০৪:৪৪ পি.এম
মনিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৪৫ বছর বয়সী এক গৃহবধূ সুফিয়া বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইসমাইল হোসেনকে থানায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সুজাপুরে ৭০ বছর ধরে নারীদের জন্য বউমেলা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন একজন অটোরিকশাচালক। তিনি সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন।
কিছুক্ষণ পর বাড়িতে ফিরে স্ত্রীকে খুঁজে না পেয়ে বাড়ির একটি টিনশেড ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখেন। এরপর স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে ইসরাফিল দাবি করে, তার মা দীর্ঘদিন ধরে পেটের আলসারে ভুগছিলেন এবং মানসিক সমস্যাও ছিল।
আরও পড়ুন: রাজশাহীতে ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল
এর ফলস্বরূপ তিনি মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন। তিনি আরও জানান, এসব বিষয় নিয়ে বাবার মাঝে মাঝে মাকে মারধর করার ঘটনাও ঘটেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন