ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

অন্যদের সুযোগ করে দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি


অন্যদের সুযোগ করে দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল লিওনেল মেসির শুরুর একাদশে না থাকা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, বেঞ্চে বসার সিদ্ধান্তটি ছিল মেসির নিজের। অধিনায়ক চেয়েছিলেন অন্য সতীর্থরা মাঠে নামার সুযোগ পাক এবং তিনি নকআউট পর্বের আগে সতেজ থাকতে পারেন।

স্কালোনি বলেন, ‘আজ মেসি চাইলে পুরো ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, চাইলে নিজের গোলসংখ্যাও বাড়াতে পারত। কিন্তু সে চেয়েছে অন্যরা খেলুক, যেন সবাই আগামী ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে পারে। এটাই তার মহত্ত্ব। মানুষ যেখানে রেকর্ড আর পরিসংখ্যান নিয়ে ব্যস্ত থাকে, লিও সেখানে দলকেই সবার আগে রাখে।’

আরও পড়ুন: মুস্তাফিজ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলার প্রস্তাব পেয়েছেন

যদিও শুরুতে মাঠে নামেননি, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেই নিজের ছাপ রাখেন মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার জয়কে আরও স্বস্তিদায়ক করে তোলেন তিনি।

গ্রুপ পর্ব শেষ করে এবার রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছেন না স্কালোনি।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘কেপ ভার্দে অসাধারণ একটি দল। গ্রুপ পর্বে তারা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব—প্রতিটি দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা দ্রুতগতির, সংগঠিত এবং মানসম্মত ফুটবল খেলে। এই বিশ্বকাপে কাউকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।’

জর্ডানের বিপক্ষে ম্যাচটি স্কালোনি ব্যবহার করেছেন মূলত স্কোয়াডের গভীরতা যাচাইয়ের জন্য। নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় চমক ছিল মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওসকে রাইটব্যাক হিসেবে খেলানো।

আরও পড়ুন: আশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ, কাজাখস্তানের বিরুদ্ধে লড়াই করবে

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এই পজিশনে আমাদের বিকল্প তৈরি রাখা প্রয়োজন। নাহুয়েল মলিনাকে বিশ্রাম দিয়েছি, কারণ সে দীর্ঘ বিরতির পর ফিরেছে। আর গঞ্জালো মন্তিয়েলকে নিয়েও ঝুঁকি নিতে চাইনি। নকআউট পর্বের আগে নতুন বিকল্প পরীক্ষা করার জন্য এটিই ছিল আদর্শ ম্যাচ.’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরে ডেঙ্গু শনাক্ত হলেও মৃত্যু হয়নি: চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


চলতি বছরে ডেঙ্গু শনাক্ত হলেও মৃত্যু হয়নি: চসিক মেয়র

চলতি বছরে চট্টগ্রাম নগরীতে এখন পর্যন্ত ১৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র বলেছেন, নগরবাসীকে বাসাবাড়ি, ছাদ, টব, এসির ট্রে, নির্মাণাধীন ভবন, টায়ার ও অন্যান্য স্থানে পানি জমতে দেওয়া যাবে না।

অন্যদিকে, নগরীর ৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকাগুলোতে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আধুনিক বিটিআই প্রযুক্তি ও কার্যকর লার্ভানাশক ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের অভিযান আরও জোরদার করা হয়েছে।

রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, নগরীর ৪১টি ওয়ার্ডের সাতটি ইপিআই জোনের আওতায় ১ হাজার ৩২১টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৯২ হাজার শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে। জন্মের প্রথম ছয় মাস শিশু মায়ের দুধ থেকেই প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ পেয়ে থাকে।

এছাড়া, গত চার থেকে ছয় মাসের মধ্যে যারা ভিটামিন ‘এ’ গ্রহণ করেছে, তাদের পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না। নিয়মিত কেন্দ্রগুলোর পাশাপাশি ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথশিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যাতে কোনো শিশুই এই কর্মসূচির বাইরে না থাকে। মেয়র অভিভাবকদের নির্ধারিত নির্দেশনা মেনে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইমাম হোসেন রানা। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের চিফ ফিল্ড অফিসার মিসেস মাধুরী ব্যানার্জী, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা বেগম ও ডা. তপন কুমার চক্রবর্তী, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের নিউট্রিশন অফিসার ডা. উবা সুই চৌধুরী, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি শিক্ষকদের বিষয়ে সংসদে যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


কারিগরি শিক্ষকদের বিষয়ে সংসদে যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৫ হাজার ৮৪৪টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি শিক্ষক পদ শূন্য রয়েছে।

উল্লেখ্য, তিনি রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বৈঠকে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উভয় সংসদ সদস্যের লিখিত পৃথক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

প্রশ্নোত্তর পর্বে এহছানুল হক মিলন আরো বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৭ হাজার ৭৪ জন কর্মরত আছেন। তাহলে বোঝা যায় যে ৮ হাজার ৪৮৬টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (১০ম গ্রেড) পদে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিসিএস (ক্যাডার ও নন-ক্যাডার) পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ইতোমধ্যে ২ হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ চেয়ে পিএসসিতে রিকুইজিশন পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৪৫তম বিসিএসে পিএসসি ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। তবে, পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হবে।

এহছানুল হক মিলন আরও বলেন, পদোন্নতির মাধ্যমেও শূন্য পদ পূরণ করা হয়ে থাকে। কিন্তু, ধারণা করা হচ্ছে যে পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি শিক্ষক ও কর্মচারীর পদে কর্মরত জনবল না থাকায় সেসব পদে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান

বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, তিনি কালকে বললেন যে, বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, মানুষ যেন বিড়ি না খায়, নেশাদব্য না খায়, মদ না খায়—সেজন্যই প্রধানমন্ত্রী দাম বেশি করেছেন। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল। জাকাত চালু করতে হবে।

জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই।

মুজিবুর রহমান বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন, তখন মনে হয় যে কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না—জাকাত শব্দ এখানে উচ্চারণ করেছেন।

ঋণনির্ভরতা নিয়েও আপত্তি জানান জামায়াতের এই সংসদ সদস্য। জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ঋণ করা যাবে; কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।

ঋণ করে রাষ্ট্র চালানোর সমালোচনা করে মুজিবুর বলেন, ফকিরি করে দেশ চালানো যাবে না। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন

বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সুইজারল্যান্ড বাংলাদেশি জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও জানান, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ধারাবাহিক সহযোগিতা প্রদান করবে বলেও জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মন্ত্রী।

বৈঠকে চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই সংকটের কারণে অনেক বাংলাদেশি কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করেছে। তবে এটিকে আরও শক্তিশালী করতে জনবল চাহিদা ব্যবস্থাপনা, মেডিকেল সেন্টার সংযুক্তকরণ, জব পোর্টাল উন্নয়ন এবং একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ চালুর ক্ষেত্রে সুইজারল্যান্ডের কর্মমুখী ও কারিগরি সহযোগিতা কামনা করেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী। সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতের মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এছাড়া তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডের বৃত্তির সুযোগ বৃদ্ধি নিয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডের মাইগ্রেশন ও প্রটেকশনের আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙার, আঞ্চলিক প্রোগ্রাম ব্যবস্থাপক নাজিয়া হায়দারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%