বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫১ পি.এম
বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় অংশ নিতে ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাজিকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন।
শহিদুল ইসলাম বাবুল বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় বলেন, "আলহামদুলিল্লাহ। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA)-এর সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশ্যে রওনা হবো, ইনশাআল্লাহ।"
তিনি সফর সফলভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে, এপিএর অফিসিয়াল তথ্য অনুযায়ী, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভা ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সভায় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় পর্যায়ে মতবিনিময় নিয়ে আলোচনা হবে। এ ধরনের সভার মাধ্যমে এশিয়ার দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হয়।
তাজিকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রেস সার্ভিসের তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুশানবেতে এপিএর সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। দুশানবেতে এ ধরনের এপিএ কমিটির বৈঠক এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ) এশিয়ার বিভিন্ন দেশের সংসদগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বাংলাদেশও এপিএর সদস্য সংসদগুলোর একটি।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে শহিদুল ইসলাম বাবুলের এ সফরের বিষয়টি স্থানীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে এপিএর সভায় অংশ নেবেন এবং সদস্য দেশগুলোর সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর আর্থিক নীতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে সোনার দর একলাফে অনেকটাই নেমে যায়। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আগামী ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিন ফিউচার মার্কেটেও সোনার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৪ ডলারে নেমেছে।
আর্থিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিশ্ববাজারে সোনা বর্তমানে ৪ হাজার ৩০০ থেকে ৪ হাজার ৪০০ ডলারের ঘরে ওঠানামা করছে। ফেড কর্মকর্তাদের বক্তব্য, সুদের হার, বন্ডের আয় এবং তেলের দামের অস্থিরতা স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে।
গত সপ্তাহে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে উন্নীত করেছে। চলতি বছর শেষের আগেই সংস্থাটি সুদের হার আরও এক দফা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সাধারণত মূল্যস্ফীতি মোকাবিলার হাতিয়ার মনে করা হলেও সুদের হার বাড়লে অন্য মুনাফাদায়ক খাতে বিনিয়োগ বাড়ে, ফলে সোনার প্রতি আকর্ষণ কমে যায়।
বিশ্ববাজারে সোনা ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ হ্রাস পেয়েছে। রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৩৯ ডলারে নেমে এসেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৯৪ দশমিক ২৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ দশমিক ১৯৬৫ ডলারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি সপ্তাহে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে অনুষ্ঠিত ডার্বি ম্যাচের প্রথমার্ধে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান রিয়াল মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। এই ইনজুরির কারণে তিনি কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অ্যাটলেটিকোর লি কাং-ইনের করা ট্যাকলের ফলে উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে গোড়ালিতে আঘাত পান। এই কারণে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিপক্ষে উরুগুয়ের আসন্ন প্রীতি ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না।
রিয়াল মাদ্রিদ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আজ ভালভার্দের পরীক্ষা-নিরীক্ষা করেছে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম। রিপোর্ট থেকে তার বাঁ-পায়ের গোড়ালিতে ‘গ্রেড ৩’ পর্যায়ের ইনজুরি ধরা পড়েছে।’
ম্যাচের প্রথমার্ধে লির ট্যাকলের জন্য রিয়ালের খেলোয়াড়রা লাল কার্ড প্রদানের দাবি জানায়। তবে রেফারি এই দাবিতে সাড়া দেননি এবং ভিএআরও’র সহায়তা গ্রহণ করেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো ভালভার্দেকে ফাউল করার মুহূর্তের বেশ কয়েকটি ছবি উপস্থাপন করেন।
ভালভার্দের মাঠে ফেরার সময় নির্ভর করবে তার পুনর্বাসনের অগ্রগতির ওপর। রিয়ালের জন্য একটি স্বস্তির বিষয় হলো, আন্তর্জাতিক ফুটবলের বিরতি থাকায় তিনি খুব বেশি ম্যাচ মিস করবেন না।
আন্তর্জাতিক বিরতি শেষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ক্লাব ফুটবল পুনরায় শুরু হওয়ার আগে রিয়াল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভালভার্দের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সূত্র থেকে এ তথ্য প্রকাশিত হয়।
দুদক জানায়, তাদের প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, সেলিম আলতাফ জর্জের দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য কম দেখানো হয়েছে এবং গোপন করার বিষয়টি স্পষ্ট হয়েছে। একইসঙ্গে, ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগও উত্থাপিত হয়েছে।
এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্যসেবা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসার জন্য শুধুমাত্র আইন প্রণয়ন যথেষ্ট নয়, মানুষের বিবেক ও মন-মানসিকতার পরিবর্তনও জরুরি বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা।
তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, চিকিৎসক ও রোগী উভয় পক্ষের দায়িত্বশীলতা নিশ্চিত করা আবশ্যক। একইসঙ্গে চিকিৎসকদের নামে চিকিৎসা দেওয়া অযোগ্য ব্যক্তিদের আইনের আওতায় আনা, চিকিৎসকদের পেশাগত অনিয়মের বিচার নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবায় কার্যকর রেফারেল ব্যবস্থা চালু করার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের কিছু ভুল বা কর্তব্যে অবহেলার জন্য যেমন জবাবদিহি থাকা প্রয়োজন, তেমনি যারা চিকিৎসক নন অথচ চিকিৎসকের নামে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
ড্যাবের এই প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, অনেকেই অল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে চিকিৎসা প্রদান করছেন। সাধারণ মানুষ অনেক সময় জানেন না যে, তিনি প্রকৃত চিকিৎসক নন। ফলে এ ধরনের ব্যক্তির কাছ থেকে ভুল চিকিৎসা পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বিষয়টি আইনের মধ্যে আনা প্রয়োজন।
চিকিৎসকদের পেশাগত অনিয়মের বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলেন ডা. ডোনার। তিনি চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিচার নিশ্চিত করতে আইন পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যসেবায় রেফারেল ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশে কার্যকর রেফারেল ব্যবস্থা না থাকায় একজন চিকিৎসককে বিপুলসংখ্যক রোগী দেখতে হচ্ছে। অনেক চিকিৎসক প্রতিদিন ১০০ জন পর্যন্ত রোগী দেখতে বাধ্য হন। ফলে রোগীকে প্রয়োজনীয় সময় দেওয়া এবং যথাযথ কাউন্সেলিং করা কঠিন হয়ে পড়ে।
ডা. ডোনার বলেন, কোনো রোগীর অবস্থা গুরুতর হলে কিংবা সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকলে চিকিৎসার পাশাপাশি রোগী ও তার স্বজনদের বিষয়টি বুঝিয়ে বলা প্রয়োজন। এ জন্য হাসপাতালে কাউন্সেলর রাখার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, একজন রোগীর চিকিৎসা, ওষুধ এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে রোগী বা স্বজন কোনো প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার ব্যবস্থা থাকতে হবে।
বিদেশে রোগী ওষুধ সম্পর্কে জানতে চাইলে তাকে এর ব্যাখ্যা দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা আমাদের দেশেও থাকা প্রয়োজন।
ডা. ডোনার বলেন, রেফারেল ব্যবস্থা চালু হলে চিকিৎসকদের ওপর অতিরিক্ত রোগীর চাপ কমবে।
সমাজের পরিবর্তিত মূল্যবোধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আগে সমাজে কেউ অন্যায় করলে আশপাশের মানুষও তার প্রতিবাদ করতেন। এখন অনেক ক্ষেত্রে অন্যায়কারীর পক্ষ নেওয়া হয়। রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আচরণেও এই পরিবর্তন দেখা যাচ্ছে।
তিনি বলেন, এ পরিবর্তন শুধু চিকিৎসকদের মধ্যে নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেও দেখা যাচ্ছে। মুদি দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে তর্ক-বিতর্ক ও অসহিষ্ণুতা বাড়ছে। গত ১৭-১৮ বছরে এ ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে এবং তা আরও বিস্তৃত হচ্ছে।
ডা. ডোনার বলেন, ‘আইন করে লাভ নাই’ যদি মানুষের মধ্যে বিবেক জাগ্রত না হয়, তবে কোনো আইনই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবে না। আইন সম্পর্কে মানুষ জানলেও অন্তর থেকে দায়িত্ববোধ ও বিবেকের পরিবর্তন না হলে অন্যায় বন্ধ করা কঠিন।
করোনা ভাইরাস মহামারির সময় চিকিৎসকদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বে যখন করোনায় মানুষ মারা যাচ্ছিল, তখন বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন। সে সময় চিকিৎসকরা প্রশংসিতও হয়েছেন।
তিনি বলেন, চিকিৎসকদের প্রতি মানুষের সম্মান ও আস্থা ফিরিয়ে আনা যেমন প্রয়োজন, তেমনি চিকিৎসকদেরও নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, ডা. ইকরামুল বারী টিপু এমপি, ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি, ডা. মাহমুদা মিতু এমপি ও ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা এমপি বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ