১০:৩৬ পি.এম
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মন্নার মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের আজব আলী ও রুপ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বও জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি।
আরও পড়ুন: বরিশালে বিএমপির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭, বিভিন্ন মামলায় আটক ১৪
শনিবার দুপুরে বিরোধপূর্ণ একটি জায়গায় রুপ মিয়া বেড়া দিলে আজব আলীর পক্ষের লোকজন তা তুলে ফেলতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে রূপ মিয়ার পক্ষের মন্নার মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজব আলী ও রুপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৬ জন আহত হয়েছেন। রুপ মিয়ার পক্ষের একজন মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।
আরও পড়ুন: উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন