০৬:১৬ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট (২০২৬ খ্রিস্টাব্দের দ্বিতীয়) অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে।
এই সিদ্ধান্ত আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে গৃহীত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
এছাড়াও বৈঠকে যোগদান করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চীফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও অংশগ্রহণ করেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট (২০২৬ খ্রিস্টাব্দের দ্বিতীয়) অধিবেশনের কার্যাদি নিষ্পন্ন করার জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাধারণত বাজেট আলোচনার জন্য নির্ধারিত মোট ৪০ ঘন্টা সময় রাখা হয়ে থাকে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩ টায় অধিবেশন শুরু হবে। বৈঠকে প্রস্তাব করা হয় যে, ২৭ থেকে ৩০ জুন এ চারদিন প্রতিদিন দু'বেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবসের যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের পরিকল্পনা করছে ইসি: সিইসি
এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩০৩৭টি প্রশ্নসহ মোট ৩২২৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের জন্য ৯৮টি নোটিশ এবং সিদ্ধান্ত-প্রস্তাবে (বিধি-১৩১) ২৯৩টি নোটিশ জমা পড়েছে।
বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন