প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, প্যারালিগ্যাল সেবা ন্যায়বিচারে প্রবেশাধিকারকে সহজ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের জনগণের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাবে, যার ফলে তারা বুঝতে পারবেন যে, তারা যেকোনো পরিস্থিতিতে অসহায় নন; দরিদ্র ও প্রান্তিক জনগণের জন্যও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থাকবে। এই লক্ষ্য অর্জনের জন্য প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ, জাতীয় প্যারালিগ্যাল কোর্স এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) জন্য বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইনমন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছে। তবে আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ এতদিন পর্যাপ্ত ছিল না। এই বিষয়টি মাথায় রেখে সরকার চলতি অর্থবছরে আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশি বংশোদ্ভূত একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দলের সঙ্গে সমঝোতা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিগগিরই এই কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল থাকাকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ইন্টার্নশিপ কর্মসূচি চালু করেছিলেন। এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও নবীন আইন স্নাতকদের যুক্ত করা হয়। স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়েছিল, যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ না থাকে। এই ধরনের উদ্যোগ তরুণ আইনজীবীদের পেশাগত দক্ষতা বিকাশে সহায়ক হচ্ছে।
আইনমন্ত্রী প্যারালিগ্যাল কর্মীদের গুরুত্ব তুলে ধরে বলেন, আইনজীবীদের সহকারীদের দেশে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অথচ তারা মক্কেলদের সঙ্গে যোগাযোগ ও মামলা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বাস্তবতায় বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্লাস্টের যৌথ উদ্যোগকে তিনি স্বাগত জানান।
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মানুষের আগ্রহ ও আস্থা ক্রমাগত বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার জন্য আবেদন জমা পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি। ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩১২টিতে। এই ক্ষেত্রে বৃদ্ধির হার ১৬৭ দশমিক ৭৬ শতাংশ।
তিনি জানান, একই সময়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংখ্যা ২৯ হাজার ৮৩৭টি থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে দাঁড়িয়েছে, যা ১৪৬ দশমিক ২০ শতাংশ বেশি। এছাড়া মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে ১০৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৮৭টিতে উন্নীত হয়েছে। এই অগ্রগতি সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের পাশাপাশি ব্লাস্টসহ সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনগুলোর ইতিবাচক অংশগ্রহণের ফল।
আইনমন্ত্রী বলেন, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম সম্প্রসারণের কারণে কিছু জেলার আইনজীবীরা মক্কেল হারানোর আশঙ্কায় এই কার্যক্রমের বিরোধিতা করছেন। তবে আলোচনার মাধ্যমে তাদের অধিকাংশকে বোঝানো সম্ভব হয়েছে। ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা, পেশাগত যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ক্ষেত্রে একটি অভিন্ন জাতীয় মানদণ্ড নিশ্চিত করা হবে। পাশাপাশি বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে দুটি পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রথম কর্মসূচির আওতায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সহযোগিতায় বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আইনগত সহায়তা নিশ্চিত করতে বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।
দ্বিতীয় কর্মসূচিতে জিআইজেডের সহায়তায় পরিচালিত গবেষণা ও আন্তর্জাতিক সম্মেলনের সুপারিশের আলোকে দেশের সর্বস্তরের জনগণের জন্য একটি মানসম্মত জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স প্রণয়ন, পরীক্ষামূলক বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিকীকরণের উদ্যোগ নেওয়া হবে।
উভয় কোর্সের পাঠ্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে প্রণয়ন ও অনুমোদন করা হবে। সফল প্রশিক্ষণার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সনদ দেওয়া হবে। এছাড়া প্যারালিগ্যাল কর্মীদের দক্ষতা, জবাবদিহি ও পেশাগত মান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে একটি সমন্বিত ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়টিও সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের (জিআইজেড) সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণের এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সরকারি আইনগত সহায়তা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন