০৭:৩৯ পি.এম
মরহুম পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ.) বাংলাদেশের দ্বীনি শিক্ষা ও ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তিনি দ্বীনি খেদমত ও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার, পীর সাহেব চরমোনাই (রহ.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্মের স্মৃতিচারণ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই কথা উল্লেখ করেন।
মাওলানা মামুনুল হক তার পোস্টে লেখেন, পীর সাহেব চরমোনাই (রহ.) ছিলেন এ দেশের দ্বীনি অঙ্গন ও ইসলামী রাজনীতির এক সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৩৫ সালে বরিশালের চরমোনাইয়ে জন্মগ্রহণ করা এই আলেম শৈশবেই পিতা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক (রহ.)-এর কাছে দ্বীনি শিক্ষার হাতেখড়ি নেন। পরে তিনি ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে অধ্যয়ন করেন এবং ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
আরও পড়ুন: মিজানুর রহমান আজহারী ৮ বিভাগে মাহফিলের ঘোষণা
গুরু-শিষ্যের সম্পর্কের কথা উল্লেখ করে মামুনুল হক জানান, লালবাগ মাদরাসায় তার শিক্ষকদের মধ্যে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) ছিলেন এবং পীর সাহেব চরমোনাই ছিলেন তার আব্বাজানের গুরুত্বপূর্ণ ছাত্রদের একজন।
পীর সাহেব চরমোনাইয়ের কর্মজীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরে পোস্টে আরও বলা হয়, ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর চরমোনাই মাদরাসায় হাদিসের দরসদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘদিন তিনি সেখানে হাদিসের খেদমত করেন। পরবর্তীতে ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিষ্ঠার উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক পথচলা এ দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
কওমি মাদরাসা শিক্ষার সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে পীর সাহেব চরমোনাইয়ের স্মরণীয় অবদানের কথা স্মরণ করে মামুনুল হক লেখেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে কওমি শিক্ষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, পীর সাহেব চরমোনাই (রহ.) তাতে সক্রিয়ভাবে শরিক হন। ২০০৫ সালে পল্টন ময়দানে কওমি মাদরাসা জাতীয় ছাত্র কনভেনশন এবং পরবর্তীতে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে তিনি শায়খুল হাদীস (রহ.)-এর পাশে দাঁড়িয়েছিলেন। দ্বীনি শিক্ষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল আন্তরিকতা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পোস্টের শেষে, মাওলানা মামুনুল হক মরহুম পীর সাহেব চরমোনাই (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
আরও পড়ুন: দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার ৭০তম মহাসম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন