০১:৩২ এম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ২১৯টি পূজামণ্ডপের মধ্যে ৯৩টি পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। জেলার নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি টহল দল এবং সাদা পোশাকে ৩০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শহরের রামকৃষ্ণ মিশনে সংবাদ সম্মেলনে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, এসআরবি-১১-এর দায়িত্বাধীন সাতটি জেলায় মোট এক হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক ১৮টি টহল দল কাজ করছে। নারায়ণগঞ্জ জেলার ২১৯টি পূজামণ্ডপের মধ্যে ৯৩টি বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি টহল দল দায়িত্ব পালন করছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান, এক দশকের কাজের স্বীকৃতি
এসআরবি-১১-এর অধিনায়ক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সমন্বয় সেলের মাধ্যমে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে এসআরবি-১১-এর সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে।
এসআরবি-১১-এর অধিনায়ক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খলতা দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
এসময় তিনি গুজবে কান না দেওয়ার, সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং পূজা উদযাপন কমিটিগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ৫৬৬ মন্দির-মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে এসআরবি-১৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন