০৫:০০ পি.এম
সাম্প্রতিক সময়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আদিবাসীদের ভূমির ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন।
রবিবার (২১ জুন) ঢাকায় কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (সিডিআই) অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাগ্রো-ইকোলজি প্ল্যাটফর্ম (বিএপি) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। ভূমি ও আদিবাসী অধিকার এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর এই অ্যাডভোকেসি সেমিনারে সভাপতির বক্তব্যে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ বলেন, আদিবাসী সম্প্রদায়ের ভূমি অধিকার এবং জীববৈচিত্র্য সুরক্ষা জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি উল্লেখ করেন, সেমিনারে ওঠানো সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।
সেমিনারে আদিবাসীদের নিপীড়ন এবং হয়রানির ঘটনাবলী তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, আদিবাসীদের অনেক কিছুর নাম পরিবর্তন করা হচ্ছে, যা তিনি একটি “জেনোসাইড” (গণহত্যা) হিসেবে অভিহিত করেন। এটি বন্ধ হওয়া দরকার বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, যত্রতত্র ইকোপার্ক স্থাপন বন্ধ করতে হবে, কারণ তার মতে, ইকোপার্ক মানুষের অধিকার লঙ্ঘন করে এবং পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করে। বর্তমান সরকার আদিবাসীদের ভূমির অধিকারসহ সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সাদরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে আদিবাসীরা একাধিক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভূমির অধিকার প্রতিষ্ঠা করা আবশ্যক। তিনি আরো বলেন, এ বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এবং বর্তমান সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে।
বারসিকের পরিচালক ও গবেষক পাভেল পার্থ বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে আদিবাসীরা নির্যাতিত ও বিতাড়িত হচ্ছে। তিনি বলেন, পাঠ্যপুস্তকে যখন আদিবাসীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উল্লেখ করা হয়, তখন তা রাষ্ট্রীয় সমস্যার ইঙ্গিত দেয়। তাই আদিবাসীদের সমস্যা সমাধানের জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)-এর সভাপতি সঞ্জীব দ্রং। তিনি ১৫ দফা সুপারিশ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান এবং সমতলের আদিবাসীদের জন্য একটি স্বতন্ত্র ভূমি কমিশন গঠন। এছাড়াও তিনি প্রথাগতভাবে অধিকারিত ভূমির ম্যাপিং এবং নিবন্ধনের মাধ্যমে আইনি মালিকানা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করেন। বন বিভাগের গেজেট, জরিপ বা ফরেস্ট ল্যান্ড হিসেবে অন্তর্ভুক্ত হওয়া ভূমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, আদিবাসীদের জীবন এবং জীবিকার ওপর প্রভাব ফেলতে পারে এমন যেকোনো প্রকল্পের আগে তাদের অবহিত সম্মতি গ্রহণ করা বাধ্যতামূলক হওয়া উচিত। এবং জাতীয় উদ্যান, ইকো-পার্ক বা অনুরূপ প্রকল্প বাস্তবায়নে আদিবাসীদের অংশীদারিত্ব এবং মালিকানা নিশ্চিত করতে হবে। তিনি এই ক্ষেত্রগুলিতে হারানো ভূমি পুনরুদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে এবং ভূমি সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ, খাজনা প্রদান এবং ভূমি জরিপ বিষয়ে আদিবাসীদের প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম জোরদার করার কথাও বলেন।
আরও পড়ুন: রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিমান
সেমিনারটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা মেথিন প্রমিলা। এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শিল্পী কুন্ডু, বাংলাদেশ কৃষক ফাউন্ডেশনের সভাপতি মো. বদরুল আলম, এবং কারিতাস বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) অপূর্ব ম্রং ও ব্যবস্থাপক সুবাস এ. গোমেজও বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন