ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে হামের প্রকোপ, ২০ শয্যার ওয়ার্ডে ৭৫ রোগী


হবিগঞ্জে হামের প্রকোপ, ২০ শয্যার ওয়ার্ডে ৭৫ রোগী

হবিগঞ্জে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের নির্ধারিত হাম ওয়ার্ডে রোগীদের চিকিৎসার জন্য জায়গা না পেয়ে মেঝে ও সিঁড়িতে অবস্থান করতে হচ্ছে। চিকিৎসক ও নার্সদের জন্য অতিরিক্ত রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আক্রান্ত রোগীদের জন্য ২০ শয্যার একটি পৃথক ওয়ার্ড স্থাপন করা হয়েছে। তবে বর্তমানে ওই ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৭৫ জন রোগী। এর ফলে জায়গার সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও সিঁড়িতে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাম আক্রান্ত মোট ২ হাজার ৪০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৩০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য ৯২ জন রোগীকে সিলেট ও ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

সরেজমিনে হাসপাতালের হাম ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২০ শয্যার ওয়ার্ডে বিপুলসংখ্যক রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপে ওয়ার্ডের মেঝেতে জায়গা নেই। অনেক রোগী ও তাঁদের স্বজনদের শিশুদের নিয়ে হাসপাতালের সিঁড়িতে অবস্থান করতে দেখা যায়।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পরও প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। একজন রোগীর স্বজন বলেন, “এত কষ্ট করে রোগী নিয়ে হাসপাতালে পড়ে রয়েছি। অথচ হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।”

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের বেশিরভাগই সিলেট অথবা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ গত বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব রহমান নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের দুর্যোগ থেকে বেঁচে ফিরলেন পশ্চিমবঙ্গের বৃদ্ধ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


নেপালের দুর্যোগ থেকে বেঁচে ফিরলেন পশ্চিমবঙ্গের বৃদ্ধ দম্পতি

অনিশ্চয়তা ও দুশ্চিন্তার সময় পেরিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের বসিরহাটের বৃদ্ধ দম্পতি অনুকূল পোদ্দার এবং রেবা রায় পোদ্দার নেপাল থেকে ফিরে এসেছেন। তারা রবিবার ভোরে বিহার হয়ে ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছান। পরে সরকারি উদ্যোগে পুলিশের গাড়িতে করে তাদের বসিরহাটের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

হাওড়া স্টেশনে পৌঁছানোর পর বসিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশের একটি প্রতিনিধি দল ফুল দিয়ে দম্পতিকে স্বাগত জানান। এরপর তাদের উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ উৎকণ্ঠার পর দম্পতি বাড়ি ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বসিরহাটের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনুকূল পোদ্দার এবং তার স্ত্রী রেবা পোদ্দার গত ২১ আগস্ট কলকাতা থেকে কৈলাস মানসরোবরের উদ্দেশে যাত্রা করেছিলেন। একটি পর্যটন সংস্থার ব্যবস্থাপনায় অন্যদের সঙ্গে নেপাল হয়ে তাদের যাত্রা করার কথা ছিল। তবে নেপালে পৌঁছানোর পর প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সেই যাত্রা থেমে যায়।

দুর্যোগের দিন সকালে কাঠমান্ডু থেকে রসুয়ার দিকে রওনা দিয়েছিলেন তারা। প্রায় তিন ঘণ্টা যাওয়ার পর বাসচালক সামনে হড়পা বানের খবর পেয়ে গাড়ি থামিয়ে দেন। পরিস্থিতি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের নিরাপদ স্থানের দিকে ছুটতে দেখা যায়। পরে চালকের পরামর্শে বাস থেকে নেমে উঁচু জায়গায় আশ্রয় নেন তারা।

অনুকূল পোদ্দার বলেন, “হঠাৎ দেখলাম চারদিক থেকে মানুষ দৌড়ে উঁচু জায়গায় উঠছে। পরে দেখি নদীর ওপর দিয়ে সাদা মেঘের মতো কিছু ধেয়ে আসছে। চালক তখন জানায়, এখান থেকে ফিরে যেতে হবে। নইলে রাস্তা বন্ধ হয়ে গেলে আর ফেরা যাবে না। এরপর আমরা কাঠমান্ডুতে ফিরে আসি।”

দুর্যোগের কারণে কৈলাস মানসরোবর যাত্রা শেষ পর্যন্ত বাতিল করতে হয় তাদের। তবে প্রাণে বেঁচে দেশে ফিরতে পারাকে বড় পাওয়া হিসেবে দেখছেন অনুকূল পোদ্দার। তার ভাষায়, “এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা ছিল। না হলে আমরাও বিপদের মধ্যে পড়ে যেতে পারতাম।”

নেপালে দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর বসিরহাটে থাকা তাদের স্বজন ও প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের দ্রুত ভারতে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। কাঠমান্ডু থেকে বিমানে ফেরার ব্যবস্থা করা হয়েছিল। তবে অনুকূল ও রেবা পোদ্দার তাদের সঙ্গে যাওয়া দলের অন্য সদস্যদের সঙ্গে ট্রেনে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

অনুকূল পোদ্দার জানান, কাঠমান্ডু ও সেখান থেকে ফেরার পথ স্বাভাবিক থাকায় তারা দলের সঙ্গেই ফেরার সিদ্ধান্ত নেন। পরে নেপাল থেকে বিহার হয়ে ট্রেনে তারা হাওড়ায় পৌঁছান।

বসিরহাটে ফিরে প্রতিবেশী দিলীপ কুমার দত্ত বলেন, "আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম। তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসেন, সে জন্য প্রার্থনা করছিলাম। এখন তাদের ফিরে আসায় স্বস্তি পেয়েছি।"

তবে অনুকূল ও রেবা পোদ্দার নিরাপদে ফিরলেও একই এলাকার আরেক দম্পতি স্বপন মণ্ডল ও তার স্ত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তারা অন্য একটি পর্যটন সংস্থার সঙ্গে নেপালে গিয়েছিলেন। কাঠমান্ডুতে তাদের সঙ্গে দেখা হয়েছিল পোদ্দার দম্পতির। তবে ২৬ আগস্ট নেপালে দুর্যোগের দিন সকালে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর থেকে স্বপন মণ্ডল ও তার স্ত্রীর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অনুকূল পোদ্দার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী স্বামীর টাকা-সোনা নিয়ে উধাও গৃহবধূ, পরে মিলল ‘নতুন তথ্য’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


প্রবাসী স্বামীর টাকা-সোনা নিয়ে উধাও গৃহবধূ, পরে মিলল ‘নতুন তথ্য’

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে তিন সন্তান রেখে এক প্রবাসীর স্ত্রী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর শাশুড়ি নুর জাহান বেগম টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী নুর জাহান বেগম উপজেলার আমতলী গ্রামের মৃত সামেদ শিকদারের স্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের মা।

নুর জাহান বেগমের অভিযোগ, প্রায় ১০ বছর আগে উপজেলার ধীপুর গ্রামের মো. আলম শেখের দ্বিতীয় মেয়ে সিনথিয়া বেগমের (২৮) সঙ্গে পারিবারিকভাবে তার ছেলে দ্বীন ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

তিনি অভিযোগ করেন, ৩১ জুলাই সকালে তিন সন্তানকে রেখে সিনথিয়া বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে চার ভরি সোনা সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন শাশুড়ি। পরে তাকে ফিরিয়ে আনতে তার বাবার বাড়িতে গেলে সিনথিয়া আর সংসারে ফিরবেন না বলে জানান।

নুর জাহান বেগম আরও বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা কিছুদিন অপেক্ষা করতে বলেন। পরে তিনি জানতে পারেন, সিনথিয়া তার ছেলে দ্বীন ইসলামকে তালাক দিয়েছেন।

ধীপুর ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ হোসেন মাকসুদ বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু সিনথিয়া স্বামীর সংসার করতে রাজি হননি।’

অভিযোগের বিষয়ে সিনথিয়ার বাবা মো. আলম শেখ বলেন, ‘আমার মেয়েকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি।’

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ড্রেন সংস্কারের সময় মিলল ৩৪০ রাউন্ড গুলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


বগুড়ায় ড্রেন সংস্কারের সময় মিলল ৩৪০ রাউন্ড গুলি

বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় ড্রেন থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে কাদা-পানির মধ্যে গুলিগুলো দেখতে পেয়ে শ্রমিকেরা পুলিশকে খবর দেয়।

রবিবার বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে সাতমাথা এলাকায় ড্রেন সংস্কারের কাজ চলছিল। এ সময় শ্রমিকেরা কাদা-পানির মধ্যে গুলি দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে গিয়ে বগুড়া সদর থানা পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, উদ্ধার হওয়া ৩৪০ রাউন্ড গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সদর থানার অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট করা হয়েছিল। ড্রেন থেকে উদ্ধার হওয়া গুলিগুলো ওই সময় লুট হওয়া গুলির অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, লুটের পর কেউ গুলিগুলো ড্রেনের মধ্যে ফেলে রেখে যেতে পারেন। তবে সেগুলো আসলেই সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশ কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে জানা গেছে এ তথ্য।

এর মধ্যে একটি আদেশে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর আদেশে, ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিবি রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি কমিশনার মো. নজরুল ইসলাম ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%