বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৪৭ পি.এম
রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ইউক্রেনের সাথে শান্তি আলোচনার অজুহাতে তাদের সামরিক অভিযান বন্ধ হবে না। এই মন্তব্যটি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যিনি ইউক্রেন সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন।
লাভরভ আরও বলেন, অতীতের কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন যে, আলোচনা চললেও যুদ্ধক্ষেত্রে তাদের সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "ইউরোপ মূলত আলোচনার নামে একটি সাময়িক বিরতি চায়। তাদের একমাত্র উদ্দেশ্য হলো কিয়েভ শাসনগোষ্ঠীকে সামলানোর জন্য সময় পাওয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীর অস্ত্রাগার আবার পূর্ণ করা।"
তিনি আরও জানান, ইউক্রেনের কিয়েভ সরকার চরম হতাশায় ডুবে গিয়ে অনেক আগেই খোলস ছেড়ে সন্ত্রাসী পন্থায় হামলা চালানো শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফুটবল মাঠের বাইরের বড় স্বীকৃতির দৌড়ে এবার ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের এই ফুটবল তারকাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘বাইলা, ভিনি’ ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস-এ সেরা স্পোর্টস ডকুমেন্টারি বিভাগে মনোনয়ন লাভ করেছে।
এই বিভাগে চারটি তথ্যচিত্রকে মনোনয়ন দিয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। নেটফ্লিক্স এবং প্রযোজনা প্রতিষ্ঠান কনস্পিরাসাওয়ের তৈরি ‘বাইলা, ভিনি’ সেই চারটির মধ্যে একটি।
তথ্যচিত্রটিতে ভিনিসিয়ুসের শৈশব থেকে শুরু করে ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে। মাঠের সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন এবং স্পেনে ক্যারিয়ারে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইও এখানে স্থান পেয়েছে।
তথ্যচিত্রটির মনোনয়ন নিয়ে একটি ভিন্ন আলোচনা চলছে। যদিও ইন্টারন্যাশনাল এমির মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের স্বীকৃতি পেয়েছে, আইএমডিবিতে ‘বাইলা, ভিনি’-এর রেটিং মাত্র ৪.১/১০। অর্থাৎ দর্শকদের রেটিং এবং পুরস্কারের মনোনয়নের মধ্যে একটি বড় ফারাক রয়েছে।
সেরা স্পোর্টস ডকুমেন্টারি বিভাগে ভিনিসিয়ুসের তথ্যচিত্রটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ‘তঁ মোর’, ‘দ্য ফিলিপস্টাউন ওয়্যারকার গ্র্যান্ড প্রি’ এবং ‘টম ডেলি: ১.৬ সেকেন্ডস’।
২০২৬ সালের ৫৪তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। সেদিনই জানা যাবে, ভিনিসিয়ুসকে নিয়ে নির্মিত ‘বাইলা, ভিনি’ পুরস্কারটি জিততে সক্ষম হবে কি না।
প্রায় ১০৬ মিনিটের এই তথ্যচিত্রটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ২০২৫ সালের মে মাসে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা জেলা জুড়ে কিশোর গ্যাং এবং বখাটেদের কার্যকলাপ রোধে একটি নজিরবিহীন সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতের এই বিশেষ অভিযানে একযোগে জেলার ১৮টি থানায় অভিযান চালানো হয় এবং মোট ৬২৪ জনকে আটক করা হয়।
সাম্প্রতিক সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার পর কিশোর গ্যাংয়ের কার্যকলাপ নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই হত্যাকাণ্ডের পর জনদাবির মুখে পুলিশ এই ধরপাকড়ের বিশাল অভিযানে নেমে ৬২৪ জনকে আটক করে।
পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে উঠতি বয়সের কিশোর-তরুণদের মধ্যে ছিনতাই, ইভটিজিং, মাদক এবং বিভিন্ন ধরনের সহিংস অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি সামাজিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং প্রতিটি থানার বখাটে অধ্যুষিত ও চিহ্নিত আস্তানাগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অভিযানের তদারকি করেন।
কোতোয়ালি থানায় সর্বোচ্চ আটক:
অভিযানের অংশ হিসেবে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে সবচেয়ে বেশি সংখ্যক কিশোরকে আটক করা হয়েছে। এই থানা এলাকা থেকে ৭৫ জনকে আটক করা হয়। এছাড়া দাউদকান্দি থানা এলাকা থেকে ৫৯ জন, বুড়িচং থানায় ৫০ জন, সদর দক্ষিণ থানায় ৪৬ জন, মনোহরগঞ্জ থানায় ৪১ জন এবং লাকসাম থানায় ৩৫ জনকে আটক করা হয়। বাকি ১২টি থানায় আটক ৩১৮ জনের যাচাই-বাছাই করছে পুলিশ।
দাউদকান্দি থানায় স্বজনদের হট্টগোল:
এদিকে, জেলাজুড়ে পুলিশের এই কঠোর অভিযানের মধ্যে কুমিল্লার দাউদকান্দি থানায় একটি তুলকালাম ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে কিশোর গ্যাং সন্দেহে আটক হওয়া সন্তানদের ছাড়িয়ে নিতে দাউদকান্দি থানায় বিপুলসংখ্যক স্বজন ভিড় জমায়। একপর্যায়ে তারা থানায় হট্টগোল ও ভাঙচুর চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, এই সুযোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েকজন আটক হওয়া কিশোর পালিয়ে যেতে সক্ষম হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্বজনদের একাংশ পুলিশ স্টেশনে উত্তেজনা সৃষ্টি করে জোরপূর্বক আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ঘটনার পর থানার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
সাঁড়াশি অভিযানের পেছনে রয়েছে অপ্রতীম হত্যাকাণ্ড:
গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের পর কুমিল্লা ফুঁসে ওঠে এবং বখাটেদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের প্রতি তীব্র জনদাবি ও ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষের এই দাবির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ এই মেগা সাঁড়াশি অভিযান শুরু করতে বাধ্য হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে বখাটে ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই ধরনের জিরো টলারেন্স অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সমাজ থেকে কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আটককৃতদের বিষয়ে পূর্ব অপরাধের রেকর্ড বা সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও স্ক্রিনিং শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘অধিকার প্রতিষ্ঠায় আর যেন কাউকে রাজপথে রক্ত দিতে না হয় সেই রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ-উল আমীন অডিটরিয়ামে প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল উল্লেখ করেন, ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা সক্রিয় ভূমিকা রেখেছেন। গবেষণা ও শিক্ষার পাশাপাশি দেশের প্রয়োজনে তারা রাজপথেও নেমেছেন।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ব্যবস্থাকে বারবার ভেঙে দেওয়া হয়েছে। সে কারণে বলছি, এনাফ ইজ এনাফ। আমরা ভবিষ্যতে আর রাজপথে গিয়ে বুলেটকে আলিঙ্গন করতে চাই না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে মেধার মূল্যায়ন হবে, প্রত্যেকের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।’
ডেপুটি স্পিকার বলেন, ‘ওই আন্দোলন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, একটি ব্যবস্থার বিরুদ্ধে ছিল।’ অতীতে মেধার পরিবর্তে দলীয় পরিচয় প্রাধান্য পাওয়া এবং যোগ্যতা থাকা সত্ত্বেও প্রভাব ও দলীয়করণের কারণে সুযোগবঞ্চিত হওয়ার অভিযোগও করেন তিনি।
কায়সার কামাল বলেন, ‘নেত্রকোনার গারো পাহাড়ের পাদদেশের একটি এলাকা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম। আমাদের চোখের সামনে কোনো সীমানা রাখা যাবে না। আপনারা প্রত্যেকেই মেধাবী। কিন্তু সেই মেধার বিকাশের জন্য নিয়মিত অনুশীলন ও চর্চা প্রয়োজন। আমরা কেউ জানি না, ভবিষ্যতে কে কোথায় পৌঁছাব।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা তুলে ধরে কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশের তুলনায় পরে স্বাধীনতা পেলেও দেশটির প্রাতিষ্ঠানিক কাঠামো ও গণতান্ত্রিক সংস্কৃতি আমাকে মুগ্ধ করেছে। শুধু স্বাধীন দেশ, পতাকা ও পাসপোর্ট পাওয়ার গর্বের পাশাপাশি প্রত্যেক নাগরিককে প্রশ্ন করতে হবে, নিজের জায়গা থেকে দেশের জন্য কতটা কাজ করা হয়েছে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. শেফালী বেগমসহ শিক্ষক ও নবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
করাচি, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (এএফপি) : পাকিস্তান এশিয়ান গেমসে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তবে, তাদেরকে কিছু ঘাটতি পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসন। সেমিফাইনালের সম্ভাব্য এই লড়াইয়ের আগে পাকিস্তানকে কোয়ার্টার ফাইনাল অতিক্রম করতে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে সহজ দলই রয়েছে।
ভারতের পুরুষ দল দুটি বিশ্বকাপ জিতে নিয়েছে এবং তারা বর্তমানে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন। গত বছরের মে মাসে হেসন পাকিস্তানের দায়িত্ব গ্রহণের পর থেকে, ২০২৫ সালের এশিয়া কাপে তিনবার এবং চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান।
দলের জাপান যাত্রার আগে করাচিতে হেসন বলেন, “এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদন্ড। তাদের পর্যায়ে পৌঁছানোই আমাদের চ্যালেঞ্জ।”
জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এশিয়ান গেমসে পাকিস্তান ও ভারত কখনো মুখোমুখি হয়নি। তবে, ১ অক্টোবর নাগোয়ায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছরের দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রসঙ্গ টেনে হেসন বলেন, “আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে আমরা অবশ্যই তাদের ওপর চাপ সৃষ্টি করব, যেমনটা এশিয়া কাপের ফাইনালে করেছিলাম।”
পাকিস্তান প্রথমে ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে পুল বি-এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। পুল বি-তে রয়েছে হংকং, ওমান ও মালয়েশিয়া।
হেসন বলেন, পাকিস্তানকে শুরুটা ভালো করতে হবে। তিনি বলেন, “এখন থেকে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া পর্যন্ত দুই দলেরই অনেক ক্রিকেট খেলতে হবে। তাই আমরা নিজেদের নিয়ে খুব বেশি দূর আগেভাগে ভাবছি না।”
এশিয়ান গেমসের ক্রিকেটে পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেনি। ২০১০ ও ২০২৩ সালে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরেছে। ২০১৪ সালের আসরে তারা অংশ নেয়নি।
ভারত এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দল পাঠালেও পাকিস্তান দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রয়েছে। দলের অধিনায়ক ওপেনার সাহিবজাদা ফারহান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ