ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লালপুরে জামায়াতের আমির পদে আবুল কালাম, সেক্রেটারি মাসুদ পুনর্নির্বাচিত


লালপুরে জামায়াতের আমির পদে আবুল কালাম, সেক্রেটারি মাসুদ পুনর্নির্বাচিত

নাটোরের লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ রানা।

নতুন সেশনের জন্য উপজেলা কমিটির সহকারী সেক্রেটারিসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা শাখার আমিরদের নামও ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সাংগঠনিক অধিবেশনে নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আইনি নোটিশ

নবনির্বাচিত উপজেলা কমিটিতে সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ আফজাল হোসেন এবং মহসিন আলম।

এছাড়া লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা শাখার আমির হিসেবে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ১ নম্বর লালপুর ইউনিয়নে কামরুজ্জামান চঞ্চল, ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, ৩ নম্বর চংধুপইল ইউনিয়নে হাসমত আলী হাসু, ৪ নম্বর আরবাব ইউনিয়নে মাওলানা আব্দুর রব, ৫ নম্বর বিলমাড়িয়া ইউনিয়নে আনেজউদ্দিন, ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম মান্না, ৭ নম্বর ওয়ালিয়া ইউনিয়নে মাওলানা লোকমান হাকিম, ৮ নম্বর দুরদুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ, ৯ নম্বর এবি ইউনিয়নে শরিফুল ইসলাম সোহাগ, ১০ নম্বর কদিমচিলান ইউনিয়নে আব্দুর রাজ্জাক এবং গোপালপুর পৌরসভা শাখায় হাফেজ আমিরুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে লালপুর উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আইনি নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আইনি নোটিশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের শীর্ষ নেতাদের নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের বিরুদ্ধে ইকরামুল হাসান ফাহিম, যিনি ফাহিম ফারুকী নামে পরিচিত, তাকে আইনি নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে।

রোববার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফের পক্ষে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন।

এই অভিযোগগুলোর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সম্পর্ক, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ, গোপন বৈঠক এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ বা গ্রহণযোগ্য দলিল উপস্থাপন করা হয়নি। নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য ও সমালোচনার সুযোগ থাকলেও প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সাল থেকে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক স্বকীয়তা বজায় রেখে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নোটিশে ফাহিম ফারুকীকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগগুলো প্রত্যাহার করে নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। যে মাধ্যমে বক্তব্য প্রচার করা হয়েছে, একই মাধ্যমে যথাযথ গুরুত্ব ও পরিসরে তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে দলের বিরুদ্ধে চলমান ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা রাজনীতির স্বাভাবিক সৌন্দর্য। তবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি উভয় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেল জানিয়েছে, এসব ঘটনার ধারাবাহিকতায় ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরাসি-বাংলা অপেরা সন্ধ্যা শেষ, জাতীয় সংগীতের আবেগঘন পরিবেশনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


ফরাসি-বাংলা অপেরা সন্ধ্যা শেষ, জাতীয় সংগীতের আবেগঘন পরিবেশনা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : আজ বাংলাদেশের জাতীয় সংগীতের আবেগঘন পরিবেশনার মাধ্যমে সমাপ্ত হলো বিশেষ ফ্রান্স-বাংলা অপেরা সন্ধ্যা, যা ধ্রুপদী ফরাসি সুর, আন্তর্জাতিক অপেরা এবং ঐতিহ্যবাহী যাত্রাগানের সমন্বয়ে আয়োজন করা হয়েছিল।

২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলমান ফরাসি সপ্তাহের (সেমেন ফ্রঁসেজ) উদ্বোধন উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকায় ফরাসি দূতাবাসের সহযোগিতায় দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ) যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য প্রদান করেন। তিনি আয়োজক ও শিল্পীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদার হবে।

এছাড়া, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন, যা দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার ক্ষেত্রে সহায়ক হবে।

ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক ও পিয়ানোবাদক ফ্যাব্রিস মেত্রে বাংলাদেশের যাত্রাগানের বিভিন্ন উপাদানের পাশাপাশি বিখ্যাত ফরাসি, আমেরিকান ও ইতালীয় অপেরা থেকে নির্বাচিত সংগীত পরিবেশন করেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবেরও সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফরাসি দুই শিল্পী বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করেন। এ সময় দর্শক-শ্রোতারা সম্মান জানিয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে কণ্ঠ মেলান এবং এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে

রাজধানীর হাজারীবাগে একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের ফলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মোসাম্মৎ পারভীন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় তার দুই সন্তান শারমিন (২২) ও নাফি (১২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পারভীনের শরীরের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ থানাধীন মাজার বটতলা এলাকায় জামেয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার পাশে ২৩/১ নম্বর বাসার দোতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়িটির মালিক হাজী আব্দুল হক।

থানা সূত্রে জানা গেছে, নিহত পারভীন ওই বাড়ির দোতলার ভাড়াটিয়া ছিলেন। তার স্বামী মনোয়ার হোসেন প্রবাসে অবস্থান করছেন। পারভীন সিটি করপোরেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন যুগান্তরকে জানিয়েছেন, বাসার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভীন ঘটনাস্থলেই মারা যান এবং তার দুই সন্তান গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহত শারমিনকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাফিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানিয়েছেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গারোসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


গারোসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শক্তি। গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক পরিচয় রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। পাহাড় ও সমতলের সকল জাতি গোষ্ঠীর সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ, বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় করে তুলেছে।

আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উপলক্ষে গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওয়ানগালা উৎসব ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হালুয়াঘাটে অনুষ্ঠিত হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ওয়ানগালা শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এটি গারো জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষিজীবন ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের একটি অনন্য প্রকাশ। এ ধরনের উৎসব আমাদের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি উল্লেখ করেন, গারো সম্প্রদায়ের নতুন প্রজন্মের কাছে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়োজন রয়েছে। এজন্য হালুয়াঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও সমৃদ্ধ করা প্রয়োজন।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে জেলা পরিষদের এখতিয়ার ও সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন। উন্নয়নের সুফল থেকে কোনো জনগোষ্ঠী যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

তিনি ওয়ানগালা উৎসবে সকলের সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক সুভ্রা পান্থা, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, অপূর্ব দ্রং, বরুন নাফাক, লিমা চিরান, তন রেমা, আশিষ আজিম, লিভিং ষ্টন চাম্বুগং, সিমন বনোয়াড়ি, প্রভাত দ্রং, সবিতা তিঘীদি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%