ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ


বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়ার কারণে এক নারী এবং তার ছেলেকে মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় মোছাঃ মমতাজ বেগম (৬০) বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, মমতাজ বেগম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িয়াপাড়া পদমদি এলাকায় তার পরিবারসহ বসবাস করেন। অভিযুক্ত যুবকরা হলেন প্রাবন (১৯) এবং রানা (১৯), যারা তার প্রতিবেশী।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বাড়ির পাশে ইসহাকের জায়গায় খালের মধ্যে মমতাজ বেগমের পাট জাগ দেওয়া ছিল। পাট ধোয়া এবং বিক্রি হয়ে যাওয়ার পর তিনি পাটখড়ি বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুন: ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি

অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৬ আগস্ট দুপুরে অভিযুক্তরা তার বাড়িতে এসে ছেলেকে ডেকে পাটখড়ি দাবি করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইট, সুপারি গাছের কাঠ ও বাঁশ দিয়ে তার ছেলের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মমতাজ বেগমকেও চড়-থাপ্পড় মারার এবং পরে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে। এতে তার বাম হাতের আঙুল কেটে যাওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে পুত্রবধূ ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছেন মমতাজ বেগম। তিনি বালিয়াকান্দি সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কথা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অদ্য রবিবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মায়ের দোয়া বেকারী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিলো।

 

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

 

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদনে পুলিশের অভিযানে দুই পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া , নেত্রকোনা জেলা প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


মদনে পুলিশের অভিযানে দুই পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের পৃথক অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন—মদন উপজেলার ৩ নং মদন ইউনিয়নের বারবুড়ী গ্রামের মানিক মিয়ার ছেলে মোশাহিদ (২৮) এবং কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত হেলিম ভূইয়ার ছেলে মো. জামাল ভূইয়া ওরফে জাপান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মোশাহিদের বিরুদ্ধে ২০২৫ সালের ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মদন থানায় একটি মামলা করা হয়। মামলায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সাধারণ মানুষকে আটকে রাখা, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চুরি ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলা হওয়ার পর তিনি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। পরে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মো. জামাল ভূইয়া ওরফে জাপানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মচারীর ওপর হামলার অভিযোগ রয়েছে। চলতি বছরের ৫ জুন রাত ১২টা ১০ মিনিটে মদন থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া, বলপ্রয়োগ করে গুরুতর আহত করা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ মামলায়ও তিনি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর নজরদারি ও অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আদালতের পরোয়ানা তামিলের অংশ হিসেবে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগ ও জিআর পরোয়ানার ভিত্তিতে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে রবিবার (২০ সেপ্টেম্বর) যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী (মধু পালবাড়ী) এলাকায় আরিফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও গাছ কাটাসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগকারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মধু পালবাড়ী এলাকার মৃত শাহ আলীর ছেলে আরিফের বিরুদ্ধে প্রতিবেশীদের জমি দখলের চেষ্টা ও বিরোধকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
স্থানীয় রইচ উদ্দিন মেকারের পরিবারের সদস্যদের অভিযোগ, জীবিত অবস্থায় রইচ উদ্দিন তার স্ত্রীকে ৫ শতাংশ এবং একমাত্র মেয়ে রোমানাকে ৮ শতাংশ জমি লিখে দেন। পরে রইচ উদ্দিন মারা গেলে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। মেয়ে রোমানা চিকিৎসার জন্য মাকে স্বামীর বাড়িতে নিয়ে যান। এ সুযোগে বাড়িতে কেউ না থাকায় পার্শ্ববর্তী আরিফ তাদের বসতঘর দখলের চেষ্টা করেন এবং জমিতে থাকা একটি কাঁঠালগাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে রোমানা বাড়িতে গিয়ে তার জায়গায় ঘর নির্মাণের কাজ দেখতে পান। এ সময় আরিফের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ওই জায়গা নিজের বলে দাবি করেন বলে রোমানার অভিযোগ। এ নিয়ে রোমানা ও তার স্বামী এরশাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফের লোকজন এরশাদকে মারধর করে এবং সেখানে আর না আসার জন্য হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন তারা। এঘটনায় এরশাদ বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে রোমানা প্রতিবেশী নজরুলের কাছে জমি বিক্রির জন্য বায়না করে টাকা নিয়েছেন বলে জানা গেছে। নজরুলের অভিযোগ, জমি কেনার জন্য তিনি বায়নাপত্র করলেও আরিফ তাকে জমি না কেনার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন। তার নামেও থানায় অভিযোগ করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
নজরুল বলেন, তিনি পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। জমি কেনার জন্য বৈধভাবে বায়না করলেও তাকে ওই জমি না কেনার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয় মাজহারুল ইসলাম অভিযোগ করেন, রইচ উদ্দিনের বাড়ির সঙ্গে তার প্রায় ১০ শতাংশ জমিও আরিফ দখল করে রেখেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধেও মারামারির অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ‘‘আমি কোনো অন্যায় করিনি। জমি দখলের প্রতিবাদ করায় উল্টো আমাকে হয়রানি করা হচ্ছে।’’
অন্যদিকে, আরিফের বিরুদ্ধে মাজহারুল ইসলামের কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। মাজহারুলের দাবি, জমি কেনার কথা বলে আরিফ তার কাছ থেকে ওই টাকা ধার নেন এবং তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্ধারিত সময় পার হওয়ার পর টাকা ফেরত না দিয়ে আরিফ একটি চেক দেন বলে অভিযোগ করেন মাজহারুল।
মাজহারুল জানান, তিনি ব্যাংকে চেক জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে ব্যাংক থেকে লিখিত প্রমাণ পাওয়ার পর তিনি আদালতে চেকসংক্রান্ত মামলা করেন। মামলা করার পর সেটি প্রত্যাহারের জন্য আরিফ ও তার লোকজন তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাজহারুল। পরবর্তী সময়েও মামলা প্রত্যাহারের জন্য চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, আরিফ এলাকায় মাদক সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, মাদক, জমি নিয়ে বিরোধ, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে কারও জমি জবরদখল হয়ে থাকলে তা উদ্ধার এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগগুলোর বিষয়ে আরিফের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং পালবাড়ী এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে বসতঘর ভাঙচুর ও রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ভৈরবে বসতঘর ভাঙচুর ও রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন

বাঁশ-কাঠ-টিনের বেড়া দিয়ে ৩ পরিবারকে ‘অবরুদ্ধ’ রাখার অভিযোগ; ঘরের চাল ও টয়লেট ভাঙচুরের দাবিও
কিশোরগঞ্জের ভৈরবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বাঁশ, কাঠ ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া এবং বসতঘরের চালের টিন ও টয়লেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চণ্ডিবের এলাকার হাজী আব্দুর রহিম, মাহমুদুল হাসান রনি ও শফিফুল ইসলাম গংয়ের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মিন্নত আলী।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে মিন্নত আলী ও তাঁর পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিন্নত আলী বলেন, ভৈরব পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকায় তাঁদের পৈতৃক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি এখনো ভাই-বোনদের মধ্যে বণ্টননামার মাধ্যমে ভাগ হয়নি। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে মাহমুদুল হাসান রনি ওই সম্পত্তির জমি কিনে নেন।
মিন্নত আলীর দাবি, জমি কেনার পর থেকেই তাঁর ও তাঁর বড় ভাইয়ের পরিবারের সঙ্গে হাজী আব্দুর রহিম, মাহমুদুল হাসান রনি ও শফিফুল ইসলাম গংয়ের বিরোধ শুরু হয়। একপর্যায়ে তাঁদের বাড়িতে যাতায়াতের রাস্তা বাঁশ, কাঠ ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এতে তিনি, তাঁর বড় ভাইসহ তিনটি পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না বলে অভিযোগ করেন।
তিনি বলেন, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারের সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে বাইরে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে।
মিন্নত আলী আরও অভিযোগ করেন, রাস্তা বন্ধের ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করে। তবে পুলিশ চলে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, এরপর প্রতিপক্ষের লোকজন তাঁর বসতঘরে ভাঙচুর চালায়। ঘরের চালের টিন খুলে ফেলা এবং টয়লেট ভেঙে দেওয়ারও অভিযোগ করেন তিনি। তাঁর ও তাঁর বড় ভাইয়ের প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়েই এসব করা হয়েছে বলেও দাবি করেন মিন্নত আলী।
তিনি আরও দাবি করেন, আদালতের রায় থাকা সত্ত্বেও তাঁদের বসতঘর ও স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। তবে সংবাদ সম্মেলনে ওই আদালতের রায়ের বিস্তারিত বিষয় বা নথিপত্র উপস্থাপন করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ভাঙচুরের পর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মিন্নত আলী। তাঁর দাবি, থানায় অভিযোগ করার পর প্রতিপক্ষের লোকজন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে তিনি, তাঁর বড় ভাইসহ তিনটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান।
মিন্নত আলী বলেন, “আমরা আইনের আশ্রয় নিয়েছি। এরপরও যদি বাড়ির রাস্তা বন্ধ থাকে এবং বসতঘর ভাঙচুর করা হয়, তাহলে আমরা কোথায় যাব? বর্তমানে আমি, আমার বড় ভাই ও আমাদের পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”
সংবাদ সম্মেলনে মিন্নত আলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের আইনগত ও সুষ্ঠু সমাধান, বন্ধ করে দেওয়া চলাচলের রাস্তা দ্রুত উন্মুক্ত করা, বসতঘর ও স্থাপনা ভাঙচুরের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিকানা ও অংশীদারত্ব আইন অনুযায়ী নির্ধারণ করে তাঁদের প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়ারও দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%