ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের


মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

মাদক নির্মূলে শুধু রাষ্ট্রীয় আইন বা কোনো একটি সংস্থার ওপর নির্ভর না করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
রোববার (২১ জুন) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, আচরণের পরিবর্তন এবং স্মার্টফোন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানো এবং তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কমিটি গঠন, নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় নেতাদের, বিশেষ করে মসজিদের ইমামদের মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, জুমার খুতবায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা, মাদকাসক্তদের চিহ্নিত করে তাদের সংশোধনে সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এ কাজে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত নয়। পরিবার থেকে সচেতনতা শুরু হলে এবং সমাজ ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮

রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার রাতভর নগরীর চন্দ্রিমা, এয়ারপোর্ট, কর্ণহার, পবা থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০ টাকা, একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: সোহাগ ইসলাম (৩০), সে নগরীর পবা থানার সারাংপুর গ্রামের বাসিন্দা, তামিম আলী (২২), সে কাটাখালী থানার হাজরাপুকুর গ্রামের বাসিন্দা, রানা আলী (৫৫), সে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কড়াইতলা এলাকার বাসিন্দা, সুফি রুবায়েত (২৬), সে এয়ারপোর্ট থানার দৌলতপুর এলাকার বাসিন্দা, মাহাবুর ইসলাম (২৩), সে কর্ণহার থানার বিলধরমপুর গ্রামের বাসিন্দা, টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সে রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার বাসিন্দা, সাইফুল ইসলাম (৩৬) ও মিরা খাতুন (৩০), তারা উভয়েই পবা থানার পশ্চিম পুঠিয়াপাড়া এলাকার বাসিন্দা।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, অভিযান চলাকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় সাইফুল ইসলামের সহযোগী রোজিনা খাতুন ওরফে রুবি ওরফে রুজি (৪০) পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও গ্রেফতার আশরাফুলের বিরুদ্ধে কর্ণহার থানায় দুটি ও তানোর থানায় দুটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করেছে।
শুক্রবার (২০) জুন রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট থানার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয়।
রবিবার দুপুরে ১ বিবিজি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মদ চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে পাঙ্গাসের পোনা বিক্রি অব্যাহত, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


কাউখালীতে পাঙ্গাসের পোনা বিক্রি অব্যাহত, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ

পিরোজপুরের কাউখালীতে উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে নদী থেকে ধরা পাঙ্গাস মাছের পোনা। এতে দেশীয় প্রজাতির মূল্যবান পাঙ্গাস মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। বিশেষ করে উপজেলার আমরাজুরী ফেরিঘাট বাজার, উত্তর বাজার সহ বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে এসব মাছ কেনাবেচা হলেও কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী ও খাল থেকে জেলেরা সূক্ষ্ম জাল ব্যবহার করে বিপুল পরিমাণ পাঙ্গাসের পোনা আহরণ করছেন। পরে অসাধু মাছ ব্যবসায়ীরা এসব পোনা বাজারে এনে বিক্রি করছেন। অনেক ক্ষেত্রে ক্রেতাদের বিভ্রান্ত করতে পাঙ্গাসের পোনাকে ‘শিলং’ বা ‘টেংরা’ মাছ বলে বিক্রি করা হয়। ফলে সাধারণ মানুষও না বুঝে এসব মাছ কিনে নিচ্ছেন।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, এভাবে ছোট অবস্থায় পাঙ্গাস মাছ নিধন চলতে থাকলে ভবিষ্যতে নদী-নালায় দেশীয় পাঙ্গাসের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। এতে জীববৈচিত্র্য ও মৎস্য উৎপাদন উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় সচেতন নাগরিক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ ফিরোজ বলেন,
বাজারে প্রকাশ্যে পাঙ্গাসের পোনা বিক্রি হতে দেখছি। এগুলো বড় হওয়ার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশাসন ও মৎস্য বিভাগের আরও কঠোর নজরদারি প্রয়োজন। না হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় পাঙ্গাস মাছ দেখতে পাবে না।
সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় পাঙ্গাসের পোনা বিক্রি করছে। অনেক সময় এগুলো অন্য মাছের নাম বলে বিক্রি করা হয়। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন,
পাঙ্গাসের পোনা আহরণ ও বিক্রি মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোথাও পাঙ্গাসের পোনা বিক্রির তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুন ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এছাড়া ডেঙ্গু ও হামের প্রকোপ প্রতিরোধ, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, খাদ্য বিভাগের কার্যক্রম জোরদারকরণ, নিষিদ্ধ জাল ব্যবহার ও জাটকা নিধন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নন্দীর বাজার, ভীমগঞ্জ বাজার, ঝগড়ার চর বাজার, নন্নী বাজার ও গাজীর খামারে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা প্রেরণ, জেলা অফিসার্স কোয়ার্টার নির্মাণের জন্য জমি নির্ধারণ এবং জেলার ব্র্যান্ডিং পণ্য ও এসডিজি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছাইদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, জেলা নিবন্ধক, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী/প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%