০৪:১৮ পি.এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ সম্পন্ন হওয়ার পর গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) জানায়, কূপটির দুইটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে।
ভোক্তা পর্যায়ে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার বিকেলে, সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তেল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্টের পর জানা যাবে।
আরও পড়ুন: এলপিজি গ্যাসের দাম এক লাফে ২২৩ টাকা বৃদ্ধির তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের
এর আগে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) নিজস্ব অর্থায়নে কূপটির খনন কার্যক্রম সম্পন্ন করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদন অনুযায়ী কূপটির খনন কাজ শুরু হয়।
বাপেক্স জানায়, চলতি বছরের ৮ জুলাই বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন