প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় মহিষ, গরু, শাড়ি, জিরা, আলু, সুপারি, চা-পাতা, শ্যাম্পু ও ফেসওয়াশ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিছনাকান্দি ও সোনারহাট বিওপির চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারি আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা।
অন্যদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সোমবার সকাল ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের সিজার মূল্য ১১ হাজার টাকা।
একই দিনে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৫ পিস ভারতীয় শাড়ি, ৬০০ কেজি জিরা, তিনটি মহিষ, একটি গরু, বিভিন্ন ধরনের ২৮৮ পিস শ্যাম্পু, ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৭০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।
এভাবে, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক উদ্ধার করা এয়ারগান, ওয়াকিটকি ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা। অপরদিকে, ৪৮ বিজিবির অভিযানে জব্দ করা মালামালের মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা। দুই ব্যাটালিয়নের পৃথক অভিযানে সর্বমোট জব্দ করা মালামালের সিজার মূল্য ৩৫ লাখ ৫৯ হাজার টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ১৯ বিজিবি জানিয়েছে, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা এয়ারগান কানাইঘাট থানা-পুলিশের হেফাজতে রয়েছে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন