত হয়। পরিবহন সচিব শন ডাফি জানান, নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান এল৩হ্যারিস টেকনোলজিস একটি প্রত্যন্ত এলাকায় তামার তার বদলে ফাইবার অপটিক লাইন বসানোর কাজ করছিল। এ সময় একটি রাউটার থেকে পুরো সিস্টেমে ভুল ডেটা চলে যাওয়ায় বিমান ও রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মকর্তারা ধারণা করছেন, আরকানসাস ও টেক্সাসের রাউটারে এই ত্রুটি ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: সৌদি আরবে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর
ঠিকাদারের অদক্ষতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এল৩হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছে, তারা এফএএ-এর তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন