০৬:৩৭ পি.এম
শেরপুরের নকলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট একটি ঝগড়া থামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হুজুরা বেগম (৬০) নামে এক মহিলা মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার জন্য আরও ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে নকলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কায়দা গ্রামে। নিহত হুজুরা বেগম কায়দা গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন কামরুল হাসান (১৫), হাসু মিয়া (৪৫), সোবহান মিয়া (৩৫) ও মাইন উদ্দিন (৬৩)।
প্রতিবেশী রিজন ও জাহানারা বেগমসহ স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে দুটি শিশুর খেলাধুলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে, এই বিষয়ে তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে দু’টি গ্রুপ তৈরি হয় এবং ঝগড়াটি বড় আকার ধারণ করে। ঝগড়া থামাতে এগিয়ে আসেন বৃদ্ধা হুজুরা বেগম। একপর্যায়ে তার মাথায় লাঠির আঘাত লাগে, যার ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, কায়দা গ্রামে ছোট শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে হুজুরা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটির তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহ করেছে। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে, তবে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন