০৪:৩০ পি.এম
‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকেরা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো এবং কাজের চাপ হ্রাস।
বুধবার সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করেন। এই অবস্থায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে কর্তৃপক্ষ তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক অবরোধ তুলে নেন। এরপর শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
আরও পড়ুন: পিরোজপুরে শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু
শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি তোলেন তারা।
আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’
শ্রমিক আঁখি বানুর অভিযোগ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।
এ ব্যাপারে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত
তিনি আরো বলেন, কোম্পানিতে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন