ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মাইলস্টোন পেমেন্ট যন্ত্রপাতির একক মূল্য নয়: জাহেদুল হাসান


মাইলস্টোন পেমেন্ট যন্ত্রপাতির একক মূল্য নয়: জাহেদুল হাসান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইপিসিসি চুক্তি, অর্থায়ন কাঠামো এবং অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা ও প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, প্রকল্পটির চুক্তিগত, প্রযুক্তিগত ও আর্থিক কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ছাড়া বিচ্ছিন্ন তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করলে প্রকল্পের প্রকৃত চিত্র প্রতিফলিত হয় না।

ড. জাহেদুল হাসান আরও জানান, ইপিসিসি কোনো নির্দিষ্ট যন্ত্রপাতি কেনা বা সরবরাহের চুক্তি নয়; এটি একটি সম্পূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা, নির্মাণ, পরীক্ষা, কমিশনিং এবং নিরাপদভাবে পরিচালনাযোগ্য অবস্থায় হস্তান্তরের চুক্তি।

গতকাল বৃহস্পতিবার লিখিত এক ব্যাখ্যায় তিনি বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে পরিচালনার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এটি দেশের বিদ্যুৎ খাতের একটি ঐতিহাসিক মাইলফলক, তবে এর পরিকল্পনা, নকশা, অর্থায়ন, নির্মাণ, পরীক্ষা ও কমিশনিংয়ের প্রতিটি ধাপ প্রচলিত অবকাঠামো প্রকল্পের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।

আরও পড়ুন: নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

এই কারণেই ইপিসিসি চুক্তিতে কোনো যন্ত্রপাতি, ভবন, পাইপলাইন, নির্মাণকাজ, স্থাপন (Erection), কমিশনিং বা অন্য কোনো পৃথক উপাদানের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়নি। বরং পুরো বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি Whole Plant Contract Price নির্ধারণ করা হয়েছে এবং সেই চুক্তির আওতায় বিভিন্ন পর্যায়ে মাইলস্টোন পেমেন্ট নির্ধারিত রয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তি (IGA) অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। এই চুক্তির আওতায় প্রকৌশল নকশা, নিরাপত্তা বিশ্লেষণ, যন্ত্রপাতি উৎপাদন, স্থাপন, সিস্টেম সমন্বয়, কমিশনিং, প্রযুক্তিগত নথিপত্র প্রস্তুত এবং অপারেটরদের প্রশিক্ষণসহ সব কার্যক্রম অন্তর্ভুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণ-অভ্যুত্থান স্মরণে ২৮-২৯ জুলাই ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


গণ-অভ্যুত্থান স্মরণে ২৮-২৯ জুলাই ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

জুলাই এবং আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে কর্মসূচির ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ জুলাই সারা দেশে কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার এবং বুধবার) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! জানা গেল সম্ভাব্য ম্যাচের তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! জানা গেল সম্ভাব্য ম্যাচের তারিখ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে শিরোপা হারানোর ক্ষত এখনো আলবিসেলেস্তে সমর্থকদের হৃদয়ে তাজা রয়েছে। সেই রোমাঞ্চকর ফাইনালের স্মৃতি ফিকে হতে না হতেই, আবারও একটি হাইভোল্টেজ মুখোমুখি লড়ाईয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এই দুটি ফুটবল পরাশক্তির মধ্যে।

যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’। এই ম্যাচে আর্জেন্টিনার লিওনেল মেসির বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল।

স্প্যানিশ নামকরা ক্রীড়া দৈনিক ‘মার্কা’র একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফার মধ্যে আলোচনা শুরু হয়েছে ম্যাচটি আয়োজনের বিষয়ে। এই মেগা-ম্যাচটি মূলত ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এর আয়োজন দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতার কারণে আটকে ছিল।

প্রাথমিকভাবে, চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে বিরাজমান রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণে সেটি বাতিল করা হয়। এরপর স্পেন ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে চাইলে, আর্জেন্টিনা পাল্টা দাবি তোলে বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়ামের। দুপক্ষই কোনোভাবে নতিস্বীকার না করায় ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়ে।

তবে সাম্প্রতিক বিশ্বকাজের উত্তাপের ফলে সেই বরফ গলতে শুরু করেছে। মার্কার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বরের আন্তর্জাতিক ফিফা উইন্ডোকে এই স্বপ্নের ফিনালিসিমার সম্ভাব্য সময়সূচি হিসেবে ধরা হচ্ছে। যদিও চূড়ান্ত তারিখ এবং নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি ফুটবল সংস্থাগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাকৃবির গবেষণা

ক্ষতিকর রাসায়নিকের বিকল্প দেশের প্রথম ‘পিজি-ট্রাইকোডার্মা’ ছত্রাকনাশক উদ্ভাবন

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ক্ষতিকর রাসায়নিকের বিকল্প দেশের প্রথম ‘পিজি-ট্রাইকোডার্মা’ ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন। দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত এই ছত্রাকনাশক 'পিজি-ট্রাইকোডার্মা' নামের বায়োফরমুলেশন, যা একই সঙ্গে জৈব ছত্রাকনাশক ও জৈব সার হিসেবে কাজ করছে। প্রতি গ্রাম পণ্যে রয়েছে ন্যূনতম ২০ লাখ জীবন্ত ট্রাইকোডার্মা স্পোর। গবেষকদের দাবি, এটি বিভিন্ন ফসলের রোগ দমন, ফলন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং মৎস্য খাতে পানির গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টায়, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব (প্ল্যান্ট প্যাথোলজি) বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল গবেষণার ফলাফল তুলে ধরেন। এ সময় কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কে. এম. মহিউদ্দিন, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট স্নাতকোত্তর শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, 'বর্তমানে দেশে ব্যবহৃত মোট বালাইনাশকের প্রায় ৪৫ থেকে ৪৬ শতাংশ রাসায়নিক ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকের অতিরিক্ত ব্যবহার কেবল ক্ষতিকর ছত্রাক নয়, বরং মাটিতে থাকা উপকারী অনুজীব ও ছত্রাকও ধ্বংস করে। ফলে পরিবেশ, মাটির স্বাস্থ্য ও জনস্বাস্থ্য উভয়ের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে। এ বাস্তবতায় পরিবেশবান্ধব ও টেকসই বিকল্প হিসেবে উদ্ভাবন করা হয়েছে 'পিজি-ট্রাইকোডার্মা', যা একই সঙ্গে জৈব ছত্রাকনাশক ও জৈব সার হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, গবেষণার প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন কৃষি-পরিবেশ অঞ্চল থেকে হাজার হাজার মাটি ও রাইজোস্ফিয়ার (ছত্রাকের স্পোর) নমুনা সংগ্রহ করা হয়। সেখান থেকে শতাধিক ট্রাইকোডার্মা ছত্রাক পৃথক করে তাদের কার্যকারিতা দীর্ঘদিন ধরে যাচাই-বাছাই করা হয়েছে। পরবর্তীতে সর্বাধিক কার্যকর, স্থিতিশীল ও বাংলাদেশের জলবায়ুর সঙ্গে অভিযোজিত ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম নির্বাচন করে এর ভিত্তিতে বায়ো ফরমুলেশন তৈরি করা হয়। যেহেতু এটি দেশীয় উৎসের অণুজীব, তাই আমদানিনির্ভর বায়ো পণ্যের তুলনায় এটি অধিক কার্যকর, টেকসই এবং তুলনামূলকভাবে কম ব্যয়বহুল বলে আশা করছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, এ জৈব ছত্রাকনাশক সব ধরনের ফসলেই কার্যকর। বিশেষ করে টমেটো, আলু, বেগুন, ঢেঁড়স, মরিচ, শসা, লাউ, কুমড়া সহ বিভিন্ন সবজি, ডালজাতীয় ফসল, চা ও পান চাষে এর ইতিবাচক ফল পাওয়া গেছে। এসব ফসলে ফিউজারিয়াম উইল্ট, রুট রট, স্ক্লেরোটিয়াম ব্লাইট এবং পাতার দাগ রোগ সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

মাঠপর্যায়ের পরীক্ষায় টমেটোতে ৪০ থেকে ৭০ শতাংশ, আলুতে ৩০ থেকে ৪০ শতাংশ, ধানে ৩০ থেকে ৫০ শতাংশ, গমে ৩০ থেকে ৩৫ শতাংশ এবং চা গাছে ৮০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া মরিচ ও ডাল জাতীয় ফসলে বীজবাহিত ছত্রাকজনিত রোগ ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

কার্যকারিতার বিষয়ে অধ্যাপক মঞ্জিল বলেন, পিজি-ট্রাইকোডার্মা উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে, পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং মাটির জৈবিক স্বাস্থ্য উন্নত করে। পাশাপাশি রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমিয়ে আনে এবং প্রাকৃতিক উপায়ে রোগ ও পোকামাকড় দমনে সহায়তা করে। এটি সহজে প্রয়োগযোগ্য হওয়ায় কৃষকদের জন্য সাশ্রয়ী ও ব্যবহার বান্ধব প্রযুক্তি।

এই প্রযুক্তিটি শুধু কৃষিতেই নয়, বরং ছাদ কৃষি ও মৎস্য খাতে সম্ভাবনাময়। মৎস্য খাতে ট্রাইকোডার্মার কার্যকারিতা সম্পর্কে অধ্যাপক ড. মো. শাহেদ রেজা বলেন, 'মাছচাষের একটি বড় অংশ হলো মাছের খাদ্য। চাষের সময় অব্যবহৃত খাদ্য এবং মাছের মল পানির গুণাগুণ নিম্ন করে তুলে। ট্রাইকোডার্মাভিত্তিক এ পণ্যটি ব্যবহারে পানিতে দ্রবীভূত অক্সিজেন (ডিও) বৃদ্ধি পায় এবং অ্যামোনিয়ার পরিমাণ হ্রাস পায়। ফলে মাছ উৎপাদন লাভজনক হয়। তবে এটি শুধুমাত্র ছোট পরিসরে পরীক্ষা করা হয়েছে। আমরা বড় পরিসরে প্রয়োগের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করতে পারবো।'

কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কে. এম. মহিউদ্দিন বলেন, 'পিজি-ট্রাইকোডার্মা জৈব ছত্রাকনাশকের কোনো ক্ষতিকর দিক নেই। এটি শতভাগ নিরাপদ। অন্যান্য ছত্রাকনাশক বা যে কোন কীটনাশক প্রয়োগে ফসল কমপক্ষে সাতদিন পর থেকে সংগ্রহ করতে হয় এবং রাসায়নিক প্রয়োগ করার পর কমপক্ষে ২৪ ঘন্টা ওই জমিতে কৃষক প্রবেশ করতে পারে না। তবে আমাদের এই পণ্যটির ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা নেই। এতে কোনো ক্ষতিকর উপাদান নেই। টেলকম পাউডারের সাথে ট্রাইকোডার্মা ছত্রাক ব্যবহার করে এটি বাজারজাত করা হয়েছে। ফলে এটি সম্পূর্ণভাবে জৈব। এর মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই।

তিনি আরও জানিয়েছেন, 'এই পণ্যটি দূষণ সমৃদ্ধ জমিতে প্রয়োগ করলে সেখানে উদ্ভিদের ভারী ধাতু গ্রহণ করা কমায় এবং পুষ্টি উপাদান গ্রহণ বৃদ্ধি করে ফলে গাছের বৃদ্ধি ভালো হয়। বাংলাদেশে ৪০ হাজার মেট্রিক টন রাসায়নিক ব্যবহার করা হয় যার মধ্যে দুই থেকে পাঁচ শতাংশ মাত্র বায়োফার্টিলাইজার। তাই আমাদের পণ্যটি দেশের রাসায়নিক ছত্রাকনাশকের বিকল্প জৈব ছত্রাকনাশক হিসেবে এক যুগান্তকারী আবিষ্কার। এটি নার্সারি বেড শোধন ও মাটি শোধন আকারে মাটির সাথে মিশিয়ে এবং বীজের সঙ্গে মিশিয়ে ও সরাসরি গাছে স্প্রে করা যায়।'

গবেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রস্তাবিত পণ্যটি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্ধারিত স্ট্যান্ডার্ডাইজেশন ও নিবন্ধন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত এই পরিবেশবান্ধব বায়ো-পণ্যগুলো কৃষকদের কাছে সহজলভ্য হবে এবং দেশের টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও রাসায়নিক বালাইনাশকের ব্যবহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮১ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে ১৮১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু ঘটেছে।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে দুই জন, বরিশাল বিভাগে সাত জন এবং সিলেট বিভাগের তিন জন রয়েছেন।

চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত মোট ১২ হাজার ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে চলতি বছরে মোট ১১ হাজার ৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৮১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%