ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

যশোরে সবজি উৎপাদন থেকে বছরে আয় ২,৬৫৫ কোটি টাকা


যশোরে সবজি উৎপাদন থেকে বছরে আয় ২,৬৫৫ কোটি টাকা

॥ মো. সাইফুল ইসলাম ॥

যশোর, ১৫ নভেম্বর ২০২৬ : যশোর জেলার অন্যতম অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। প্রতিবছর এই জেলায় প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এ হিসাবে, সবজি থেকে বছরে আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা হয়।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সবজি চাষে জেলার ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক যুক্ত রয়েছেন। গত এক বছরে যশোর জেলায় ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। এ সময়ে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে।

আরও পড়ুন: লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, কৃষি ও জনস্বাস্থ্য হুমকির মুখে

গত এক বছরে রবি মৌসুমে ১৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ মেট্রিক টন, খরিপ-১ মৌসুমে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৯ হাজার ৮২৫ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে ১ লাখ ৫১ হাজার ৫০ মেট্রিক টন সবজি উৎপন্ন হয়েছে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতি কেজি সবজির গড় মূল্য ৩০ টাকা ধরে গত বছর জেলায় ২ হাজার ৬৫৫ কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। যশোরের ৩০ লাখ মানুষের সবজির গড় চাহিদা বছরে ৪ লাখ মেট্রিক টন। বাকি প্রায় ৫ লাখ মেট্রিক টন সবজি রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় চলে যায়।

জেলার ‘সবজি জোন’ হিসেবে পরিচিত সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর, বাগাডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায় মাঠজুড়ে সবজির চাষ হচ্ছে। বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজির চাষ হচ্ছে।

শীতকালেই নয়, আধুনিক পদ্ধতিতে এসব এলাকায় সারা বছর জুড়ে সবজি উৎপাদন হয়। বর্তমানে এসব মাঠে ৩৯ ধরনের সবজির চাষ হচ্ছে। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লাল শাক, সবুজ শাক, লাউ, মিস্টি কুমড়া, বেগুন, চালকুমড়া, টমেটো, মূলা, বরবটি, ডাঁটাশাক, পুঁইশাক, ঢ্যাঁড়স, শিম, চিচিঙ্গা, ঝিঙা, করলা, উচ্ছে, গাজর, শালগম, ওলকচু, ভাতিশাক, শসা, পেঁপে, কাঁচাকলা, মানকচু, মেটে আলু, লতিরাজ, পানিকচু, বিট, কাঁকরোল, ক্যাপসিকাম, সজিনা, বিচিকলা, মটরশুঁটি, গিমাকলমি ও ধনিয়া পাতা।

আরও পড়ুন: আটঘরিয়ায় রোপা আমন ধান কাটা শুরু, কৃষকেরা সন্তোষজনক ফলনের আশা করছেন

জেলার সবজি বাজারকে কেন্দ্র করে সদর উপজেলার সাতমাইল-বারিনগরে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির হাট। প্রতিদিন ভোর থেকে এ হাটে কৃষক, ব্যাপারী এবং শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে। ট্রাক ভর্তি করে সবজির চালান ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।

কৃষি অধিদপ্তর জানায়, যশোর সদর উপজেলার আব্দুলপুর ও আশপাশের এলাকায় চলতি মৌসুমে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদিত হচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। তিন শতাধিক কৃষক প্রায় আট হেক্টর জমিতে চারা তৈরি করেন।

জেলা সদরের হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের কৃষক শ্যামল বিশ্বাস (৫৬) ছোটোবেলা থেকেই বাবার সাথে ক্ষেতে কাজ করতেন। তিনি ১৯৯৭ সালে দুই বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। প্রথম দফায় কালো বেগুন চাষ করে ভালো ফলন পান। পরে বিভিন্ন রকমের সবজি চাষ শুরু করেন।

পরে সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চারা তৈরির জন্য নার্সারি গড়ে তোলেন। তিন শতক জমির এ নার্সারিতে তৈরি বিভিন্ন সবজির চারা তিনি নিজে ব্যবহার করেন এবং অন্য কৃষকদের কাছেও বিক্রি করেন। নিজেই তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা জৈব সার। প্রতি মাসে দুই থেকে তিন টন জৈব সার বিক্রি করেন।

আরও পড়ুন: কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মাহমুদুল হক রুবেল

চুড়ামনকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলাম (৪৫) এবার এক বিঘা জমিতে পটল, চার বিঘা জমিতে আলু এবং দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। ৫ বিঘা জমিতে মূলার চাষও করেছিলেন। সবজি চাষ করে তার চারজনের পরিবার ভালোভাবেই চলে যাচ্ছে।

দৌলতদীহী গ্রামের বারেক হোসেন (৩৭) এক বিঘা জমিতে সিম, ৫ কাঠা জমিতে পুঁইশাক এবং ১০ কাঠা জমিতে পটলের চাষ করেছেন। তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি।’

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মিজানুর রহমান খান বাসস’কে বলেন, যশোরে বিপুল পরিমাণ সবজি হয়। তাই এখানে সবজিভিত্তিক ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয় চাষিরা লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘সবজি চাষে পুরো দেশের মধ্যে যশোর জেলা দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। এ জেলায় অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস করা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষকদের সংযুক্ত করে দেওয়া হয়। নতুন নতুন জাতের সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আধুনিক সেচ পদ্ধতিও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া সময়ে সময়ে যেসব সমস্যার উদ্ভব হয়, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে। দ্রুত গতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নবম শ্রেণির ছাত্র সামিউল ইসলাম (১৫) এবং তার ৮ বছর বয়সী চাচাতো ভাই আব্দুল্লাহ নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের তুলশীঘাট সড়কের বৈরাগী বাজারের কাছে উজ্জ্বলের ইটভাটার দক্ষিণ পাশে বকসীর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সামিউল ইসলাম তার চাচার মোটরসাইকেল নিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। এক পর্যায়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফেরার সময় বৈরাগী বাজার থেকে দ্রুতগতিতে বকসীর মোড়ে পৌঁছানোর পর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বসতবাড়ির গেট ও গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ফলে তারা দুজন গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে আহতদের স্বজনদের খবর দেন। তাদের স্বজনরা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে আব্দুল্লাহ এবং পরে সামিউল মারা যায়।

এদিকে, শুক্রবার রাতেই রংপুর থেকে তাদের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়, যা পরিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে করা হয়।

নিহত সামিউল ইসলাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের সউদী প্রবাসী ছাদেকুল ইসলামের ছেলে। অপর নিহত আব্দুল্লাহ মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলামের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীতে শীতের আগমন, তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


ঈশ্বরদীতে শীতের আগমন, তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে

উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে শীতের অনুভূতি ধীরে ধীরে শুরু হচ্ছে। সারাদিন সূর্যের আলো থাকলেও সকাল ও সন্ধ‍্যায় হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে ভোর থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ‍্যার পর থেকে রাতেও শীতের কিছুটা ছোঁয়া পাওয়া যাচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া, বহরপুর, ঢুলটি এলাকায় বেশিরভাগ মানুষকে হালকা শীতের পোশাক পরিধান করতে দেখা যায়। মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে ভোর থেকে কিছু কৃষককে গরম কাপড় পরে কাজ করতে দেখা গেছে।

দাশুড়িয়া ট্র্যাফিক মোড়ের অটোরিকশা চালক মাসুম জানান, গত কয়েকদিন ধরে শীতের আভাস দেখা যাচ্ছে। আজ সকালে ঠান্ডা অন্যদিনের তুলনায় বেশিই অনুভব হচ্ছে। শীত আস্তে আস্তে নামতে শুরু করবে। গাড়ি চালানোর সময় বাতাসের কারণে যাত্রীরা পর্দা দিতে বলছেন।

বহরপুরের কৃষক মুজাম হোসেন বলেন, শীত আসছে। এখন ঠান্ডা পড়া শুরু হবে। আজ হঠাৎ করে কুয়াশা একটু বেশি দেখা যাচ্ছে। ধানের শিষে, ঘাসের ওপর এবং গাছগাছালিতে কুয়াশা পড়েছে। দূরে তাকালেও কুয়াশা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

এদিকে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ২০ ডিগ্রির নিচে নেমে এসেছে। এখন ধীরে ধীরে তাপমাত্রা আরো নিচে নামতে পারে। আজ ঈশ্বরদীতে ভোর ৬টায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টের ৪ লাইব্রেরি: হাজারো রায়ের জীবন্ত আর্কাইভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


সুপ্রিম কোর্টের ৪ লাইব্রেরি: হাজারো রায়ের জীবন্ত আর্কাইভ

॥ এস এম আশিকুজ্জামান ॥

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিচারিক কার্যক্রমে নীরব কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করছে চারটি সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে। এই লাইব্রেরিগুলো হাজারো ঐতিহাসিক রায়, দেশি-বিদেশি ল’ রিপোর্টস, জার্নাল এবং দুর্লভ আইনি বইয়ের দুই লক্ষাধিক সংগ্রহ নিয়ে গঠিত, যা বিচারপতি ও আইনজীবীদের জন্য একটি জীবন্ত আর্কাইভের মতো কাজ করে।

বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচারপতিদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আদালতে আইনগত যুক্তি ও রেফারেন্স উপস্থাপনে আইনজীবীদের জন্য এসব লাইব্রেরির সংগ্রহশালা একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। সুপ্রিম কোর্টের কেন্দ্রিক এই চারটি লাইব্রেরি হলো— আপিল বিভাগ লাইব্রেরি, হাইকোর্ট জাজেস লাইব্রেরি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরি এবং অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি।

আপিল বিভাগ লাইব্রেরিতে নানা দেশের সংবিধান সংরক্ষিত রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লাইব্রেরির লাইব্রেরিয়ান মো. নাসিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের মূল ভবনের তিনটি কক্ষে পরিচালিত এই লাইব্রেরিতে বর্তমানে বই, জার্নাল ও ল’ রিপোর্টস মিলিয়ে প্রায় ২৫ হাজার সংগ্রহ রয়েছে।

এগুলোর মধ্যে ঢাকা ল’ রিপোর্টস (ডিএলআর), বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি), বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি), বাংলাদেশ ল’ ক্রনিকলস (বিএলসি), মেইনস্ট্রিম ল’ রিপোর্টস (এমএলআর), অ্যাপিলেট ল’ রিপোর্টস (এএলআর), অল ইংল্যান্ড ল’ রিপোর্টস (অল ইআর) এবং কলকাতা উইকলি নোটস (সিডব্লিউএন) উল্লেখযোগ্য। পাশাপাশি এখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান সংরক্ষিত আছে। আপিল বিভাগের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রমে এই লাইব্রেরির ল’ রিপোর্টস ও বই থেকে প্রয়োজনীয় রায় এবং রেফারেন্স ব্যবহার করেন।

হাইকোর্ট জাজেস লাইব্রেরি, সুপ্রিম কোর্টের মূল ভবনের একটি ও এনেক্স ভবনের আরেকটি কক্ষে পরিচালিত হচ্ছে। লাইব্রেরিয়ান মোহাম্মদ আবদুল মোমেন বাসস’কে জানান, এই লাইব্রেরিতে প্রায় ১ লাখ ১০ হাজার বই ও নথিপত্রের সংগ্রহ রয়েছে, যার মধ্যে শত বছরের পুরোনো ঐতিহাসিক রায়ের সংগ্রহও বিদ্যমান। হাইকোর্টের বিচারিক কার্যক্রমে বিচারপতিদের চাহিদা অনুযায়ী এখান থেকে নিয়মিত ল’ রিপোর্টস, জাজমেন্ট ও আইনি বই সরবরাহ করা হয়।

প্রতিদিন প্রায় এক হাজার আইনজীবী বই ইস্যু ও ফেরত করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরি, যা প্রায় ৭০ হাজার বই ও জার্নালের সমৃদ্ধ সংগ্রহ নিয়ে গঠিত, সমিতির লাইব্রেরিয়ান মো. এহসানুল হক বাসস’কে জানান, প্রতিদিন প্রায় এক হাজার আইনজীবী এখান থেকে তাদের প্রয়োজনীয় বই ও ল’ রিপোর্টস ইস্যু এবং ফেরত (রিটার্ন) করেন।

লাইব্রেরির দুটি রিডিং রুমে বসে পড়াশোনার পাশাপাশি আইনজীবীদের জন্য প্রয়োজনীয় আইন বা আদালতের সিদ্ধান্ত ফটোকপি করে নেওয়ার সুবিধা রয়েছে। এ ছাড়া অনলাইন সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশের আদালতের রায় ও আইন এখান থেকে সহজেই সংগ্রহ করতে পারেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রয়েছে ‘অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি’। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট মো. হাসিবুর রহমান বাসসকে জানান, এখানে ৩৭ হাজারের বেশি বই ও ল' রিপোর্টসের সংগ্রহ রয়েছে। কেবল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাই এই লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান। তারা এখানে বসে পড়াশোনা ও প্রয়োজনীয় বই ইস্যু এবং নথিপত্র ফটোকপি করে নিতে পারেন।

আইনজীবীদের জীবন ও লাইব্রেরির সম্পর্ক নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসস’কে বলেন, ‘আইনজীবীদের সারাটা জীবনই শিক্ষাজীবন; এই পেশায় জানার কোনো বিকল্প নেই। বিচারপ্রার্থীকে সঠিক আইনি প্রতিকার দিতে হলে একজন আইনজীবীকে নিয়মিত আইন চর্চা ও গবেষণা করতে হয় এবং আদালতে প্রাসঙ্গিক রেফারেন্স উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে অনলাইনে আইনের রেফারেন্স বা নজির পাওয়া গেলেও প্রচলিত লাইব্রেরিতে বসে পড়ার তৃপ্তি সেখানে মেলে না। লাইব্রেরিতে সশরীরে উপস্থিত হয়ে পড়াশোনা করলে জ্ঞানের পরিধি অনেক বেশি সমৃদ্ধ হয়। মূলত একজন আইনজীবীর জীবন লাইব্রেরির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।’

সংশ্লিষ্ট চারটি লাইব্রেরির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বইপত্র ও জার্নাল কেনার জন্য এই চার লাইব্রেরিতে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে হাইকোর্ট জাজেস লাইব্রেরির জন্য সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরির জন্য ৩৭ লাখ টাকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরির জন্য ৩৫ লাখ টাকা এবং আপিল বিভাগ লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


সৌদি আরবে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক হওয়া জাওয়াদ কুরাইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের নাগরিক ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করেছে কর্তৃপক্ষ।

জাওয়াদ কুরাইরিস সৌদি আরবের শিয়া-অধ্যুষিত পূর্বাঞ্চলের একটি প্রভাবশালী পরিবারের সদস্য। ২০১১ ও ২০১২ সালে আরব বসন্তের সময় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগে ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাওয়াদ ও আল-সাফওয়ানি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, গুলি ও বিস্ফোরক রাখার পাশাপাশি দেশের ভেতরে বিভিন্ন তৎপরতায় আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার।

এসপিএর বিবৃতি অনুযায়ী, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার শেষে তাঁদের দায় প্রমাণিত হয়। পরে সুপ্রিম কোর্ট রায় বহাল রাখে এবং রাজকীয় ফরমানের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেওয়া হয়।

তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জাওয়াদকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তাঁর পরিবার জানিয়েছে, নির্যাতনের মুখে তিনি এমন একটি স্বীকারোক্তি দেন, যা পরে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হয়। পরিবারের দাবি, যেসব বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে দোষী করা হয়েছে, সেগুলোর কয়েকটির সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। ফলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিল।

মানবাধিকার সংগঠন রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন। তাঁর অভিযোগ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমতের জবাব হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক তরুণদের ক্ষেত্রেও এর প্রয়োগ ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

বাসিউনি বলেন, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অন্য চার তরুণের মতো জাওয়াদকেও নির্যাতনের মাধ্যমে তথাকথিত সন্ত্রাসবাদী অপরাধে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। এরপর তাঁকে বিচার, দণ্ডাদেশ এবং শেষ পর্যন্ত গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রিপ্রিভের এই কর্মকর্তা আরও অভিযোগ করেন, জাওয়াদের পরিবারসহ যারা শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করা হচ্ছে। তাঁর ভাষায়, সৌদি আরবে মৃত্যুদণ্ড রাজনৈতিক বিরোধিতা দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের নীরব না থেকে আসন্ন মৃত্যুদণ্ড ঠেকাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে ইউসুফ আল-মানাসিফের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান বাসিউনি।

রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা অপরাধ সংঘটনের সময় তাঁরা শিশু ছিলেন। তাঁদের সবাই শিয়া পরিবারের সদস্য এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর বাসিন্দা। ২০১১-১২ সালের আরব বসন্তের সময় ও পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের দণ্ড দেওয়া হয়েছিল বলে সংগঠনটি জানিয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র। দেশটির শিয়া জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশের বসবাস এ অঞ্চলে। একই সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলোর অবস্থানও এখানে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অঞ্চলটির শিয়া জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিন ধরে নিরাপত্তা অভিযান ও দমন-পীড়ন চালানো হচ্ছে।

জাওয়াদ কুরাইরিসের মৃত্যুদণ্ডের ঘটনায় আবারও সৌদি আরবে শিশু বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া, নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে আলাদা কোনো বক্তব্য দিয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও ‍মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%