ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ পেছাল


মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ পেছাল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের তারিখ পিছিয়ে গেছে। নতুন চার্জ গঠনের তারিখ আগামী ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ দিন মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় তারিখটি পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বিচ্ছেদের পর প্রেমের সম্পর্কের জেরে সাবেক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

এর আগে, গত ২০ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আদেশ দেওয়ার কথা ছিল ট্রাইব্যুনাল-১ এর। কিন্তু মামলাটি পরে ট্রাইব্যুনাল-২ এ হস্তান্তর করা হয়। এরপর প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে আজকের দিনটি এ বিষয়ে আদেশের জন্য নির্ধারণ করা হয়।

এই মামলায় আটজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন— ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তোহিদুল ইসলাম, উত্তরা বিভাগের সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান, উত্তরা পূর্ব থানার সাবেক কনস্টেবল মো. আবু ছায়েম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর ডিএম. শামীম, সাবেক কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম, সাবেক কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সাবেক এসআই খালেদ আনোয়ার, উত্তরা পূর্ব থানার সাবেক এএসআই মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহ-সভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন।

প্রসিকিউশনের প্রথম অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা মহানগরের উত্তরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজনকে হত্যা করা হয়। এ ঘটনায় উবারচালক মোখলেছুর রহমান ওরফে দুর্জয়কে পুলিশের এপিসির চাকায় পিষ্ট করে হত্যা করা হয় এবং মরদেহ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। একই ঘটনায় মেহেদী হাসানসহ পাঁচজনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উৎসাহেই ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেয়েছি: উদ্ভাবক ড. জাভেদ হোসেন খান

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর পুনরায় নির্বিচারে গুলি চালিয়ে রিদোয়ান শরীফ রিয়াদ জয়সহ চারজনকে হত্যা করা হয়। এছাড়া রাইসুল রহমান রাতুলকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করা হয়। উভয় অভিযোগে এসব ঘটনাকে পরিকল্পিত, ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আজারবাইজানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে, যা কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি প্রদান করবে। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, দুই দেশের কূটনৈতিক ও সরকারি (অফিশিয়াল) পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই অপর দেশে ভ্রমণের সুযোগ পাবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই চুক্তিটি সম্পন্ন হয়। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এটি দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ এবং সফরকে সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে, যা ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ-জীবাণু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জেলা পরিষদ এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এই কার্যক্রম বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হয়। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া সরাসরি অংশ নিয়ে অভিযানের নেতৃত্ব দেন।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মনজুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারুফ হাসান। রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের একদল স্বেচ্ছাসেবকও এই অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানের সময় তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরের ময়লা এবং বাইরের চত্বর, ড্রেন ও আঙিনায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন।

অভিযান পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া মন্তব্য করেন, “আমাদের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা খুবই কম, ফলে দ্রুত ময়লা জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। হাসপাতালের জনবল সংকট বিবেচনায় আমরা নিজস্ব উদ্যোগেই এই পরিচ্ছন্নতা কার্যক্রমের হাত দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ীর জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারুফ হাসান বলেন, “প্রতিদিন এই হাসপাতালে গড়ে ১,০০০ থেকে ১,৫০০ রোগী ও স্বজন আসা-যাওয়া করেন। তাদের মাধ্যমে হাসপাতাল নোংরা হয়। সেই তুলনায় আমাদের পরিচ্ছন্নতা কর্মী অত্যন্ত অপ্রতুল। আমরা ভেতরের পরিবেশ পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও বাইরে জনবল সংকটের মো কাজ বাধাগ্রস্ত হয়। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান আমাদের অনেক উপকারে এলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরিয়া আমদানির দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ইউরিয়া আমদানির দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের সার চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ অনুষ্ঠিত কমিটির ৩০তম সভায় এই সুপারিশ পেশ করা হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব আলোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

প্রথম প্রস্তাবের অন্তর্ভুক্ত রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে বিদ্যমান জি-টু-জি চুক্তির সংশোধনের জন্য নীতিগত অনুমোদনের সুপারিশ। এর মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান ফ্রি অন বোর্ড (এফওবি) পদ্ধতির পাশাপাশি কস্ট অ্যান্ড ফ্রেইট (সিএফআর) ভিত্তিতে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের সুযোগ সৃষ্টি হবে।

দ্বিতীয় প্রস্তাবের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জি-টু-জি ব্যবস্থার অধীনে ফরেন ইকোনমিক কর্পোরেশন প্রোডিনটর্গের সঙ্গে প্রিলড ইউরিয়া সার আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

দুটি প্রস্তাবই শিল্প মন্ত্রণালয় থেকে উপস্থাপিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল

বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় অংশ নিতে ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাজিকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন।

শহিদুল ইসলাম বাবুল বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় বলেন, "আলহামদুলিল্লাহ। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA)-এর সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশ্যে রওনা হবো, ইনশাআল্লাহ।"

তিনি সফর সফলভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে, এপিএর অফিসিয়াল তথ্য অনুযায়ী, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভা ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সভায় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় পর্যায়ে মতবিনিময় নিয়ে আলোচনা হবে। এ ধরনের সভার মাধ্যমে এশিয়ার দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হয়।

তাজিকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রেস সার্ভিসের তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুশানবেতে এপিএর সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। দুশানবেতে এ ধরনের এপিএ কমিটির বৈঠক এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ) এশিয়ার বিভিন্ন দেশের সংসদগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বাংলাদেশও এপিএর সদস্য সংসদগুলোর একটি।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে শহিদুল ইসলাম বাবুলের এ সফরের বিষয়টি স্থানীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে এপিএর সভায় অংশ নেবেন এবং সদস্য দেশগুলোর সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%