০৪:২৮ এম
ঘুম মানুষের শরীর ও মস্তিষ্কের জন্য অপরিহার্য একটি বিশ্রাম প্রক্রিয়া। পর্যাপ্ত ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করতে এবং স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। কিন্তু ঘুমানোর অভ্যাস একেকজনের একেক রকম হয়। কেউ সম্পূর্ণ অন্ধকার ঘরে ঘুমাতে পছন্দ করেন, আবার কেউ হালকা আলো জ্বালিয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
গবেষণায় বলা হচ্ছে, রাতে মৃদু আলো বা কৃত্রিম আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এর ফলে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়ার পাশাপাশি বিপাক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, অন্ধকার পরিবেশে ঘুমানোর সময় শরীরে মেলাটোনিন নামের একটি হরমোন তৈরি হয়। এই হরমোন মস্তিষ্ককে ঘুমের সংকেত দেয় এবং শরীরের জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু ঘুমের সময় আলো থাকলে মেলাটোনিনের নিঃসরণ কমে যেতে পারে। ফলে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
চলুন জেনে নেওয়া যাক আলো জ্বালিয়ে ঘুমানোর কারণে যেসব সমস্যা হতে পারে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় কৃত্রিম আলোর সংস্পর্শে থাকলে শরীরের বিপাকীয় কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের ফলে ইনসুলিনের কার্যকারিতা কমে গিয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। দীর্ঘমেয়াদে এই অভ্যাস ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।
আলো জ্বালিয়ে ঘুমালে গভীর ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। ফলে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া এবং দিনের বেলায় ক্লান্তি অনুভব করার মতো সমস্যা সৃষ্টি হয়।
মেলাটোনিন শুধু ঘুম নিয়ন্ত্রণ করে না, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা, বিপাকীয় কার্যক্রম ও কোষের পুনর্গঠনেও ভূমিকা রাখে। এই হরমোনের স্বাভাবিক মাত্রা কমে গেলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।
ভালো ঘুম নিশ্চিত করতে ঘুমানোর সময় ঘর যতটা সম্ভব অন্ধকার ও শান্ত রাখা উচিত। শোবার আগে মোবাইল, টিভি বা ল্যাপটপের ব্যবহার কমানো প্রয়োজন। বিকেলের পর অতিরিক্ত চা-কফি পান এড়িয়ে চলা এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জেগে ওঠার অভ্যাস গড়ে তোলা শরীরের স্বাভাবিক ঘড়ি ঠিক রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ঘুমের পাশাপাশি ঘুমের পরিবেশের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন