ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন, যা জানা গেল


রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন, যা জানা গেল

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও তুরস্কের বেশ কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা এবং গুঞ্জন জোরালো হলেও, কার্লোস কিংবা তার প্রতিনিধির তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ বেশ কিছু গণমাধ্যমের সূত্র ধরে গোল ডটকম জানিয়েছে যে, ব্রাজিলের ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠ করেছেন ৫৩ বছর বয়সী সাবেক এই তারকা, যা প্রায় চার সপ্তাহ আগে ঘটে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কার্লোসের ইসলাম গ্রহণের দাবি করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ জন আটক

আলিসাহিন তার পোস্টে সাও পাওলোভিত্তিক ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ’-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার বরাত দিয়ে জানান, কার্লোসের সঙ্গে হামাদার দীর্ঘসময় ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয় এবং সেখানে কার্লোস শাহাদাহ পাঠ করেছেন বলে দাবি করা হয়েছে।

তবে এই দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। ফলে রবার্তো কার্লোস সত্যিই ইসলাম গ্রহণ করেছেন কি না, এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এছাড়াও ইসলাম গ্রহণের গুঞ্জনের আগে রবার্তো কার্লোসের বিয়ের খবরও আলোচনায় আসে। মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী ও ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, তাদের বিয়ের বিষয়টি চলতি বছরের জানুয়ারিতে প্রথম প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পারিবারিকভাবে একটি ছোট আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানা গেছে। খেলোয়াড় ব্যবস্থাপনার কাজের সূত্রেই তাদের পরিচয় এবং সম্পর্কের সূচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস ক্যারিয়ারের শেষের দিকে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে খেলেন। সে কারণে তুরস্কের সংবাদমাধ্যমে তার বিষয়েও সাম্প্রতিক খবরটি বিশেষভাবে আলোচনায় এসেছে।

তবে তুর্কি সংসদ সদস্য ও কয়েকটি সংবাদমাধ্যমের দাবির পরও কার্লোস বা তার প্রতিনিধির পক্ষ থেকে ইসলাম গ্রহণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: গোল ডটকম

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ এম


গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ও ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) এবং তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি সন্দেহভাজন সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে প্রথমে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালানো হলে, ওই লাগেজের ভেতর থেকে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়ে থাকে।

এ সময় কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন এবং পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগের মামলাও রয়েছে, জানান পুলিশ।

এই ঘটনায় গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে ড্রোন সরবরাহ: যুক্তরাজ্যকে ‘পরিণতি’ ভোগ করার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৯ এম


ইউক্রেনকে ড্রোন সরবরাহ: যুক্তরাজ্যকে ‘পরিণতি’ ভোগ করার হুমকি রাশিয়ার

মস্কো ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। হামলাগুলোর মধ্যে যুক্তরাজ্যের তৈরি ড্রোন ব্যবহৃত হওয়ায় দেশটি যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনকে ড্রোন সরবরাহের জন্য যুক্তরাজ্যকে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে এবং চরম মূল্য চোকাতে হবে।

দূতাবাসের টেলিগ্রাম বার্তায় জানানো হয়েছে, যুক্তরাজ্য ইচ্ছাকৃতভাবে ইউক্রেন সংকটকে আরও উসকে দিচ্ছে। তারা যদিও শান্তির কথা বলছে, কিন্তু আসলে ‘সন্ত্রাসী হামলার’ সহযোগী হিসেবে কাজ করছে। সাবেক রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ বিবিসিকে জানিয়েছেন, এই ‘পরিণতি’র মানে হল যুক্তরাজ্যে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীরে তেল শোধনাগার এবং লজিস্টিক কেন্দ্রগুলোতে ড্রোন হামলা বাড়িয়েছে। মঙ্গলবার সকালে মস্কোর মেয়র বলেছেন, ইউক্রেন অন্তত ৬৩৭টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১৯৭টি ধ্বংস করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকার তদন্তে জানা গেছে, এসব হামলায় ব্রিটিশ কোম্পানির তৈরি ড্রোন ব্যবহার করা হচ্ছে।

যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি, তবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম স্পষ্ট জানিয়েছেন, তারা ইউক্রেনকে ১০০ ভাগ সমর্থন দিতে অবিচল থাকবে। গত এপ্রিলেও যুক্তরাজ্য ইউক্রেনের জন্য ১ লাখ ২০ হাজার ড্রোনের একটি বড় প্যাকেজ ঘোষণা করেছিল।

রুশ সামরিক বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া যুক্তরাজ্যে হামলা করলেও ন্যাটো কোনো কঠোর পদক্ষেপ নেবে না। ফেদোরভ বলেন, অনেকেই মনে করছেন ন্যাটো হয়তো শুধু বিবৃতি দিয়ে চুপ থাকবে। ট্রাম্পও ন্যাটোকে বড় কোনো জবাব দিতে দেবেন না। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ এম


রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার মোট ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পরা গেছে। বুধবার সকালে অধ্যাপক ইফফাত জেরীন, যিনি পরীক্ষার নিয়ন্ত্রক, বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুসারে, এবছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে পাস করেছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন। তাদের মধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এসএসসি পরীক্ষায় পাসের হার পৌঁছেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে।

শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসি ফলাফল অর্জিত হয়েছে। ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, কিন্তু ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। শতাংশের হিসাবে ২০২০ সালের সঙ্গে ২০২৬ সালের তুলনায় পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।

এর আগে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তবে খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করার শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। এই মেয়াদের মধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডে ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়েছে।

এ প্রসঙ্গে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৪ এম


বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় ১৫ বছর বয়সী নাহিদ হাসান নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মাহবুব আলমের পুত্র এবং আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী।

পুলিশ সূত্রে ও পরিবারের অভিযোগ অনুযায়ী জানা যায়, মাদ্রাসা থেকে নিজ বাড়ি ফিরছিল নাহিদ। মঙ্গলবার বিকেলের দিকে আমিন বাজারে পাকা সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এই আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে সে রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার পর নিহতের বাবা মাহবুব আলম রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বাসটি থানায় আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%