ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যবিপ্রবিতে নানা আয়োজনে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন


যবিপ্রবিতে নানা আয়োজনে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ও ফলাফল প্রকাশ, নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মাধ্যমে করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় পিটিআর বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদিক্ষণ করে মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। এরপর পিটিআর বিভাগের সামনে কেক কাটা হয়। কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

পরে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এছাড়া ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) ‘ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন প্র্যাকটিসে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি এবং রিজেনারেটিভ অ্যাপ্রোচ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রাজশাহী বোর্ডের ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "মানুষের ভাগ্যে মানুষের সেবা করার সুযোগ খুব কম থাকে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগগুলোর মধ্যে কয়েকটি বিভাগেরই সে সুযোগ আসে, আর আপনারা সৌভাগ্যবান যে তা পেয়েছেন। আমাদের দেশের চিকিৎসকদের বিশেষায়ন বা চিকিৎসায় কোনো ঘাটতি নেই; তবে সহযোগী ও সংশ্লিষ্ট কর্মীদের সেবার মান এবং ব্যবহার আরও উন্নত হওয়া প্রয়োজন। আপনারা যদি সেই সেবার মান ও সুন্দর ব্যবহার নিশ্চিত করেন, তবে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে মানুষের আস্থা আরও বাড়বে। পাশাপাশি বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা একত্র হয়ে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবেন-এটাই প্রত্যাশা।"

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পিটিআর বিভাগ অন্য সব বিভাগের চেয়ে এগিয়ে আছে। দেশের বড় বড় হাসপাতালে আমাদের গ্র্যাজুেটদের প্রতিনিধিত্ব আমাদের জন্য গর্বের বিষয়। ফিজিওথেরাপি পেশায় মানুষের সেবা ও সুস্থতায় যে দোয়া পাওয়া যায়, তার কোনো মূল্য হয় না; এতে ইহকাল ও পরকাল উভয়ই সমৃদ্ধ হয়।"

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে পিটিআর অ্যালামনাইদের পুনর্মিলনী আয়োজন অত্যন্ত আনন্দের। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বাইরে এসে এই বিভাগ মানব সেবা ও দক্ষতায় সারা দেশে প্রশংসিত অবস্থান তৈরি করেছে। নতুন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহবান, আপনারা মানব সেবায় নিজেদের নিয়োজিত করুন এবং গবেষণা ও দক্ষতা বাড়িয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করুন।"

পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান, পিটিআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবু জুবায়ের শাওন, শিক্ষার্থী সুস্মিতা, মো. আলামিন, হাসিবুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মো. এমরান হোসেন।

আরও পড়ুন: মানারাত ইউনিভার্সিটিতে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, ভর্তি ফিতে ৫০% ছাড়

উল্লেখ্য, গত আট বছরে পিটিআর বিভাগ কেবল একাডেমিক শিক্ষায় নয়, বরং ক্লিনিক্যাল প্র্যাকটিস, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতা পালনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিয়মিত ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প পরিচালনার মাধ্যমে বিভাগটি মানবিক স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৮ম বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে পিটিআর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল সেবার মান আরও উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফিজিওথেরাপিস্ট তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে কার্যকর অবদান রাখাই বিভাগের মূল লক্ষ্য।

এসকেডি/ আরটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন, পরিবারের সচ্ছলতা ফেরাতে চেষ্টার মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন, পরিবারের সচ্ছলতা ফেরাতে চেষ্টার মধ্যে

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে সেই স্বপ্ন পূরণের আগেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন। তার মৃত্যুতে স্ত্রী এবং এক কন্যাসন্তান নিয়ে পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে দুবাই এয়ারলাইন্সের একটি বিমানে মহিন খানের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছে দেওয়া হয়। সেখানে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

মহিন খান আবু তাহেরের ছেলে। তার স্ত্রী স্বর্ণা আক্তার এবং ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্বজনদের সূত্রে জানা গেছে, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টো এলাকায় নিজ বাসা থেকে কোম্পানির মালিক ও মালিকের স্ত্রীসহ মহিন খান নিখোঁজ হন। রাত ৩টার দিকে তাদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন করেন পরিবারের সদস্যরা।

পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ মহিন খান, তার কোম্পানির মালিক এবং মালিকের স্ত্রীর মরদেহ আবুধাবির মরুভূমিতে বালুচাপা অবস্থায় উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুবাই পুলিশ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে। গত ৬ নভেম্বর পরিবারের সদস্যরা মহিন খানের মৃত্যুর তথ্য নিশ্চিত হন। এরপর ১৫ দিন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মহিন খান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। একই সঙ্গে দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টো এলাকায় তার ব্যবহৃত প্রাইভেট গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্ত্রী স্বর্ণা আক্তার এবং তাদের কন্যাসন্তান এখন জীবনের অনিশ্চয়তায় পড়েছেন। প্রবাসে উপার্জনের অর্থ দিয়ে পরিবারের স্বপ্ন পূরণের আশা থাকলেও মহিন খানের মৃত্যুর মধ্য দিয়ে সেই স্বপ্ন থেমে গেছে।

মহিন খানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ম সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য, ডা. মো. আমিনুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনরা।

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, ঘটনাটি বিদেশে ঘটায় তাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


খুবি অ্যালামনাইয়ের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম নির্বাচিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে মো. ইফতেখারুল আলম (ইফতি) সভাপতি পদে ২,৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ২,৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম. আখতারুজ্জামান বসুনিয়া (লিটন), শায়কা ইমাম শান্তা, ড. মো. আজিজুল হাসান (পীরু), মো. মুজাহিদুল ইসলাম (সৌরভ) ও মো. ইসরাইল হোসেন। যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত গুহ ও মো. খায়রুজ্জামান।

সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মো. সাথিল ইসলাম (ডলার), মো. মহিউদ্দিন আন্দালিব (শুভ) ও মো. রাশিদুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির (বিপুল), অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার, জনসংযোগ সম্পাদক পদে নিলুফার শবনম ডনি, জনসংযোগ সহ-সম্পাদক পদে তালহা রহমান, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে মো. রুবেল মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক পদে সানজিদা ইয়াসমিন (শেফা), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ওয়াসিম সাব্বির, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক পদে বিশ্বজিৎ রায় (বিশ্ব), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আল মাসুদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সহ-সম্পাদক পদে মো. আজগর খান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মুন্সী শহিদ আনিস ও সমাজ কল্যাণ সহ-সম্পাদক পদে মাহমুদুল হাসান (মিল্লাত) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য (শিক্ষক কোটা) পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ফাল্গুনী আক্তার, মুহাম্মদ আব্দুর রউফ, মো. ফারহান সাদিক, শাপলা সিংহ ও শাকিলা আলম। নির্বাহী সদস্য (সাধারণ কোটা) সতেরোটি পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহিদ শরীফ (লাভলু), মো. জাকী-উল হাসান, মো. মাহমুদ উল হাসান (রানা), ফৌজিয়া সুলতানা, মো. ফারহান হক (প্রিন্স), মো. মনিরুজ্জামান (শাকিল), এ.কে.এম. হুমায়ুন কবির দেওয়ান (স্বপন), আখলাক উন নাহার, সৈয়দ মো. মাসুম, মো. মাহমুদুল হাসান সোহান, নাজমুস সাকিব, মুহিব্বুল্লাহ (মুহিব), ফখরুল আলম, তন্ময় চ্যাটার্জী, মোহাম্মদ আরিফুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম ও মো. নাজমুল করিম।

নবনির্বাচিত সভাপতি মো. ইফতেখারুল আলম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে আমাকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার একমাত্র লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার—এখানে দল-মতনির্বিশেষে আমরা সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে পরিবারের মতোই আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জন্য যেমন সম্মানের, তেমনি বিশাল এক দায়িত্বের। নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে আমরা সবাই একই পরিবারের সদস্য; তাই নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করে সংগঠনটিকে একটি গতিশীল ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

এসকেডি/ আরটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স

বিশ্বের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। তিনি সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করার কথা স্বীকার করেছেন।

কিছুদিন আগে, ৩৬ বছর বয়সী লরেন্স ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই গোপন তথ্যটি প্রকাশ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনার বিষয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর।

৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে প্রশ্ন করেন, ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে, জেনিফার বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।

জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে অ্যান্ডি জানতে চান, ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নাম উল্লেখ করেন জেনিফার লরেন্স।

এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে মন্তব্য করেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে, জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ এরপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স।

এখানেই শেষ নয়, এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এই কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি হামলায় পা হারানো লেবানিজ সাংবাদিক ক্রিস্টিনা পেলেন সিপিজে অ্যাওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ইসরায়েলি হামলায় পা হারানো লেবানিজ সাংবাদিক ক্রিস্টিনা পেলেন সিপিজে অ্যাওয়ার্ড

২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ডান পা হারানো লেবানিজ এএফপি ফটোসাংবাদিক ক্রিস্টিনা আসি ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)-এর ২০২৬ সালের ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। একই হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সিপিজের বার্ষিক অনুষ্ঠানে আসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর তিনি সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আসি বলেন, "যে হামলায় আমার বন্ধু ও সহকর্মী ইসাম আবদুল্লাহ প্রাণ হারিয়েছিলেন এবং আমি গুরুতর আহত হয়েছিলাম, সেই ধ্বংসস্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার সময় আমার আর্তচিৎকারের মধ্য দিয়েই বিশ্ব আমাকে চিনেছিল।"

তিনি এই পুরস্কারকে অসম্পূর্ণ থেকে যাওয়া প্রতিবেদন, শোকাহত পরিবার এবং যেসব সাংবাদিক আর কখনোই তাঁদের বার্তাকক্ষে ফিরে আসবেন না—তাঁদের প্রতি স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত লেবানন ও গাজায় ২০০-এর বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

মাত্র ১৭ বছর বয়সে সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন আসি। সিপিজের প্রকাশিত একটি ভিডিওতে তিনি স্মৃতি চারণ করে বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে একদিন তিনি নিজেই খবরের শিরোনাম হবেন।

২০২৩ সালের ১৩ অক্টোবর আসি ও আরও ছয়জন সাংবাদিক দক্ষিণ লেবাননের আলমা আল-শাব এলাকার কাছে চলমান সংঘাতের খবর সংগ্রহ করছিলেন। তাঁরা যখন নিজ নিজ সংবাদমাধ্যমে ছবি ও প্রতিবেদন পাঠাচ্ছিলেন, ঠিক তখনই প্রথম হামলাটি আঘাত হানে। সাংবাদিকেরা কী ঘটেছে তা বুঝে ওঠার আগেই দ্বিতীয় আরেকটি হামলা চালানো হয়।

এই হামলায় ইসাম আবদুল্লাহ নিহত হন এবং আসি এতটাই গুরুতর আহত হন যে তাঁর ডান পা কেটে ফেলতে হয়। এছাড়া এএফপির সহকর্মী ডিলান কলিন্সসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

হামলাটি 'ভুলবশত' হয়েছিল বলে ইসরায়েল যে ব্যাখ্যা দিয়েছিল, আসি তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের শরীরে স্পষ্টভাবে 'প্রেস' লেখা চিহ্ন ছিল এবং তাঁদের অবস্থানের ঠিক ওপরেই একটি ড্রোন উড়ছিল। তিনি আরও স্মরণ করেন, হামলার সময় তাঁর হাতে যে ক্যামেরাটি ছিল, সেটি ইসাম আবদুল্লাহই তাঁকে দিয়েছিলেন।

এএফপির একটি স্বাধীন তদন্তে উঠে এসেছে, উত্তর ইসরায়েলের জোরদেইখ এলাকা থেকে ১২০ মিলিমিটারের দুটি ইসরায়েলি ট্যাংকের গোলা ছোড়া হয়েছিল। রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সও ঘটনাটি তদন্ত করেছে।

সিপিজে জানিয়েছে, একাধিক স্বাধীন তদন্তে এটি প্রমাণিত হয়েছে যে সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং আন্তর্জাতিক আইনের অধীনে এই হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। অথচ ঘটনার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি।

হামলার পর থেকেই আসি পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ইসাম আবদুল্লাহ ও অন্যান্য সাংবাদিকদের ন্যায় বিচারের দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন। সিপিজে জানিয়েছে, তারা প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরেছে।

এছাড়া, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা পঙ্গুত্ব বা জীবন বদলে দেওয়া আঘাতের শিকার হয়েছেন, সেই সব সাংবাদিকদের পুনর্বাসন কর্মসূচিতেও আসি সহায়তা করছেন। আসি জানান, শারীরিক ভারসাম্য পুরোপুরি ফিরে পাওয়ার চেষ্টা চলায় তিনি এখনো সরাসরি মাঠে ফিরে সাংবাদিকতা শুরু করতে পারেননি। তবে ভবিষ্যতে এমন সব গল্প তুলে ধরার আশা রাখেন, যা অন্যথা উপেক্ষিত বা ধামাচাপা পড়ে যেত।

উল্লেখ্য, দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ২০২৪ সালের জুলাই মাসে প্যারিস অলিম্পিকের মশাল বহন করেছিলেন ক্রিস্টিনা আসি। ২০২৬ সালের সিপিজে 'ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড' প্রাপ্ত অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ প্যানি এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%