শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১২:১৭ এম
চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ অভিযানের ফলে চারটি লাইটার জাহাজ পরিদর্শন করা হয় এবং বিধি লঙ্ঘনের কারণে তিনটি জাহাজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ণফুলী চ্যানেলে এই অভিযান কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড সহায়তা প্রদান করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় চ্যানেলে অবস্থানরত চারটি লাইটার জাহাজের পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৬৭(ক) ধারা অনুযায়ী প্রতিটি জাহাজকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান মন্তব্য করেন, "দেশের আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বন্দরের প্রধান নৌপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করা জরুরি।" তিনি আরও বলেন, কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালীন নৌযান চালক ও মাঝিমাল্লাদের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অনুমোদনহীনভাবে পণ্য গুদামজাতকরণ এবং নৌ-চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের সার্বিক নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বার্থে এ ধরনের অভিযান এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ