১০:২৮ পি.এম
রংপুরের পীরগঞ্জে সোহেল রানা নামের এক যুবককে অপহরণ করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত যুবকটিকেও উদ্ধার করা হয়েছে এ সময়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পীরগঞ্জ সদর এলাকার রাজা মিয়ার ছেলে জুয়েল মিয়া, সর্দারপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে খোকন এবং আনারুল ইসলামের ছেলে সাগর মিয়া।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে সোহেল রানা তাঁর চাচার ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান নিয়ে সর্দারপাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পীরগঞ্জ পৌরসভার ঈদগাহ মাঠের পেছনে পৌঁছালে, সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তাঁরা সোহেল রানার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জুয়েল মিয়ার বাড়িতে নিয়ে সোহেল রানাকে আটকে রেখে নির্যাতন করা হয়। একপর্যায়ে সিগারেটের আগুন দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এরপর তাঁর পরিবারের কাছে মুঠোফোনের মাধ্যমে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী সোহেল রানার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করার চেষ্টা শুরু করে। বারবার অবস্থান পরিবর্তন করায় দিনভর অভিযান চালানোর পর সন্ধ্যায় পীরগঞ্জ পৌরসভার বালুয়াহাট এলাকা থেকে সোহেল রানাকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সোমবার সোহেল রানা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন