১০:১০ এম
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। আয়োজকরা ভারতীয় দলের কাছ থেকে লিখিত ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান করায় পাকিস্তান দল এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।
পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই এই জটিলতার সূচনা ঘটে। প্রতিবাদস্বরূপ পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ আসরে সেমিফাইনালসহ দুটি ম্যাচ বয়কট করে ভারত।
এনডিটিভির সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ‘এনওসি’ (অনাপত্তিপত্র) দিতে রাজি হয়েছিল। তবে শর্ত ছিল—গত আসরের ঘটনায় ভারতীয় দলকে লিখিত ক্ষমা চাইতে হবে। কিন্তু ডব্লিউসিএল আয়োজকরা পিসিবির এই দাবি সরাসরি খারিজ করে দেয়।
আরও পড়ুন: টানা আট ম্যাচ বেঞ্চে সূর্যবংশী, বললেন ভারতীয় অধিনায়ক
দাবি মেনে না নেওয়ায় পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও ডব্লিউসিএল আয়োজক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে পাকিস্তান চ্যাম্পিয়নস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে।
চলমান আসরে অংশগ্রহণ করতে এসে মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। তাদের প্রথম ম্যাচটি বাংলাদেশ চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলার কথা ছিল শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকদের।
এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানায়, ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স দুঃখের সঙ্গে জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় এনওসি দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত বহাল রাখায় দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে অংশ নিতে পারবে না। আমরা পিসিবির কর্তৃত্ব ও তাদের সিদ্ধান্তকে সম্মান করি। তবে বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের এই আয়োজনে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের খেলোয়াড়েরা না পাওয়ায় স্বাভাবিকভাবেই আমরা হতাশ।’
এই টুর্নামেন্টটি ৩ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।
আরও পড়ুন: বিপিএলে দল কিনতে আগ্রহী পিএসএলের লাহোর মালিক সামিন রানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন