১০:৪০ এম
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইয়ের আবাসস্থলে একসময় অদ্ভুত আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। সেখানে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন মাঝে মাঝে নিজে থেকেই স্থান পরিবর্তন করত। প্রথম দিকে বিষয়টি খুব একটা গুরুত্ব না পেলেও, একসময় তা অভিনেত্রীর কাছে ভীতিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আতঙ্কের অবসান ঘটাতে তিনি ম্যানিকুইনটি খুলে ফেলেন। শুধু তাই নয়, বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে তিনি বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।
সম্প্রতি শ্রুতি এক সাক্ষাৎকারে এই অস্বাভাবিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রীর দাবি, কিছু জায়গার পরিবেশে অদ্ভুত কিছু অনুভব করার ক্ষমতা তার রয়েছে। চেন্নাইয়ের বাড়িতে এমন অভিজ্ঞতা না হলেও, মুম্বাইয়ের বাসায় মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে।
শ্রুতির বাড়িতে মানুষের আকৃতির একটি ম্যানিকুইন ছিল, যার নাম তিনি আদর করে রেখেছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা সংকুলান না হওয়ায়, একটি বাড়তি পোশাকও ম্যানিকুইনটির গায়ে পরানো ছিল। বন্ধুরা যখন বাড়িতে আসতেন, তখন ফিওনাকে নিয়ে তারা হাসি-ঠাট্টা করতেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই ম্যানিকুইনই হয়ে ওঠে তার অস্বস্তির কারণ।
আরও পড়ুন: কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, বিনোদনের নানা আয়োজন
শ্রুতির ভাষ্য, একসময় তিনি লক্ষ্য করেন, ম্যানিকুইনটি মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। কীভাবে বা কেন সেটির অবস্থান পরিবর্তন হচ্ছে, তা বুঝতে পারছিলেন না তিনি। বিষয়টি ক্রমেই তার কাছে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তিনি আর সেটি বাড়িতে রাখার সাহস পাননি এবং ম্যানিকুইনটি খুলে ফেলার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’
তবে এর মাধ্যমে তার অস্বস্তির অবসান হয়নি। বাড়ির পরিবেশ শান্ত করার জন্য তিনি হনুমান চালিসা শুনতে শুরু করেন। পাশাপাশি হাতে লবণ নিয়ে কিছু ধর্মীয় আচারও পালন করেন। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে রাখেন। শ্রুতির দাবি, এসবের পর থেকে বাড়ির পরিবেশ আগের চেয়ে শান্ত হয়ে উঠেছে।
সাক্ষাৎকারে শ্রুতি তার ধর্মীয় বিশ্বাস নিয়েও খোলামেলা কথা বলেন। তিনি জানান, পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবারে বেড়ে উঠেছেন, যেখানে ধর্মীয় আচার কিংবা ঈশ্বরের উপাসনার তেমন প্রচলন ছিল না। বাবা অভিনেতা কমল হাসানসহ পরিবারের অন্যান্যদের বিশ্বাসের সঙ্গে তার নিজস্ব ধর্মীয় চিন্তার পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন শ্রুতি।
আরও পড়ুন: অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন