ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে অবসান হলো রুপালি পর্দার যুগের


রংপুরে অবসান হলো রুপালি পর্দার যুগের

শুক্রবার রংপুরের সর্বশেষ সিনেমা হল শাপলা টকিজ বন্ধ করে দেওয়া হয়েছে। ছবিটি কালের কণ্ঠ থেকে। এই সিনেমা হলে প্রায় অর্ধশতাব্দীর ইতিহাস বিদ্যমান ছিল। এটি উত্তরাঞ্চলের দর্শকদের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। কিন্তু এখন সেটি বন্ধ হয়ে গেছে। এর ফলে রংপুরের সাংস্কৃতিক ইতিহাসের একটি অধ্যায় শেষ হলো।

দীর্ঘকাল ধরে চলা আর্থিক লোকসান, দর্শক সংকট, চলচ্চিত্র ব্যবসায় মন্দা এবং সাম্প্রতিক বিতর্কের কারণে গত শুক্রবার (৩১ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমা হলটির কার্যক্রম বন্ধ করার। এর ফলে বিভাগীয় শহর রংপুরের বাণিজ্যিকভাবে পরিচালিত সর্বশেষ সিনেমা হলটিরও পর্দা নেমে গেল।

রবিবার (২ আগস্ট) সকালে শাপলা টকিজের ব্যবস্থাপক শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে লোকসান গুনতে হয়েছে। সিনেমা প্রদর্শন থেকে যে আয় হতো, তা দিয়ে হলভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতনসহ নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো সম্ভব হচ্ছিল না। চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখার আশায় ভর্তুকি দিয়েও শেষ পর্যন্ত আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।’

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

হল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৮ সালের ১৬ জুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহে আলম শাপলা টকিজ উদ্বোধন করেন। একই বছর ‘বসুন্ধরা’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে হলটি যাত্রা শুরু করে। আধুনিক অবকাঠামো, উন্নত শব্দ পদ্ধতি এবং পরিচ্ছন্ন পরিবেশের কারণে এটি অল্প সময়েই উত্তরাঞ্চলের অন্যতম জনপ্রিয় সিনেমা হলে পরিণত হয়।

রংপুর ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এবং দিনাজপুর থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে আসতেন। হলের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মাসুমের পর তার ভাই মিন্টু মিয়া পরিচালনার দায়িত্ব নেন। পরে ব্যবসায় মন্দা দেখা দিলে হলটি ভাড়ায় পরিচালনার জন্য চলচ্চিত্র প্রযোজক কামাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

তবে চলতি সালের ১৯ এপ্রিল হলটির তৃতীয় তলায় বিশেষভাবে নির্মিত একটি কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পুলিশের অভিযানে সেখান থেকে ৩৭ জন আটক হওয়ার কারণে সেখানকার পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর থেকেই হলটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, এরপর থেকে এলাকায় হলটি বন্ধের দাবিও জোরালো হয়েছে। গত সপ্তাহে সর্বশেষ ‘বলব কথা বাসর ঘরে’ চলচ্চিত্র প্রদর্শনের পর হলটির ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে হলের সামনে থাকা ব্যানার খুলে ফেলা হয় এবং ভেতরের আসবাব ও সরঞ্জাম অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

হলের মালিকপক্ষের প্রতিনিধি সাইদুর রহমান সুমন বলেছেন, ‘ভাড়ায় পরিচালনার সময় হলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এতে আমাদের পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। এই বিষয়ে রংপুর চেম্বারের নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করার পর হলটি স্থায়ীভাবে বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দা সোহাগ বলেছেন, ‘শাপলা টকিজ শুধু একটি সিনেমা হল নয়, এটি আমাদের বেড়ে ওঠার স্মৃতি। ঈদ বা নতুন সিনেমা মুক্তি পেলেই পরিবারের সাথে এখানে আসতাম। হলটি বন্ধ হওয়ায় রংপুরের সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়ে গেল।’

আরেক বাসিন্দা চন্দন বলেছেন, ‘এখনকার প্রজন্ম হয়তো আর বড় পর্দায় বসে সিনেমা দেখার আনন্দ অনুভব করতে পারবে না। সিনেমা হলের পরিবেশটাই ছিল আলাদা।’

সংস্কৃতিকর্মীদের মতে, একটি সিনেমা হল বন্ধ হওয়া কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠানের সমাপ্তি নয়; এটি একটি শহরের সাংস্কৃতিক ঐতিহ্য, পারিবারিক বিনোদন ও রূপালি পর্দাকেন্দ্রিক সামাজিক জীবনেরও অবসানের প্রতীক। তাই শাপলা টকিজের দরজায় ঝুলে থাকা তালা কেবল একটি প্রতিষ্ঠানের শেষ নয়, বরং রংপুরের ৪৮ বছরের চলচ্চিত্র ঐতিহ্যের শেষ আলোকরশ্মি নিভে যাওয়ার দুঃখজনক সাক্ষী।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, এক সময় রংপুরে মডার্ন হল, শাপলা টকিজ, দরদী, ওরিয়েন্টাল, লক্ষ্মী টকিজ, নূর মহল (আকাশ সিনেমা হল), চায়না টকিজ, সেনা হলসহ মোট ১০টি সিনেমা হল ছিল। সময়ের ব্যবধানে টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেল, ইন্টারনেট ও ওটিটি প্লাটফর্মের প্রসার, দর্শক সংকট এবং ধারাবাহিক লোকসানের কারণে একটি একে একে সব হল বন্ধ হয়ে যায়।

এখন শাপলা টকিজ বন্ধ হওয়ায় রংপুর সিনেমা হলশূন্য শহরে পরিণত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় অটোরিকশা মালিক সমিতির ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


ভালুকায় অটোরিকশা মালিক সমিতির ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিক্যাব ও সিএনজি চালিত অটোরিকশার জন্য সড়ক পরিবহন মালিক সমিতির ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কমিটি গঠনের অনুমোদনের কপি হস্তান্তর করেছেন। ময়মনসিংহ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অধীন ভালুকা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সমিতির সভাপতি কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ববর্তী উপজেলা কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন পেয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়ার আগ পর্যন্ত নবগঠিত কমিটিই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কমিটিতে মো. আসাদুজ্জামান সভাপতি, মো. হুমায়ুন কবির হিমন কার্যকরী সভাপতি, মো. মাহবুবুল হাসান (বজলু) সিনিয়র সহ-সভাপতি এবং শাজাহান মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি আরাফাত রাব্বানি, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, দপ্তর সম্পাদক কাজী আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া, কোষাধ্যক্ষ সুরুজ মিয়া, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সম্মানিত সদস্য আলামিন শেখ, তোতো পাঠান সহ বিভিন্ন পদে মোট ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার নবগঠিত কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরুজ হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং ভালুকা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নবগঠিত কমিটির অনুমোদনের কপি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে জমা দেন।

সংগঠনের নেতারা জানিয়েছেন, অটোরিকশা মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা এবং মালিকদের স্বার্থ সংরক্ষণে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। এছাড়া প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ, নিয়মতান্ত্রিক ও সেবামুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫ মামলা

 রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানান।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯ টি বাস, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২১২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ৫ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৪ টি মোটরসাইকেলসহ মোট ৭৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ১০ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি, ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬ টি বাস, ৬ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৭২ টি মোটরসাইকেলসহ মোট ১৮৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১০৩ টি মামলা হয়েছে।

এছাড়াও, অভিযানকালে মোট ৩৮৩ টি গাড়ি ডাম্পিং ও ২৬০ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক

দেশের ব্যবসায়ী ও শিল্প মালিকদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’ নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাকে আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গত রবিবার তিনি এফবিসিসিআই’র দায়িত্ব গ্রহণ করেন।

অফিস আদেশে বলা হয়েছে, এফবিসিসিআই’র সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫’, ‘কোম্পানি আইন, ১৯৯৪’ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।

এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে ফজলুল হককে এই পদে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে গত ২৭ জুন তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

নতুন প্রশাসক ফজলুল হক দায়িত্ব গ্রহণের পর নির্ধারিত ১২০ দিনের মধ্যে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে তা অবহিত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন আটক

ঢাকা, ০২ আগস্ট, ২০২৬ : শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি অভিযান পরিচালনা করে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইসসহ একটি অনলাইন জুয়ার প্রতারক চক্রকে গ্রেফতার করেছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আজ দুপুরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম ওই তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম বিভাগের একটি দক্ষ দল বসুন্ধরা আবাসিক এলাকার এক ছয়তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এই সময়ে তাদের হেফাজত থেকে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন অপারেটরের ৬ হাজারের বেশি অ্যাক্টিভ সিমকার্ড এবং ২০টি গেটওয়ে মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে সেখানে ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, ঝর্ণা নামের এক উপজাতীয় নারী ওই ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলায় চীনা নাগরিকদের ভাড়া দেন। চাইনিজ নাগরিকরা সেখানে অবস্থান করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসা এবং অনলাইন জুয়ার সাম্রাজ্য পরিচালনা করছিলেন।

চক্রটি সাধারণ মানুষের মোবাইলে বিভিন্ন লোভনীয় মেসেজ পাঠাত। এসব মেসেজে নতুন অফার চাকরির সুযোগ কিংবা বাড়তি আয়-এর লিংক দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হতো। ভুক্তভোগীরা ওই লিংকে ক্লিক করার সাথে সাথে প্রতারকদের ফাঁদে পড়ে যেতেন। আইনি নজরদারি থেকে পরিত্রাণের জন্য চক্রটি অত্যন্ত জটিল প্রযুক্তির ব্যবহার করত। তারা একটি মোবাইলের সাথে বাহ্যিক একাধিক স্লট যুক্ত করে ১২টি সিম একসাথে পরিচালনা করত। ফলে, ভুক্তভোগীরা টাকা হারালেও প্রযুক্তিগত জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে ডিভাইসের আইএমইআই (ওগঊও) নম্বর শনাক্ত করা সম্ভব হতো না।

গ্রেফতারকৃত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%