০৬:৪২ পি.এম
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মন্তব্য করেছেন, দেশ ও সমাজের পরিবর্তন ঘটাতে হলে প্রত্যেককে নিজেদের ভূমিকা ও অবদান নিয়ে চিন্তা করতে হবে। তিনি উল্লেখ করেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি জাহিদ বলেন, ‘আমরা সবাই চাই দেশটা সুন্দর ও উন্নত হোক। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি—দেশকে উন্নত করার জন্য আমি কী করছি? আমার অবদান কী? দেশ ও সমাজের পরিবর্তনে আপনার অবদান কী—এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই।’
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই
বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সফল প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের ভোক্তার রুচি ও চাহিদা নিয়ে আগাম গবেষণা করে। তরুণ প্রজন্মের পছন্দ কিভাবে বদলাচ্ছে এবং ভবিষ্যতে তারা কী চাইবে—এসব বিবেচনায় নিয়ে পণ্য ও বাজার পরিকল্পনা করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশ ও বাজারগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে যুক্ত, তাই চিন্তাভাবনাকেও সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।
চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের দীর্ঘ ইতিহাসের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে, ফলে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছেও মানুষের প্রত্যাশা বেশি।
তিনি বলেন, ‘মানুষ চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। তাঁরা নতুন ধারণা নিয়ে আসবেন, নতুন কিছু সৃষ্টি করবেন। সৃষ্টিশীলতা আসতে হবে।’
পরিবর্তিত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়ীদের ক্রেতার চাহিদা, তরুণ প্রজন্মের রুচি ও ভবিষ্যৎ বাজার নিয়ে গবেষণার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, পালিয়ে যায় দুর্বৃত্তরা
জাহিদুল ইসলাম বলেন, সমাজের প্রতি নিজের অবদান কী, সেদিকে আমরা তাকাই না। শুধু বলি—ডিসি সাহেব এটা করেননি, এসপি এটা করেননি। এভাবে সমাজ পরিবর্তন হবে না।
কাঙ্ক্ষিত পরিবর্তন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন