০৭:৫০ পি.এম
ঢাকার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬”। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ–উর্মী গ্রুপের পৃষ্ঠপোষকতায় চার দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শনিবার (১৩ জুন) সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় দেশের ২৮টি জেলার ৩০টি ক্লাব ও প্রতিষ্ঠান থেকে ১০০ জনের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বলতে গিয়ে উল্লেখ করা যায়, এর মধ্যে পুরুষ খেলোয়াড় ৭৯ জন এবং নারী খেলোয়াড় ২৪ জন ছিলেন। এবারের আসরে উন্মুক্ত পুরুষ ও নারী বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব–১১, অনূর্ধ্ব–১৩ ও অনূর্ধ্ব–১৫ বয়সভিত্তিক বিভাগগুলো মিলিয়ে মোট নয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মী গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান। এছাড়া বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মো. হাসান উজ জামান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, উন্নয়ন কমিটির প্রধান মেজর শফিউল্লাহ মাস্তান, উর্মী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব.) বদরুল আমিন এবং টুরাগ অ্যাক্টিভের সিওও আহম্মদ মনসুর রউফসহ ফেডারেশন ও গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় এবং অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ধারাবাহিক জাতীয় প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতার জন্য স্কোয়াশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত এবং ক্রীড়াবান্ধব সমাজ গঠনে নানামুখী উদ্যোগ অব্যাহত থাকবে।
উর্মী গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান বলেন, তরুণদের মধ্যে স্কোয়াশের প্রতি আগ্রহ বাড়ছে। নিয়মিত জাতীয় আয়োজন নতুন খেলোয়াড়দের নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি করছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাসান উজ জামান বলেন, সীমিত অবকাঠামো ও কোর্টের অভাব সত্ত্বেও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে দেশে স্কোয়াশের ভিত্তি শক্তিশালী হয়ে উঠেছে। আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য, নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলে স্কোয়াশ সম্প্রসারণের কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
আয়োজকরা জানান, এবারের আসর রেকর্ড সংখ্যক অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক ম্যাচ এবং সফল আয়োজনের মাধ্যমে দেশের স্কোয়াশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্থান করে নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন