০৪:১৬ পি.এম
বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে তহবিল সংগ্রহের একটি ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে র্যাম্পে হেঁটেছেন ১৭টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। গত ৩০ অক্টোবর রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়।
থ্রাইভ বাংলাদেশের স্কুল মিল কর্মসূচির জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, দাতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন, সরকার দেশব্যাপী স্কুল মিল কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় থ্রাইভ বাংলাদেশের মতো উদ্যোগ শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে। তিনি বলেন, "ক্ষুধার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।"
আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে: এমপি খোকন
২০১২ সালে প্রিসিলা পেরি হেফেলফিঙ্গার, জিনা গ্যাবেল ও রেজিনা ল্যান্ডারের উদ্যোগে প্রতিষ্ঠিত থ্রাইভ বাংলাদেশ একটি অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করে আসছে। সংস্থাটি বিশ্বাস করে যে, ক্ষুধার্ত পেটে কোনো শিশুর পড়াশোনা করা উচিত নয়।
অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং তাঁর স্ত্রী ফিলিপা উড।
থ্রাইভ বাংলাদেশের চেয়ার আমনা রহমান বলেন, "বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশের শিশুদের জন্য র্যাম্পে হেঁটেছেন। প্রতিটি টিকিট ও অনুদানের অর্থ সরাসরি শিশুদের খাবার সরবরাহে সহায়তা করবে।" তিনি আরও বলেন, "একটি শিশুর শিক্ষার সুযোগ পাওয়া কিংবা ক্ষুধার কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মধ্যে এ উদ্যোগ পার্থক্য গড়ে দিতে পারে।"
সংস্থাটির ডেপুটি চেয়ার কানওয়াল বক্সী ভগত বলেন, "থ্রাইভের খাবার শিশুদের বিদ্যালয়ে আসতে এবং পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে।" তিনি উল্লেখ করেন, প্রতিদিন পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে শিশুদের সুস্থ রাখা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাজীবনে ভালো ফল অর্জনে সহায়তা করা হচ্ছে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ কবর থেকে তুলে রাষ্ট্রীয় সম্মান দাবি
আরেক ডেপুটি চেয়ার সাদিয়া মইন বলেন, "প্রতিটি পুষ্টিকর খাবারই সুস্বাস্থ্য, আশার আলো ও উজ্জ্বল আগামীর উপহার।"
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার জানান, থ্রাইভ বাংলাদেশের হসপিটালিটি পার্টনার হতে পেরে তারা সম্মানিত। তিনি আশা প্রকাশ করেন যে, এ আয়োজন ঢাকার অন্যতম অর্থবহ বার্ষিক অনুষ্ঠানে পরিণত হবে।
আয়োজন থেকে সংগৃহীত অর্থ থ্রাইভ বাংলাদেশের ১৩টি সহযোগী স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিনের খাবার সরবরাহে ব্যয় করা হবে। এসব খাবারের তালিকায় থাকবে তাজা ফলমূল, শাকসবজি, ডিম, দুধ ও বাদামের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার। পাশাপাশি, নতুন স্কুলগুলোকে এ কর্মসূচির আওতায় আনার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে করতোয়া গ্রিন স্পিনিং মিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, অ্যাজাইল মাইন্ডস সলিউশন লিমিটেড, র্যাংকন, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল ও নেসলে বাংলাদেশ পিএলসি। আয়োজনে সহযোগিতার জন্য ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে থ্রাইভ বাংলাদেশ।
আরও পড়ুন: বাকপ্রতিবন্ধী কিশোরকে নাস্তার লোভ দেখিয়ে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন