মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৬ এম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নতুন কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বড়ছড়াস্থ কার্যালয়ে গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ খসরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামসুল হক।
সভায় সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট আপিল বোর্ড কমিটি গঠন করা হয়েছে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি রাখাব উদ্দিনকে সদস্য করা হয়েছে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দারকে আপীল বোর্ডের সভাপতি,ফেরদৌস আলম আখঞ্জি ও ডা. শামসুদ্দিনকে সদস্য করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাদল মিয়া,যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল সদস্য একেএম নাসের উজ্জ্বল প্রমুখ ।
এছাড়াও সভায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এর পাশাপাশি বাগলী আমদানিকারক গ্রুপের সভাপতি মোঃ কামাল হোসাইন,সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং চারাগাঁও শাখার সভাপতি হাজী আব্দুস সামাদ,ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলম বলেন, সভায় কয়লা আমদানি ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের ১২টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা বিদ্যমান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত নোয়াখালীর হাতিয়ায় রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনা চলাকালীন জামায়াত আমির এই দোয়া করেন। এসআরবি বিল ২০২৬ এর রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে জামায়াত আমির বক্তব্যের শুরুতে বলেন, ‘আপনার মধ্যে একটা রুহানি তাজল্লি আছে।’
এরপর বিলটির রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাগর যেমন মহান, উদার এবং বিশাল- উনি আলহামদুলিল্লাহ, এর কিছু আসর পড়ার কারণে উনি দুই দিন থেকে চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন, এজন্য উনাকে মোবারকবাদ।’
দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে শফিকুর রহমান বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’
অন্যদিকে, সংসদের নিজ আসনে বসা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আমিন বলে মুখে হাত বুলাতে দেখা গেছে।
এদিকে, জামায়াত আমির শুধু প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি। র্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠন করা হলে বিরোধী দলের অবস্থানও স্পষ্ট করেন।
শফিকুর রহমান বলেন, আমি আবারও বলছি, ভেরি সিনসিয়ারলি বলছি, আমার এটা সিনসিয়ার সাবমিশন যে যদি এই ধরনের কোনো স্পেশালাইজড ফোর্স গঠন করার জাতির স্বার্থে প্রয়োজন হয়, আমরা বাধা দেব না, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, কিন্তু এই বিষয়টা কনভিন্স হয়ে করা দরকার। কারণ একবার আমাদের চুন খেয়ে গাল ঘা হয়েছে, এখন দই দেখলেও ভয় লাগে। সে ভয়ের জায়গাটা শুধু বিরোধী দলের না, গোটা জাতির। জাতি ট্রমাটাইজড।
অতীতে র্যাবের মাধ্যমে হওয়া মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, র্যাবের দ্বারা মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। নারায়ণগঞ্জের আট খুনের মামলা এর জ্বলন্ত প্রমাণ। আরও যে কত কাণ্ড ঘটেছে এর ভুক্তভোগী আমরা সবাই।
তিনি আরও বলেন, আমি খুবই খুশি হব, প্রাগম্যাটিক্যালি ‘বাস্তবধর্মীভাবে, ব্যবহারিক দিক বিবেচনা করে’ এটাকে আরেকটু ডেফার করে, আরেকটু স্টাডি করে এই বিলটাকে আগামী সপ্তাহে আনুন। এই সংসদে বিল যদি পাশ না-ও হয়, আমরা কনভিন্স হয়ে আগামীতে আরও ভালো কিছু করতে পারব, আমি আশাবাদী। এই সংসদ মজলুমের সংসদ, মজলুমরা বড় ভয় পায়। জুলুমের কথা স্মরণ হলে এখনো অনেকে ঘুমাতে পারে না।
সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, আরমানের বাচ্চারা ও ফিরে আসার এক বছর পর্যন্ত, তার কাছে আসতে ভয় পেত। এরকম শুধু আরমান না, আরও অনেকেরই এই অবস্থা। সালাউদ্দিন কাদের চৌধুরীর (হুম্মাম কাদের) ছেলের একই অবস্থা।
তিনি বলেন, আমরা এটাকে (বিল) ভালোভাবে করি। হে রাব্বুল আলামিন, তুমি তার (সালাহউদ্দিন আহমদ) দিলটাকে বড় করে দাও।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও হাসিমুখে প্রতিক্রিয়া জানান। তিনি বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের উদ্ধার করা হয়। এই ঘটনার ফলে টানেলের ভেতরে আরো অনেকে জীবিত থাকতে পারেন, এমন আশাবাদ তৈরি হয়েছে।
উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন প্রকল্পের যান্ত্রিক বিভাগের ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক বিভাগের সুপারভাইজার কবির মহার্জন। শুক্রবার এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নেউপানে। তিনি ২৬ আগস্ট থেকে বন্যার পর উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন।
নেউপানে জানান, প্রথমে সঞ্জয় সাহকে উদ্ধার করা হয় এবং পরে কবির মহার্জনকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, টানেলের ভেতরে আরো কয়েকজন থাকতে পারেন—এমন তথ্য পাওয়ার পর উদ্ধারকারীরা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।
এর আগে টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনার পর উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে। উদ্ধারকারীরা ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন।
কণ্ঠস্বর শোনার পর নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী টানেলের ভেতরে পৌঁছানোর প্রচেষ্টা আরো জোরদার করে।
নেউপানে বলেন, ‘উদ্ধারকারী দল ভেতরে থাকা লোকজনকে ডাক দিয়ে বলেছিল, ‘আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।’ এরপরে টানেলের ভেতর থেকে জবাব আসে, ঠিক আছে।’
পরে তিনি জানান, টানেলের ভেতরে একাধিক ব্যক্তি আটকা পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা।
গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ত্রিশূলী নদীর উপত্যকা ব্যাপকভাবে প্লাবিত হয়। এতে ১ হাজার ২৫২ জন নিহত হন। বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প এবং গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
বন্যার পর থেকে দুর্গম ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উদ্ধারকারী দলগুলো টানেলসহ বিভিন্ন স্থাপনায় আটকা পড়া ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের কলকাতায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বেশ কিছু আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে চিকিৎসা ও অন্যান্য কারণে কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের আবাসন নিয়ে সমস্যা হতে পারে। এই পরিস্থিতি এড়াতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন বাংলাদেশিদের সতর্ক করেছে যে, অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ উপহাইকমিশন এই সতর্কতা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাবিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।
এ অবস্থায়, কলকাতায় গিয়ে আবাসনসংক্রান্ত সমস্যায় পড়া এড়াতে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, হোটেলটি বর্তমানে চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কে আগে থেকে নিশ্চিত হয়ে নিতে বলা হয়েছে।
বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদের ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট হোটেলে কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত হয়ে কলকাতায় আসার পরামর্শ দেওয়া হয়েছে উপহাইকমিশনের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ