মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি
০৫:৪৩ পি.এম
জামালপুরের নরুন্দি বাজার এলাকার বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ৯০০ কেজি (২২ দশমিক ৫ মণ) দুর্গন্ধযুক্ত ঘোড়ার মাংস ভ্রাম্যমাণ আদালত জব্দ করেছে। এই ঘটনায় ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে ছয় মাস করে এবং পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে নরুন্দি বাজারের মিরাপুর ঘাট এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়। পরবর্তীতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—জামালপুরের সরিষাবাড়ী থানার হানচারপাড় গ্রামের জুয়েল (৪০), টাঙ্গাইলের গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের শহীদ মিয়া (৪০), চরদোবাকান্দি গ্রামের আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুরের জাজিরা থানার বাটকুল গ্রামের রাসেল মিয়া (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পিকআপের চালক ও হেলপারকে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে জব্দ করা প্রায় ৯০০ কেজি ঘোড়ার মাংস বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী তুলশীরচর ইউনিয়ন থেকে মাংসের বস্তাগুলো নিয়ে একটি পিকআপ মিরাপুর ঘাট এলাকায় আসে। গাড়ি থেকে বস্তাগুলো নামানোর সময় মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পিকআপটি আটক করে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে। এ সময় গাড়িতে থাকা ১৩ বস্তা মাংস উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, জব্দ করা মাংসগুলো পিকআপে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্টের ইরান হামলার পর বিশ্বের অনেক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করছে, বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করেছে। ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ‘নির্বুদ্ধিতাপূর্ণ’। এই হামলায় বিরোধিতা করার মত কিছু নেই, তবে এটি বিশ্বে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে আরও উসকে দিয়ে চলেছে।
শনিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য প্রকাশ করে। রেজাই জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ কিংবা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চলা—কোনোটিই যুক্তরাষ্ট্রকে কোনো দেশ আক্রমণ করা থেকে বিরত রাখার নিশ্চয়তা দিতে পারছে না।
ইরানের এই নিরাপত্তা কর্মকর্তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনা ও কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি ইরানের সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিও ওয়াশিংটন লঙ্ঘন করেছে বলে তিনি দাবি করেন।
রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইরানকে নিজেদের সামরিক এবং কূটনৈতিক কৌশল নতুন করে সাজাতে হবে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও কূটনীতির ক্ষেত্রেও তেহরানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা প্রয়োজন।
তিনি আরো যোগ করেন, যুক্তরাষ্ট্রের আলোচনা থেকে সরে যাওয়া এবং ইরানের প্রতি দেওয়া অঙ্গীকার ভঙ্গের প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক নীতি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় মোহাম্মদ সাকিব (২২) হত্যা মামলায় প্রধান আসামি মো. ইমনসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মামলার বিভিন্ন আসামিদের গ্রেপ্তারের এই অভিযানটি হয়েছে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে। চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় হত্যায় ব্যবহৃত একটি দেশীয় তৈরি চায়নিজ কুড়াল ও একটি সুইচগিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন প্রধান আসামি মো. ইমন (২২), মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মো. সাকিব হোসেন (১৮), মো. আছমান (২৩) এবং মো. ফয়সাল (২৩)।
রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় র্যাব-৭-এর চান্দগাঁও মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭-এর কম্পানি কমান্ডার তৌহিদুল ইসলাম।
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, মৃত সাকিব চান্দগাঁও বিসিক এলাকার একটি ময়দার মিলে চাকরি করতেন। ঘটনার ৮ থেকে ১০ দিন আগে ইমন আদনান নামের এলাকার এক যুবকের মোবাইল ফোন জোরপূর্বক নিয়েছেন। সাকিব এর প্রতিবাদ করেন এবং স্থানীয়দের সহায়তায় ফোনটি আদনানকে ফিরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমন ও তাঁর সহযোগীরা সাকিবের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন।
গত ২০ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাকিব প্রতিবেশী নাবিল হাসান জিসানকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
অটোরিকশাটি চান্দগাঁও থানার মোহরা কামাল বাজার এলাকার লায়লা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে সেখানে অবস্থান নেওয়া ইমন ও তাঁর সহযোগীরা রিকশাটির গতিরোধ করেন।
এ সময় ইমন সাকিবের শার্টের কলার ধরে তাঁকে অটোরিকশা থেকে টেনে নামিয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এরপর তাঁর সহযোগীরাও সাকিবের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাকিবের বাবা মো. নজুম উদ্দিন বাদী হয়ে চান্দগাঁও থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ছয় থেকে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।
ঘটনার পর র্যাব-৭ ছায়াতদন্ত শুরু করে। পরে চট্টগ্রাম মহানগর, জেলা ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১, ২ ও ৩ নম্বর আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের যুদ্ধিক কর্মকাণ্ডের জন্য বিশ্বের অনেক দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জনের ভাবনা বেড়ে গেছে, মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মোহসেন রেজাই।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে পারমাণবিক অস্থিতিশীলতার একটি আবহ তৈরি হয়েছে।
এটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের মাধ্যমে রুশ বার্তা সংস্থা তাসের কাছে প্রকাশ হয়েছে।
রেজাই বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অনেক দেশকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে।
তাঁর মতে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্যপদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) কোনো দেশের নিরাপত্তাকে যুক্তরাষ্ট্রের হামলা থেকে রক্ষা করবে না- এমন ধারণা সৃষ্টি হওয়ার কারণে বিশ্বের পারমাণবিক অস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “ইরানের ওপর হামলার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবিবেচক কর্মকাণ্ডের প্রদর্শন করেছেন, তা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে আরও উসকে দিয়েছে।”
রেজাই জানিয়েছেন, যদি কোনো দেশ আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর অংশ হওয়ার পরও সামরিক হামলা থেকে নিরাপদ না থাকে, তাহলে অন্যান্য দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পারমাণবিক সক্ষমতা অর্জনে উদ্যোগী হতে পারে।
অন্যদিকে, ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন।
রেজাই বলেন, “আমেরিকানরা আলোচনা ও কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমনকি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেও তারা তা লঙ্ঘন করেছে।”
তার মতে, যুক্তরাষ্ট্রের এমন আচরণ আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমঝোতার ওপর আস্থা ক্ষতিগ্রস্ত করেছে। ফলে ভবিষ্যতে কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইলে নিজেদের নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতা নিয়ে নতুন করে চিন্তা করতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে মার্কিন প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তুলে রেজাই জানিয়েছেন যে, ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশলের পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, “আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিশ্রুতি লঙ্ঘনের পর আমাদের কূটনৈতিক কৌশলে সংস্কার আনতে হবে।”
রেজাইয়ের বক্তব্যে বোঝে আসছে যে, তেহরান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আরও সতর্ক এবং কঠোর অবস্থান নিতে পারে। একইসঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা কৌশল নতুন বাস্তবতার আলোকে পুনঃসংগঠনের প্রয়োজনও অনুভব করছে ইরান।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘসময় ধরে তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বিরোধ চলমান। ইরান বরাবরই বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।
এ হতাশার মাঝে, রেজাইয়ের সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র বিস্তার এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে উদ্বেগের সৃষ্টি করতে পারে। তার বক্তব্য মূলত এই বার্তাকেই তুলে ধরছে যে, তেহরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ কেবল ইরানকেই নয়, বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকেও আরও অনিশ্চিত করে তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনা, ২৩ আগস্ট, ২০২৬ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু ইট-পাথরের দালানকোঠা বা অবকাঠামোগত নির্মাণ নয়, এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে।
আজ রোববার দুপুরে জেলার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্গাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমাকে গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। উন্নয়ন বলতে আমি শুধু ভবন বুঝি না। যদি প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষার্থী বের হতে না পারে, তবে চারতলা ভবন দিয়ে কী হবে?’
এ সময় দুর্গাপুর ও কলমাকান্দার কয়েকটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক খারাপ ফলাফলে ক্ষোভ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সমন্বিত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেন।
শিক্ষার্থীদের মানবিক গুণাবলিতে গড়ে তোলার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার জাপানের শিক্ষাব্যবস্থার উদাহরণ উল্লেখ করেন।
সেখানে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার বদলে মানবিক মূল্যবোধ শেখানো হয় উল্লেখ করে তিনি শিক্ষকদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার অনুরোধ জানান।
এছাড়া কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার নেই বললেই চলে।
নারী শিক্ষার্থীদের ফলাফলের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, সাধারণ শাখায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জনের মধ্যে ২১ জনই নারী শিক্ষার্থী।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অঞ্চল থেকেই ভবিষ্যতে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের মতো যোগ্য নেতৃত্ব তৈরি হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্ববিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয়ের ‘হাউ মাচ ল্যান্ড ডাজ অ্যা মেন নিড?’ বইটি উপহার দেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ