ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কবে অবসর নেবেন, জানিয়ে দিলেন সিকান্দার রাজা


কবে অবসর নেবেন, জানিয়ে দিলেন সিকান্দার রাজা

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ অংশকে স্মরণীয় করে রাখতে চান। ৪০ বছর বয়সি এই অলরাউন্ডার ২০২৭ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগকে জীবনের বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া তার জন্য আশীর্বাদের মতো।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ‘সিক্সআর’ নামের একটি মোবাইল ক্রিকেট গেমের উদ্বোধনী অনুষ্ঠানে রাজা তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, অনেক ক্রিকেটারই বিশ্বকাপ খেলে ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখেন। তার ক্যারিয়ারও বর্তমানে শেষের দিকে। এই সময়ে দেশের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাওয়াটা তার কাছে বিশেষ সম্মানের বিষয়।

রাজার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ২০২৭ বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। তিনি বিশ্ববাসীর সামনে আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস এবং স্থানীয় সংস্কৃতি তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন। বিশেষ করে জিম্বাবুয়ের আতিথেয়তা ও পরিবেশের অভিজ্ঞতা পর্যটক ও ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে বলে তার বিশ্বাস।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দাপট, ৩৩০ রান করে ১ রানের লিড

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের লিগ পর্বের ম্যাচগুলো হারারে, বুলাওয়ে এবং ভিক্টোরিয়া ফলসের নতুন ভেন্যুতে আয়োজন করা হবে। মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামের এই মাঠে ভারত ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে সুপার সেভেন পর্বের তিনটি ম্যাচ আয়োজনের কথাও রয়েছে।

ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর বিষয়ে আশাবাদী হলেও রাজা মনে করেন বিষয়টি সহজ হবে না। তার মতে, আইসিসির টুর্নামেন্টে পিচ প্রস্তুতিসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা থাকায় স্বাগতিকদের পছন্দমতো সবকিছু করা সম্ভব হয় না। তবে নিয়মের মধ্যে থেকে যতটা সম্ভব সুবিধা নেওয়ার চেষ্টা করবে জিম্বাবুয়ে।

নতুন স্টেডিয়ামটি নিয়ে রাজা বেশ উচ্ছ্বসিত। তিনি মনে করেন, ভিক্টোরিয়া ফলসের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বকাপে আগত দর্শকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। জলপ্রপাতের শব্দ, মনোমুগ্ধকর সূর্যাস্ত এবং স্থানীয় মানুষের আন্তরিক আতিথেয়তা পর্যটকদের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করবে বলেও তার আশা।

এদিকে, রাজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার পক্ষেও মত দিয়েছেন। আগামী চক্রে টুর্নামেন্টে দলের সংখ্যা ১২-তে উন্নীত হলে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের খেলার সুযোগ তৈরি হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গও সম্প্রতি এ ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ডুলির লক্ষ্য, সব ম্যাচে জয় নিশ্চিত করা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেলে জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতি ত্বরান্বিত হবে বলে বিশ্বাস রাজার। তার মতে, শুরুতে দল ভালো ফল না পেলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ সব সংস্করণেই পারফরম্যান্স বাড়াতে সহায়তা করবে। তাই এমন সিদ্ধান্ত হলে তিনি প্রথম সারিতেই এর সমর্থনে থাকবেন।

তবে রাজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবসরের পর আর ক্রিকেটে ফেরার কোনো পরিকল্পনা নেই। তার ভাষ্য, সিদ্ধান্ত নেওয়ার পর তা থেকে সরে আসার মানুষ তিনি নন। অবসর ঘোষণার পর আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার চিন্তাও তার নেই।

এদিকে, সিক্সআর গেমটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ২০ জনের বেশি আন্তর্জাতিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন লোকেশ রাহুল, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি ও এউইন মরগানের মতো তারকারা। গেমটির মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারদের বিপক্ষে সরাসরি খেলার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ১০৪ বছর পর ইতালিয়ান লিগে উচ্চারিত মুসোলিনির নাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ছোট নৌকা ঠেকাতে ৫০ জন দাঙ্গা পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


ফ্রান্সে ছোট নৌকা ঠেকাতে ৫০ জন দাঙ্গা পুলিশ মোতায়েন

ইংলিশ চ্যানেল সংলগ্ন ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলে সমুদ্র পারাপারের ব্যস্ততম দিনগুলোতে মানব পাচারকারী ও অবৈধ অভিবাসীদের দমনে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

এই উদ্দেশ্যে ‘কম্পানি রিপাবলিকেন ডি সেকিউরিট’ (সিআরএস)-এর ৫০ জন বিশেষজ্ঞ পুলিশ সদস্য নিয়ে একটি দল গঠন করা হয়েছে। এই দলটি পাচারকারীদের নতুন কৌশল মোকাবেলা করতে প্রস্তুত। বর্তমানে মানব পাচারকারীরা অপেক্ষাকৃত বড় আকারের ডিঙ্গি নৌকা ব্যবহার করছে এবং সেগুলো ফ্রান্সের উত্তর উপকূলের আরও পশ্চিম দিক থেকে সাগরে নামাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সদস্যদের বিশেষ জনশৃঙ্খলা রক্ষাকারী ক্ষমতা প্রদান করা হয়েছে। তারা প্রয়োজনবোধে টিয়ার গ্যাস, ডিসপারসাল গ্রেনেড, ওয়াটার ক্যানন এবং রাবার বুলেটের মতো দাঙ্গা দমন সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। উচ্চপর্যায়ের কোনো সহিংস পরিস্থিতির সম্মুখীন হলে আগাম সতর্কতা ছাড়াই তাৎক্ষণিক বলপ্রয়োগ করার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে তাদের কমান্ডারদের।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাচারকারী চক্রের ক্রমবর্ধমান সহিংসতা, সমুদ্র সৈকত দিয়ে বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশের চেষ্টা এবং অস্ত্র বা পাথর ব্যবহারের মতো আক্রমণাত্মক কৌশল বানচাল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই ৫০ জন কর্মকর্তা ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে এই অঞ্চলের বিশেষ দাঙ্গা পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়াবে। তারা বর্তমানে সেখানে নিয়োজিত ১,০৫০ জন ফরাসি জেন্ডারমে ও সাধারণ পুলিশের বাইরে কাজ করবেন। উল্লেখ্য, যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের সঙ্গে চলতি বছরের শুরুর দিকে স্বাক্ষরিত ৬৬ কোটি ২০ লাখ পাউন্ডের চুক্তির আওতায় উক্ত ১,০৫০ জন সদস্যের অর্থায়ন করছে যুক্তরাজ্য।

বর্তমানে দায়িত্বরত ১,০৫০ জন সদস্যের মধ্যে রয়েছে ৫০ সদস্যের স্থায়ী সিআরএস দাঙ্গা ইউনিট, ৭৫ সদস্যের একটি বিশেষ মাইগ্রেশন ইউনিট এবং একটি এলিট মেরিন টিম। এই মেরিন টিমটি গত বসন্ত থেকে এখন পর্যন্ত সমুদ্রে পাচারকারীদের অন্তত ১৫টি 'ট্যাক্সি বোট' পথরোধ করেছে, যার অনেকগুলোই সৈকতে অভিবাসীদের তোলার আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছিল।

অতিরিক্ত ৫০ জন দাঙ্গা পুলিশ সদস্য মূলত সেই সব 'লাল চিহ্নিত' দিনে মোতায়েন থাকবেন, যেসব দিনে আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতি নৌকা পারাপারের জন্য সবচেয়ে সুবিধাজনক থাকে। সাধারণত বছরে এ ধরনের আবহাওয়া বছরের মোট দিনগুলোর প্রায় এক-তৃতীয়াংশ হয়ে থাকে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, "নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত ৫০,০০০-এরও বেশি অবৈধ পারাপারের চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং অভিবাসীদের আগমনের সংখ্যাও উল্লেখজনকভাবে কমেছে। চ্যানেলের উভয় পাড়ের যৌথ প্রচেষ্টা ইতিবাচক প্রভাব ফেলছে।"

তিনি আরও যোগ করেন, "পুলিশের প্রতিটি প্রতিরোধই এই অবৈধ ব্যবসার পেছনে থাকা পাচারকারীদের জন্য একেকটি বড় ধাক্কা। তবে আমরা এতেই আত্মতুষ্ট হয়ে বসে থাকছি না। আমরা এসব অপরাধী চক্রের পেছনে লাগাতার তাড়া চালিয়ে যাব এবং ছোট নৌকার অবৈধ অনুপ্রবেশ বন্ধ করব।"

চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ২১,০০০ অভিবাসী সমুদ্রপথে যুক্তরাজ্যে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের (৩৫,২৫৮ জন) তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কে ২০২০ সালের পর থেকে সবচেয়ে কম গ্রীষ্মকালীন অনুপ্রবেশের সময় হিসেবে চিহ্নিত করেছে।

সম্প্রতি ২৮ সেপ্টেম্বর বেলজিয়াম থেকে ছেড়ে আসা একটি ট্যাক্সি বোট মাঝসাগরে ফরাসি পুলিশ আটক করে এবং দুই নৌচালককে গ্রেপ্তার করে। এছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে নৌকার আরও তিন যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২২ সেপ্টেম্বর, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে একটি ভ্যান গাড়ি চিহ্নিত করে ফরাসি পুলিশ। গাড়িটি ছোট নৌকার সরঞ্জাম নিয়ে উপকূলের দিকে যাচ্ছিল। নিরাপত্তা বাহিনী গাড়িটি আটকে চালককে গ্রেপ্তার করে এবং ভেতরের সব সরঞ্জাম বাজেয়াপ্ত করে।

একই দিনে ফরাসি নিরাপত্তা বাহিনী সৈকতের দিকে রওনা হওয়া প্রায় ১০০ জন অভিবাসীর একটি দলকে নজরদারিতে রাখে। দলটি যে নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছিল, পুলিশ সদস্যরা তা অকেজো করে দেয়। ফলে ঝুঁকিপূর্ণ একটি গণ-যাত্রার চেষ্টা ভেস্তে যায় এবং অনেক মানুষের জীবন রক্ষা পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, ১৫ হাজার যাত্রী বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ঢাকা থেকে সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, ১৫ হাজার যাত্রী বিপাকে

ঢাকা থেকে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে। বাতিল হওয়া এসব ফ্লাইটে যাত্রী ছিলেন ১৫ হাজার ৩৯৩ জন। যাত্রীদের মধ্যে বিশেষ করে ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা বেশি বিপাকে পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বুধবার (১৪ অক্টোবর) এক বার্তায় জানায়, বাতিল বা স্থগিত হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স বিকল্প বিমানবন্দরের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে। এ জন্য বিনামূল্যে টিকিট পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে, বিকল্প ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এ সুবিধা মিলছে। ফলে, টিকিট পরিবর্তন করেও অনেকে তাৎক্ষণিকভাবে যাত্রা নিশ্চিত করতে পারছেন না।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দায় সরাসরি এবং ট্রানজিটের মাধ্যমে ফ্লাইট চলাচল করে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলও ব্যাহত হচ্ছে। সেখানে অনেক ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে।

এই পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে। তবে, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহের শুরুতে ফ্লাইট চলাচল কিছুটা ব্যাহত হলেও বর্তমানে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ চলছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, এয়ারলাইন্সগুলো টিকিটের প্রাপ্যতা সাপেক্ষে রিয়াদ ও দাম্মামের যাত্রীদের মদিনা ও জেদ্দা বিমানবন্দরে নেওয়ার ব্যবস্থা করছে। এতে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি হলেও নতুন রুটে আসনসংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষের দিকে, তাদের বিনামূল্যে টিকিট পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিমানের কোনো ফ্লাইটে আসন খালি না রাখার চেষ্টা করতে গিয়ে কখনো কখনো ওভারবুকিংয়ের পরিস্থিতিও তৈরি হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, ইমিগ্রেশন পার হওয়ার পরও কয়েকজন যাত্রীকে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে। তবে, পরবর্তী ফ্লাইটে তাদের আবার সৌদি আরবে পাঠানো হচ্ছে।

এয়ারলাইন্স-সংশ্লিষ্টরা বলছেন, টিকিট পরিবর্তনের পুরো প্রক্রিয়া বিকল্প ফ্লাইটে আসন খালি থাকার ওপর নির্ভর করছে। কারণ, এসব রুটে আগে থেকেই যাত্রীদের বুকিং রয়েছে। ফলে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নতুন করে আসন দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা কর্মীদের জন্য দ্রুত বিকল্প ফ্লাইট নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরে সেনাবাহিনীর সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরে সেনাবাহিনীর সহায়তা

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের পক্ষ থেকে রাঙামাটির লংগদু উপজেলার দুরছড়ি বাজারে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির পরিদর্শন করা হয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাসদস্যরা মন্দিরটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্দিরে পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা উদ্‌যাপনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

পূজার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে লংগদু জোনের পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সহযোগিতার জন্য মন্দির পরিচালনা কমিটির সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, পুলিশ গ্রেপ্তার ২ ছিনতাইকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, পুলিশ গ্রেপ্তার ২ ছিনতাইকারী

রাজধানীর উত্তরা পশ্চিম থানার এলাকা থেকে পুলিশ দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের হেফাজতে ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের নাম হলো মো. সালা উদ্দিন সুমন (৪৮) এবং মো. নুরুল হক ওরফে সোহাগ (৩০)।

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি উল্লেখ করেন, মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগী শামসুল ইসলাম রিকশায় করে উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতপরিচয়ের চালকসহ ৩/৪ জন ব্যক্তি তার রিকশার সামনে এসে গতিরোধ করে। এরপর তারা ভিকটিমকে কিল-ঘুষি মেরে আহত করে এবং ধারালো চাকুর ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

এই ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%