বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৪৫ পি.এম
ভারতের মহারাষ্ট্রের দুই বছর বয়সি এক শিশুর জীবন সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শিশুটির নতুন স্কুটারের সামনে পোজ দেওয়ার একটি ভিডিও ইনস্টাগ্রামে ১৩ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে। তবে এই ভাইরাল জনপ্রিয়তা শিশুটির জন্য আরো বড় এক প্রাপ্তি নিয়ে এসেছে। একটি মোটরসাইকেল শোরুমের মালিক তার কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি (কেজি-১) থেকে স্নাতক পর্যন্ত পড়াশোনার সব খরচ বহনের ঘোষণা দিয়েছেন।
শিশুটির নাম রুদ্রাংশ সিং ঠাকুর এবং তার বাড়ি মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায়। গত ৯ নভেম্বর, নতুন মোটরসাইকেল নিতে মা-বাবা ও বড় বোনের সঙ্গে একটি শোরুমে যায় সে। সেখানে নতুন স্কুটারের সামনে রুদ্রাংশের পোজ দেওয়ার একটি ভিডিও ধারণ করা হয়। সানগ্লাস পরা, দুই হাত পকেটে রেখে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা শিশুটির অভিব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে।
ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশিত হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে এটি ১৩ কোটি ৭০ লাখ ভিউ পায় এবং ভিডিওটিতে ৬৮ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। রুদ্রাংশের ভাইরাল ভিডিও শোরুমের মালিক দিলীপ বোবাদে পাতিলের নজরে আসে। তিনি সেই শোরুমের মালিক, যেখানে শিশুটির পরিবার স্কুটারটি কিনেছিল।
প্রতিবেদন অনুযায়ী, শিশুটির জনপ্রিয়তা উদ্যাপন করতে রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানান পাতিল। সেখানে তিনি ঘোষণা দেন, কেজি-১ থেকে শুরু করে স্নাতক পর্যন্ত রুদ্রাংশের শিক্ষার যাবতীয় ব্যয় বহন করবেন। সামাজিকমাধ্যমে এ খবরটি প্রকাশ করেন যশ চিনচোলকর। তিনি এই উদ্যোগকে শিশুটির ভবিষ্যৎ গড়ার মতো একটি উপহার হিসেবে বর্ণনা করেন।
রুদ্রাংশের মা-ও এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, "ছেলেকে ঘিরে মানুষের এত ভালোবাসা এবং তার ভবিষ্যতের জন্য এমন উদ্যোগ দেখে তিনি বিশেষভাবে আনন্দিত।"
রুদ্রাংশের আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও ব্যতিক্রমী পোজের কারণে সামাজিকমাধ্যমে তার নাম দেওয়া হয়েছে ‘অরা কিড’। ভিডিওটিতে হাজার হাজার মন্তব্য করেছেন দর্শকেরা। কেউ তার স্টাইল ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে তাকে ছোট্ট ডন বলে অভিহিত করেছেন।
আত্মবিশ্বাসী ভঙ্গিতে মুগ্ধ নেটিজেনরা
সূত্র: এনডিটিভি
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন, ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে। চিকিৎসা শুধুমাত্র বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় হাসপাতালেও পৌঁছানো উচিত।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসে, যেখানে দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন, তিনি এই বক্তব্য দেন।
তিনি আরও বলেন, ‘অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যবধান স্বাস্থ্যসেবায় বৈষম্যের একটি প্রতিফলন। আমাদের পক্ষ থেকে এই বৈষম্য দূর করা সম্ভব।’
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, ‘যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’
শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে পিকআপ ভ্যান এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে রফিকুল ইসলাম (৪০) নামের একজন চালক নিহত হয়েছেন। এই ঘটনায় দুই শিশুসহ আরও সাতজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিসাভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ত্রিশাল উপজেলার মৃত এবাদুল ফকিরের পুত্র।
আহতদের মধ্যে রয়েছেন—তাড়াইল উপজেলার অলিউল্লাহর স্ত্রী তানিয়া আক্তার (২৫), তার দুই শিশু সন্তান আলভি (৮) ও রৌজা (৩), নান্দাইলের পাঁচপাড়া গ্রামের মো. মোস্তানিক (৩০), ধর্মপাশার ইব্রাহিম (৩৫), নান্দাইলের ইমন (১৯) এবং ঈম্বরগঞ্জের নুরুল হক (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল সিএনজি স্ট্যান্ড থেকে সাতজন যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। নান্দাইলের ভাটিসাভার এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশায় থাকা চালক এবং যাত্রীদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজনের পরিকল্পনা করেছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই সম্মেলন আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আহ্বায়ক ও কলা অনুষদের ডীন অধ্যাপক ড. বেলাল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬ আয়োজন করতে যাচ্ছে। তিনি আরও জানান, অ্যালামনাই সম্মিলন শুধুমাত্র একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়, বরং এটি প্রিয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় প্রাঙ্গণে ফিরে আসার, শিক্ষাজীবনের সোনালি দিনগুলোকে নতুন করে স্মরণ করার, শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকদের সান্নিধ্য লাভের এবং প্রিয় সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার একটি অনন্য উপলক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বি.এ. (অনার্স), এম.এ., এম.ফিল এবং পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নিবন্ধন ফি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে এমএ শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানরাও জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে অংশ নিতে পারবেন। নিবন্ধন ফি সাধারণ সদস্যদের জন্য ৩ হাজার, নতুন আজীবন সদস্যদের জন্য ৭ হাজার ৫০০, পুরোনো আজীবন সদস্যদের জন্য ২ হাজার ৫০০ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন ও সাধারণ জীবন সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড় রাখা হয়েছে।
নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকেরা জানান, নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সঞ্চয়ী হিসাবে জমা দিতে হবে। পরে নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য, ছবি এবং টাকা জমার রসিদ সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://csa.ru.ac.bd/isaa/ ওয়েবসাইটে। আগামী ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমাদের অন্যতম লক্ষ্য হলো বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে একটি অভিন্ন, সুসংগঠিত এবং শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা। তাদের অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা এবং কর্মজীবনে সহযোগিতার কার্যকর সুযোগ সৃষ্টি করা। আমাদের প্রত্যাশা, এবারের সম্মিলনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে এবং ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সম্মেলনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। সম্মেলনের সার্বিক প্রস্তুতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সবাইকে সম্মিলনে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মীসহ ২১১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি ও অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।
অভিযানে মোট ২১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মী রয়েছেন। বাকি আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ