০৭:৪৬ পি.এম
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিক মেহেদী হাসান গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় গাড়ি চালকের আসনে থাকা ১৭ বছর বয়সী কিশোরের জামিন আদালত নামঞ্জুর করেছে।
রোববার (৪ অক্টোবর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এদিন আইনজীবী আলমগীর হোসেন জামিনের জন্য অধিকতর শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরোধিতা করেন।
আরও পড়ুন: মন্ত্রিসভায় বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে মন্তব্য করেন, ‘এ ঘটনায় সে দ্রুততম সময়ে বের হয়ে গেলে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে।’
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।
ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর আইনজীবী আলমগীর হোসেন তার জামিনের জন্য আবেদন করেন। ওইদিন আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করা হয়।
গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এই দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সংসদীয় কমিটির বৈঠক: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির বিষয়ে লিখিত ব্যাখ্যা দাবি
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মেহেদী হাসান নিহতের ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন