বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২৯ পি.এম
সুনামগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা প্রশাসকের গণশুনানি সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সাপ্তাহিক এই গণশুনানির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান উপস্থিত থেকে আগত সাধারণ সেবাপ্রার্থীদের অভাব-অভিযোগ ও আবেদনের বিষয়গুলো শোনেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক সমস্যা এবং সহায়তার আবেদন জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান মনোযোগ সহকারে আগত সকলের বক্তব্য শোনেন। তিনি আবেদনকারীদের সমস্যাসমূহ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে তিনি তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
গণশুনানি শেষে জেলা প্রশাসক বলেন, "সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়া এবং তাদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সব সময় আন্তরিক।" তিনি উল্লেখ করেন যে, এ ধরনের গণশুনানি নাগরিকদের প্রশাসনিক বিভিন্ন সুবিধা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কানাডা ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জনগণের জন্য নতুনভাবে ১০ কোটি কানাডীয় ডলার সহায়তার ঘোষণা করেছে। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন।
ঘোষিত অর্থের মধ্যে ৮ কোটি কানাডীয় ডলার মানবিক সহায়তার জন্য ব্যয় করা হবে। বাকি ২ কোটি ডলার উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমে বরাদ্দ করা হবে। এর মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কানাডার বহুবছরের কর্মসূচিতে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে। কার্নি নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে গাজাতেও একই ধরনের প্রশিক্ষণ সম্প্রসারণের প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
কার্নি বলেন, গাজায় ফিলিস্তিনিরা ‘ব্যাপক মানবিক দুর্ভোগের’ মধ্যে রয়েছে। তিনি ইসরায়েলিদের হামাস ও ইরান এবং তাদের মিত্রদের কাছ থেকে আসা নিরাপত্তা হুমকির কথাও তুলে ধরেন। কানাডার নতুন সহায়তার লক্ষ্য হিসেবে তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখার কথা বলেন।
কানাডা জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর ফিলিস্তিনি বেসামরিক জনগণের জন্য দেশটির মোট সহায়তার অঙ্গীকার ৬০ কোটি কানাডীয় ডলারের বেশি হয়েছে।
এর আগে জুন মাসে কানাডা ফিলিস্তিনের জন্য আরো ১০ কোটি কানাডীয় ডলার আন্তর্জাতিক সহায়তা ঘোষণা করেছিল। সেই অর্থের বড় অংশ জরুরি চিকিৎসা, খাদ্য, পানি, স্যানিটেশন, আশ্রয় ও সুরক্ষা কার্যক্রমে ব্যয়ের পরিকল্পনা ছিল।
সূত্র: কানাডিয়ান প্রেস, কানাডা সরকার, আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির ধারা থেকে বেরিয়ে এসে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করলে সমাজে কোনো দুর্নীতি স্থান পাবে না। আপনারা সবাই দায়ীত্বশীল ও সৎ হলে কোনো অসাধু চক্র দুর্নীতি করতে সাহস পাবে না। সমাজ ও প্রশাসনিক ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী ভাণ্ডারিয়া এলাকাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য একটাই দৃশ্যমান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এ কাজে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা সহ সকল দায়িত্বশীল নাগরিকের সহযোগিতা কাম্য।
এছাড়াও তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মোটরসাইকেল চলাচলে হেলমেট ও বৈধ কাগজপত্র নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা জোরদার করা, কোচিং ও শিক্ষা ব্যবস্থার সার্বিক তদারকি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানসহ সরকারি দপ্তর সমূহের প্রধান কর্মকর্তাগণ।
সভা শেষে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর কারণ সম্পর্কিত চলমান মামলায় নতুন তথ্য প্রকাশিত হয়েছে।
আদালতের নিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক পাবলো ফেরারি জানিয়েছেন, ২০২০ সালে ম্যারাডোনার মৃত্যুর পেছনে করোনাভাইরাসের প্রভাব ছিল কিনা, তা সম্পূর্ণরূপে অস্বীকার করা সম্ভব নয়।
এই চাঞ্চল্যকর দাবি আর্জেন্টিনার সান ইসিদ্রো আদালতে মামলার শেষ পর্যায়ের সাক্ষ্যগ্রহণের সময় উঠে এসেছে। ফেরারি আদালতে মন্তব্য করেন, ম্যারাডোনার ময়নাতদন্তের সময় কোভিড-১৯ পরীক্ষা না করাটা ছিল একটি পদ্ধতিগত ভুল।
ফেরারির মতে, “আমরা এটা উড়িয়ে দিতে পারি না যে, তিনি কোভিডে মারা গেছেন।” তিনি আরও বলেন, “করোনাভাইরাস শ্বাসনালির মাধ্যমে শরীরে প্রবেশ করে কয়েক ঘণ্টার মধ্যে রোগীর শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটিয়ে মৃত্যু ঘটাতে পারে।”
ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে আর্জেন্টিনার তিগ্রেতে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর দুই সপ্তাহ আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। এতদিন তার মৃত্যুকে হৃদরোগের সঙ্গে সম্পর্কিত বলে ধরা হয়েছিল।
আদালতে ফেরারি আরও দাবি করেন, ম্যারাডোনার মৃত্যুর সময় দীর্ঘ যন্ত্রণার মধ্যে ছিলেন না, “তার যন্ত্রণার সময় কয়েক মিনিটের বেশি হওয়ার কথা নয়।”
এই বিশেষজ্ঞের বক্তব্য ম্যারাডোনার চিকিৎসক লিওপোলদো লুকের দেওয়া প্রতিরক্ষা যুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। লুকের দাবি ছিল, ফুসফুসে হঠাৎ তরল জমে শ্বাসকষ্ট সৃষ্টি হয় এবং অল্প সময়ের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় লুকসহ সাত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা চলছে। মামলার চূড়ান্ত যুক্তিতর্ক আগামী ৬ অক্টোবর শুরু হওয়ার কথা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা তাঁতীদল। বুধবার দিনব্যাপী এ কর্মসূচির আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম, ড্রেন এবং কম্পাউন্ডের ভেতরের জঙ্গল-আবর্জনা পরিষ্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামাল হোসেন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি মো. মিরাজ মৃধা, সাধারণ সম্পাদক হাসান শেখ, সিনিয়র সহসভাপতি মোস্তফা বয়াতি, সাংগঠনিক সম্পাদক মো. রাজু সিকদার প্রমুখ।
তাঁতীদল নেতারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ