০৬:০৬ পি.এম
রাশিয়া ৩ হেক্টর জায়গায় ক্রিকেট পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে।
ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগে মনোযোগ দিচ্ছে রাশিয়া। দেশটির রাজধানী মস্কোয় একটি নতুন ক্রিকেট স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা করছে রাশিয়ান ক্রিকেট ইউনিয়ন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন
মস্কোর একটি পার্কে এই নতুন স্থাপনা তৈরির পরিকল্পনা রয়েছে। এই ধরনের উদ্যোগ রাশিয়ায় ক্রিকেটের বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ান ক্রিকেট ইউনিয়নের পরিকল্পনার পাশাপাশি, মস্কো ক্রিকেট ফেডারেশনও খেলাটির জন্য প্রয়োজনীয় স্থায়ী অবকাঠামো তৈরি করতে কাজ করছে। ফেডারেশনের ২০২৫-২০২৯ উন্নয়ন কর্মসূচিতে একটি মানসম্মত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ৩ হেক্টর জায়গার মধ্যে ১ হেক্টর খেলার জন্য এবং বাকি ২ হেক্টর দর্শনার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের জন্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: এডিনবরার ডাচেস বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সময় কাটালেন
মস্কো ক্রিকেট ফেডারেশন জানায়, এই ধরনের স্থাপনা তৈরি হলে সপ্তাহে অন্তত পাঁচ দিন বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ প্রদান, দলগুলোকে অনুশীলন ও ম্যাচের জন্য মাঠ সরবরাহ এবং মৌসুমজুড়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।
রাশিয়ায় ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে স্কুল, বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক পর্যায়ে কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। মস্কো ক্রিকেট ফেডারেশন স্থানীয় দলের জন্য প্রশিক্ষণ, কোচ ও আম্পায়ার তৈরির কোর্স এবং নতুন সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন