০৪:৪৮ পি.এম
উত্তরবঙ্গের শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্ত এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রাজশাহী।
এই বিশেষ কর্মসূচিটি আগামী ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে এবং প্রতিদিনের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চীনের বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বিশেষজ্ঞরা মিলিতভাবে শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।
মঙ্গলবার ২১ জুলাই বেলা সাড়ে ১১টার সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্যগুলো তুলে ধরেছেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নান।
আরও পড়ুন: বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা, ভ্যানচালককে মারধরের অভিযোগ
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, চীনের FUWAI YUNNAN CARDIOVASCULAR HOSPITAL, CHINESE ACADEMY OF MEDICAL SCIENCES (FYCH)-এর সাত সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং এনআইসিভিডি পরিচালকের সমন্বয়ে উল্লিখিত চিকিৎসক দলের কাজ হবে ৩ থেকে ১৮ বছর বয়সের শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা। ২১ জুলাই পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ২ হাজার ৮০০-এর বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের হৃদরোগের তীব্রতা ও জটিলতা নির্ধারণ করে তাৎক্ষণিক চিকিৎসা দেবে এবং প্রয়োজন হলে রোগীদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা অথবা উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরে হাসপাতালটি ওষুধ, ক্যাথল্যাব যন্ত্রপাতি, ডায়াগনস্টিক ল্যাব রিএজেন্ট ও মেডিকেল ইকুইপমেন্ট কেনার জন্য সরকারি বরাদ্দে ১ কোটি ৬০ লাখ টাকা পেয়েছে। এর মধ্যে প্রায় ৪১ লাখ টাকার ওষুধ দরিদ্র রোগীদের বিনামূল্যে প্রদান করা হবে। নতুন ক্যাথল্যাব যন্ত্রপাতির মাধ্যমে অন্তত ১০০ জন গরিব রোগী ৫০ শতাংশ ছাড়ে এবং ৫০ জন দরিদ্র রোগী সম্পূর্ণ বিনামূল্যে এনজিওগ্রামের সুবিধা পাবেন। এই নতুন ল্যাব রিএজেন্ট ব্যবহারের ফলে হৃদরোগসংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফি ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে।
লিখিত বক্তব্যে সভাপতি আব্দুল মান্নান বলেছেন, হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ভবিষ্যতে সরকারি বরাদ্দ ১০ কোটি টাকায় উন্নীত করা গেলে আরও বেশি দরিদ্র ও প্রান্তিক মানুষ সরাসরি বিনামূল্যে অথবা স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। ফলে তাদের চিকিৎসা ব্যয় কমবে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি জানিয়েছেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের জন্য স্বল্প খরচে উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি বরাদ্দের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন হাসপাতালের পরিচালক (মেডিকেল) অধ্যাপক ডা. রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, প্রশাসনের মহাপরিচালক অধ্যাপক ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, নির্বাহী সদস্য এনামুল হকসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন: ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন