বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৫১ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর একটি ব্যতিক্রমী সংগীত আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী শনিবার (৭ নভেম্বর) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সাতটি ব্যান্ডের অংশগ্রহণে সাত ঘণ্টাব্যাপী কনসার্ট অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই আয়োজনে দেশের সাতটি ব্যান্ড একটানা সাত ঘণ্টা সংগীত পরিবেশন করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্বকে সামনে রেখে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে বড় পরিসরে কনসার্ট আয়োজনের খবরটি সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে এক মঞ্চে সাতটি ব্যান্ডের দীর্ঘ সময়ের পরিবেশনা দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে যাচ্ছে।
তবে কনসার্টে অংশগ্রহণকারী সাতটি ব্যান্ডের নাম, পরিবেশনার সময়সূচি এবং প্রবেশসংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে এবার সংগীত আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক আবহে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার সময় গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
প্রশিক্ষণ কর্মসূচির সময় মাঠপর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫, ৬, ৮ ও ৯ নভেম্বরও উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যবর্তী নির্বাচনে মূল্যস্ফীতির বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে। এর ফলে রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদ, সিনেট এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে উল্লেখযোগ্য পরাজয়ের সম্মুখীন হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি জরিপে দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনে ভোটদানকারী প্রায় এক লাখ ভোটারের মধ্যে অধিকাংশই মনে করেন, ট্রাম্পের নীতিগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে।
গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন মূল্যস্ফীতির হার ছিল ৩ শতাংশ।
ট্রাম্পের পূর্বসূরি, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে মূল্যস্ফীতির জন্য দায়ী করার প্রচেষ্টা ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেনি।
এপি ভোটকাস্টের জরিপ অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, ট্রাম্পের নীতির ফলস্বরূপ মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে পরিচালিত একটি অনুরূপ জরিপে প্রায় অর্ধেক ভোটার বাইডেনের নীতিকে মূল্যস্ফীতির জন্য দায়ী করেছিলেন।
জরিপে আরও দেখা গেছে, এবারের নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোটারদের প্রায় ৯০ শতাংশের কাছে জীবনযাত্রার ব্যয় ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ অথবা ‘বড় ধরনের বিবেচ্য বিষয়’ হিসেবে বিবেচিত হয়েছে। এই ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রতিনিধি পরিষদের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : গোপালগঞ্জের কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংগঠনের একটি প্রতিনিধি দল হাজী শামসুল হকের বাড়িতে গিয়ে প্রবীণ ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়।
সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’—শীর্ষক একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, যেন এ বৃদ্ধের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর ফলস্বরূপ, আজ কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোটালীপাড়া উত্তর হিরন গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে পৌঁছায়।
প্রতিনিধিরা বৃদ্ধের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
তিনি আরও জানান, তারা জানতে পেরেছেন যে, হাজী শামসুল হকের ছেলেরা তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি তারা প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।
উল্লেখ্য, ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা দীর্ঘ সময় পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন। সম্প্রতি, নিজের জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি সন্তানদের কাছেই আশ্রয়হীন হয়ে পড়েন।
একপর্যায়ে, বসতবাড়ি থেকে বের করে দেওয়া হলে, তিনি বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হন। তার এই দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ সামগ্রিক কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস. এম. শফিউল্লাহ্।
থানা সূত্রে জানা যায়, যোগদানের পর থেকেই জোরারগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, চিহ্নিত মাদক কারবারি ও অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান এবং জিআর-সিআর ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে ওসি মোহাম্মদ আব্দুল হালিম পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। পাশাপাশি পুলিশি সেবাকে জনবান্ধব করা এবং সাধারণ মানুষের আইনি সহায়তা প্রাপ্তি সহজতর করার ক্ষেত্রেও তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন।
এই অর্জনের পর প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ আব্দুল হালিম তাঁর এই সাফল্যের কৃতিত্ব জোরারগঞ্জ থানার সকল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণকে উৎসর্গ করেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের স্বীকৃতি কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে এবং অপরাধ নির্মূলে আরও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ