প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা করার জন্য প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। আগামী রোববার তিনি নয়াদিল্লিতে পৌঁছাবেন বলে জানা গেছে। গত বছরের শেষের দিকে নেপালে গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বলেন্দ্র শাহের প্রথম বিদেশ সফর নিজেদের দেশে করাতে বেইজিং জোর চেষ্টা চালালেও তিনি দিল্লিকে বেছে নিয়েছেন। বিশ্লেষকদের একাংশের ধারণা, নয়াদিল্লিকে সন্তুষ্ট রেখে দুই প্রতিবেশী শক্তির মধ্যে ভারসাম্যের কূটনীতি বজায় রাখতেই তাঁর এই পদক্ষেপ।
সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলেন্দ্র শাহ। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকের শেষে ভারত-নেপাল সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি যৌথ বিবৃতি আসতে পারে, যেখানে ১০ দফা রূপরেখার বিষয়টি অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া জলবায়ু সংকট, 'অগ্নিবীর' প্রকল্পের আওতায় গোর্খা সেনা নিয়োগ, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি, জলসম্পদ এবং ডিজিটাল সংযোগের মতো বিষয়গুলো আলোচনায় স্থান পেতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সফরকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে এই সফরের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় হয়ে উঠেছে ভারত-নেপাল সীমান্ত বিরোধ। লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে দুই দেশের টানাপোড়েন বহু পুরনো। ২০২০ সালের জুনে নেপাল নতুন মানচিত্র প্রকাশ করে এসব এলাকা নিজেদের ভূখণ্ড হিসেবে দেখালে নয়াদিল্লি তার বিরোধিতা করে। সম্প্রতি লিপুলেখ গিরিপথ ইস্যুতে চিন ও ব্রিটেনের সঙ্গে আলোচনার দাবি তুলে বলেন্দ্র শাহ বিতর্ক আরও বাড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।
ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, দুই বছরের অ্যাংলো-নেপাল যুদ্ধ শেষে ১৮১৬ সালে স্বাক্ষরিত 'সগৌলির চুক্তি' অনুযায়ী কালী নদীকে সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়েছিল, যা ভারতের স্বাধীনতার সময়ও বলবৎ ছিল। পরবর্তী সময়ে ১৯৫০ সালে দুই দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু কালী নদীর উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক থেকেই মূল বিরোধের সূত্রপাত। কাঠমান্ডুর দাবি অনুযায়ী, কালী নদীর উৎস লিম্পিয়াধুরা হওয়ায় লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নেপালের অংশ; বিপরীতে নয়াদিল্লির অবস্থান হলো, লিপুলেখের নিচের অংশ থেকে নদীটি শুরু হওয়ায় কালাপানিসহ বিস্তীর্ণ এলাকা ভারতের অন্তর্ভুক্ত।
সব মিলিয়ে সীমান্তের এই সংবেদনশীল টানাপোড়েনের মধ্যেই বলেন্দ্র শাহের আসন্ন দিল্লি সফর দুই দেশের সম্পর্কে কোনো নতুন সমঝোতার পথ খোলে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন