ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে পাঙ্গাসের পোনা বিক্রি অব্যাহত, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ


কাউখালীতে পাঙ্গাসের পোনা বিক্রি অব্যাহত, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ

পিরোজপুরের কাউখালীতে উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে নদী থেকে ধরা পাঙ্গাস মাছের পোনা। এতে দেশীয় প্রজাতির মূল্যবান পাঙ্গাস মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। বিশেষ করে উপজেলার আমরাজুরী ফেরিঘাট বাজার, উত্তর বাজার সহ বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে এসব মাছ কেনাবেচা হলেও কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী ও খাল থেকে জেলেরা সূক্ষ্ম জাল ব্যবহার করে বিপুল পরিমাণ পাঙ্গাসের পোনা আহরণ করছেন। পরে অসাধু মাছ ব্যবসায়ীরা এসব পোনা বাজারে এনে বিক্রি করছেন। অনেক ক্ষেত্রে ক্রেতাদের বিভ্রান্ত করতে পাঙ্গাসের পোনাকে ‘শিলং’ বা ‘টেংরা’ মাছ বলে বিক্রি করা হয়। ফলে সাধারণ মানুষও না বুঝে এসব মাছ কিনে নিচ্ছেন।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, এভাবে ছোট অবস্থায় পাঙ্গাস মাছ নিধন চলতে থাকলে ভবিষ্যতে নদী-নালায় দেশীয় পাঙ্গাসের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। এতে জীববৈচিত্র্য ও মৎস্য উৎপাদন উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় সচেতন নাগরিক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ ফিরোজ বলেন,
বাজারে প্রকাশ্যে পাঙ্গাসের পোনা বিক্রি হতে দেখছি। এগুলো বড় হওয়ার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশাসন ও মৎস্য বিভাগের আরও কঠোর নজরদারি প্রয়োজন। না হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় পাঙ্গাস মাছ দেখতে পাবে না।
সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় পাঙ্গাসের পোনা বিক্রি করছে। অনেক সময় এগুলো অন্য মাছের নাম বলে বিক্রি করা হয়। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন,
পাঙ্গাসের পোনা আহরণ ও বিক্রি মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোথাও পাঙ্গাসের পোনা বিক্রির তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

 

আরও পড়ুন: যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুন ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এছাড়া ডেঙ্গু ও হামের প্রকোপ প্রতিরোধ, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, খাদ্য বিভাগের কার্যক্রম জোরদারকরণ, নিষিদ্ধ জাল ব্যবহার ও জাটকা নিধন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নন্দীর বাজার, ভীমগঞ্জ বাজার, ঝগড়ার চর বাজার, নন্নী বাজার ও গাজীর খামারে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা প্রেরণ, জেলা অফিসার্স কোয়ার্টার নির্মাণের জন্য জমি নির্ধারণ এবং জেলার ব্র্যান্ডিং পণ্য ও এসডিজি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছাইদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, জেলা নিবন্ধক, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী/প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহত্তর ময়মনসিংহের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছেন রফাইদা ইসলাম রদি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


বৃহত্তর ময়মনসিংহের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছেন রফাইদা ইসলাম রদি

শেরপুরের রফাইদা ইসলাম রদি বৃহত্তর ময়মনসিংহের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

শনিবার (২০ জুন) পল্লীমা সংসদ হলরুমে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কর্তৃপক্ষের আয়োজনে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় বিতর্ক প্রতিযোগিতার ‘খ’ বিভাগ থেকে রফাইদা ইসলাম রদি প্রথম স্থানে আসীন হন।

রদি শেরপুর জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই শহরের নয়ানি বাজারস্থ অঞ্জলি আবৃত্তি নিকেতনে আবৃত্তি শিখে আসছে।

এর আগে রদি ২০১৯ সালে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, ২০২০ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এবং জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি বিভাগীয়, জেলা এবং উপজেলা ভিত্তিক অসংখ্য পুরস্কার লাভ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাইব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


ছাইব হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইব হত্যাকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত প্রধান আসামিরা এখনও আইনের আওতার বাইরে রয়েছে। ফলে নিহতের পরিবার, সহপাঠী এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা এবং বিচারহীনতার আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে।

রোববার (২১ জুন) সকাল বেলায় শেরপুর জেলা জজ আদালতের সামনে সচেতন নাগরিক সমাজ এবং শিক্ষার্থীদের উদ্যোগে ছাইব হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে অংশগ্রহণকারী দুই শতাধিক শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার পরও কেন এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পাপ্পু, নাঈম, সিনহা, স্বপন ও রিয়াদসহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। নিহত ছাইবের বাবা, আব্দুল মালেক, বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা কোন প্রতিশোধ চাই না, শুধু আইনের মাধ্যমে হত্যাকারীদের বিচার চাই।” এছাড়া, মা রেবেকা সুলতানা বলেন, “আমার সন্তানের জীবন আর ফিরে পাব না। তবে যারা আমার বুক খালি করেছে, তাদের যেন আইনের মুখোমুখি করা হয়।” মানববন্ধনের পরে শিক্ষার্থী এবং এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম দ্রুত মূল আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।

উল্লেখযোগ্য যে, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেলে শেরপুর শহরের তাতালপুর বিএম রোড এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার শিকার হন শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল-মুহতাশিম ছাইব। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী

শ্রমশক্তিকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) মালয়েশিয়ায় পৌঁছে, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। তিনি জানান, শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যেসব শ্রমিক বিদেশে আসবেন, তাদের ভাষা শেখানোর পাশাপাশি ট্রেনিংও দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ জন্য সরকারের পরিকল্পনা রয়েছে দেশের টেকনিক্যাল ইনস্টিটিউশন আপডেট করার। আগামী ১০ বছরে কোথায় কোথায় কাজ করতে বাংলাদেশিরা যেতে পারেন, তা নিয়ে কাজ করছেন তারা।

মালয়েশিয়ায় অবস্থানকারী বাংলাদেশিদের প্রশংসা করেন তিনি। বলেন, ১৪ সালে এসেছিলাম, আজ এসে দেখলাম, এ দেশের রাস্তা বাংলাদেশের চেয়েও পরিষ্কার। বাংলাদেশের শ্রমিকরা রাস্তা পরিষ্কার রাখতে সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি। তাই আমাদের দেশকে কেন পরিষ্কার রাখতে পারবো না?

মালয়েশিয়া প্রবাসীদের কাজ করার সুযোগ বাড়াতে কাজ করার কথা বলেন তারেক রহমান। তিনি জানান, সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই এখানে আসা। সফরে এসে এখানে যারা কাজ করছেন, তাদের নিয়ে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন।

মালয়েশিয়ায় আটকে থাকা বাংলাদেশিদের বিষয়ে জানান, দুই হাজারের বেশি মানুষকে কীভাবে মুক্ত করা যায়, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন।

এছাড়া, বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার আইটি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানোর কথা বলেন তিনি।

এর আগে, শনিবার (২০ জুন) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে টার্মস অব রেফারেন্স (টিওআর)-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, কৃষি, জ্বালানি, হালাল শিল্প, সেমিকন্ডাক্টরসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে। এছাড়া, মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন কামনার বিষয়ও আলোচনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%