০১:৪৫ এম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী চন্দন সূত্রধর, যিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বড় ভাই আনন্দ সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দন সূত্রধর বেরোবির জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত।
আরও পড়ুন: বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সূত্রে জানা যায়, চন্দন বৈষম্যবিরোধী জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আন্দোলনের সময় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার মাথায় এখনো গুলির অংশ (বুলেট) রয়ে গিয়েছিল।
চন্দনের অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী আজিজুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, তা কখনো কল্পনাও করিনি। এমন একজন প্রাণবন্ত মানুষের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। আমরা এমন এক বন্ধুকে হারিয়েছি, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’
এ সময় ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়, এটি প্রাণঘাতী রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
চন্দনের মৃত্যুতে শোক প্রকাশ করে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, ‘খবরটি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। চন্দন খুব ভালো মনের একটি ছেলে ছিল এবং সে একজন সাহসী জুলাই যোদ্ধাও ছিল। হঠাৎ করে তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই বিশ্বাস করা যাচ্ছে না।’
আরও পড়ুন: ইবি শিক্ষার্থীরা কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’ নিয়ে স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন