ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সেশনজট নিরসনে আমরণ অনশনে বেরোবির শিক্ষার্থীরা


সেশনজট নিরসনে আমরণ অনশনে বেরোবির শিক্ষার্থীরা

সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

‘সেশনজট নিরসন চাই, শিক্ষার্থীর মুক্তি চাই’ এমন স্লোগানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

শিক্ষার্থীদের দাবিতে চারটি দফা রয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছেন ৮-১ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ৮-২ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। সেইসাথে প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৪-৬ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

আন্দোলনে অংশগ্রহণের কারণে কোনো শিক্ষার্থীর ফলাফল, প্রাপ্ত নম্বর বা মূল্যায়নে কোনো ধরনের বৈষম্য, প্রতিহিংসা বা নেতিবাচক প্রভাব ফেলা যাবে না।

এই বিষয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১০ মাস পার হলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।’

আরেক শিক্ষার্থী জানান, দীর্ঘ ১০ মাস ধরে ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

সেশনজটের কারণে তাদের একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হচ্ছে। ফলাফল দ্রুত প্রকাশসহ একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে নানা সংকটের কারণে সব ব্যাচেই কিছুটা সেশনজট রয়েছে এটি স্বাভাবিক। আমাদের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সংকট রয়েছে। আমাদের পাঁচটি ল্যাব প্রয়োজন। এর মধ্যে দুটি পেয়েছি। আরো তিনটি ল্যাব প্রয়োজন।’

অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কিছু সংকট রয়েছে, কিছু সীমাবদ্ধতাও আছে। ছয় মাসের মধ্যে একটি সেমিস্টার শেষ করতে হবে। প্রয়োজনে শুক্রবার ও সরকারি ছুটির দিনেও ক্লাস হবে। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে জ্বালানি ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে জ্বালানি ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান

কার্বন নিঃসরণ কমানোর উদ্দেশ্যে তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের পরিমাণ বাড়ানোর তাগিদ রয়েছে। তবে, শুধুমাত্র কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপন করলেই হবে না, বরং পুরো জ্বালানি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণার মধ্যে উল্লেখ করা হয়েছে, বিদ্যুতের সঙ্গে কারখানার তাপ উৎপাদনের ব্যবস্থাতেও পরিবর্তন আনতে হবে। যদিও পোশাক কারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য প্রযুক্তিগত ও আর্থিক সম্ভাবনা রয়েছে, তবুও বাস্তবিক ব্যবহারে এখনও এর পরিমাণ কম।

সিপিডির গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তৈরি পোশাক খাতকে অধিক জ্বালানি-সাশ্রয়ী করতে মেশিন পরিবর্তনে প্রয়োজন প্রায় ৬ হাজার ৬০৪ কোটি থেকে ১৩ হাজার ২০৯ কোটি টাকা বিনিয়োগ। যদি সোলার বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পায়, তবে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানো সম্ভব হবে।

গবেষণায় বলেছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতকে কার্বন নিঃসরণ কমানোর পথে নিতে, কোনো একটি প্রযুক্তির ওপর নির্ভর না করে ধাপে ধাপে অর্থায়ন, প্রযুক্তি পরিবর্তন ও নিয়ন্ত্রিত কর্মসূচির সমন্বিত উদ্যোগ নিতে হবে। এর ফলে পরিবেশগত উন্নতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে।

অামারানী দিনের জন্য, গ্যাসের নির্ভরতা কমিয়ে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির পরামর্শ দিয়েছে সিপিডি।

গবেষণার পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কাটিং ও সেলিং সেকশনে দ্রুত উদ্যোগ নেয়া সম্ভব, তবে ওয়াশিং সেকশন গ্যাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ায় সেখানে অগ্রগতি থেমে আছে। এ সব ক্ষেত্রের জন্য ইলেকট্রিক বয়লার ব্যবহৃত হতে পারে। আগামী দিনে গ্যাসের সরবরাহ লাভ করা কঠিন হবে, তাই ধাপে ধাপে জ্বালানি ব্যবস্থায় পরিবর্তন করে বিদ্যুতের দিকে যেতে হবে। এলএনজি দিয়ে এ খাতে স্থায়ী সমাধান আসবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

তবে শিল্প উদ্যোক্তাদের মতে, অর্থায়নের সুযোগ থাকলেও সেই অর্থ পাওয়া বড় চ্যালেঞ্জ। একইসাথে কারখানায় কোথায় সবচেয়ে বেশি জ্বালানি খরচ হচ্ছে, তা চিহ্নিত করে বিশেষ নজর দিতে হবে।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, অন্যান্য দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বেশি হলেও বাংলাদেশে তা ৬ থেকে ৭ শতাংশ। ব্যাংকগুলোর কাছে অর্থায়নের সুযোগ থাকলেও সেই অর্থ গ্রহণ করা কঠিন। কারখানায় কমপ্রেশারে সবচেয়ে বেশি জ্বালানি খরচ হয়, তাই এদিকে নজর দেয়া উচিত।

তবে বড় শিল্পে সব ধরনের জ্বালানি ব্যবস্থা একসাথে বিদ্যুতে রূপান্তর করা সম্ভব নয় বলেও মত দিয়েছেন উদ্যোক্তারা। বিশেষ করে বড় বয়লার বিদ্যুৎ দিয়ে প্রতিস্থাপন করার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে।

ফজলে শামীম এহসান বলেন, ৬০ টনের বয়লার কোনোভাবেই বিদ্যুৎ দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তবে রুফটপ সোলার একটি ভালো সমাধান হিসেবে বিবেচনা করা যায়। উদ্যোগগুলো শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, এখনই পোশাক খাতের জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার সঙ্গে ওসির বৈঠকের অভিযোগ বিএনপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার সঙ্গে ওসির বৈঠকের অভিযোগ বিএনপির

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি নেতার সঙ্গে বৈঠক করেছেন। এনিয়ে বিএনপি ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে এবং অভিযুক্ত ওসিকে প্রত্যাহার ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে।

রোববার, ১৬ আগস্ট, বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ। বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন ওসি নূরে আলম। সন্ত্রাসী আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে দেখা যাচ্ছে না। ওসির জন্য কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে, অথচ পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তারা আরও জানান যে, সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদক বিরোধী বৈঠকে ওসির পাশে বসে থাকতে দেখা গেছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, যিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুর ভাতিজা। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তারা বলেছেন, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসিকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

এদিকে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। অন্যান্য দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, যুবলীগ নেতা মধুর পদ-পদবীর বিষয়ে তার কিছু জানা ছিল না। নূরে আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিভিন্ন পদ-পদবীতে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারসহ অন্যান্য আইনি ব্যবস্থা নিয়মিতভাবে নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপত্য হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

বাংলাদেশ এবং লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ফিনটেক খাতে যৌথ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ সহযোগিতা এবং প্রযুক্তি খাতে অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ्यमন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বর্তমানে সীমিত, তবে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে, বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি এবং ফ্রিল্যান্সারদের সক্ষমতাকে কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। দেশে বিনিয়োগ প্রত্যাহার এবং মুনাফা নিজ দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে স্থিতিশীল এবং বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন বলেন, লিথুয়ানিয়া বিশ্বমানের লেজার প্রযুক্তি, গভটেক এবং ফিনটেক সেবায় অন্যতম অগ্রগামী দেশ। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে লিথুয়ানিয়া অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী। দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে।

বৈঠকে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র‌্যালি ও পরে স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

আয়োজিত আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় মাছ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুড়িগ্রামে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের প্রাচুর্য থাকায় মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

বক্তারা আরও বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত মাছ উৎপাদনে মৎস্যচাষিদের আরও সচেতন হতে হবে। জলাশয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করা হয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের অনান্য কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%