বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৯ পি.এম
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিরোধ করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল ও জাহিদুর রহমান টুলু, বিএনপি নেতা আতাউর রহমান, যুবদল নেতা আসাফুদ্দৌলা মামুন, সাহাবুল করিম, আইয়ুব আলী মন্ডল, সোবাদুল ইসলাম, আবু রায়হান, আল আমীন মন্ডল, লিটন আহম্মেদ এবং সজীব আহম্মেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনভর নেতাকর্মীরা ধুনটমোড় এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন।
বিএনপির নেতারা জানান, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের জানমাল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁদের এ অবস্থান কর্মসূচি। জনগণের জানমালের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তাঁরা উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি হামলার অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে এসব কথা জানান উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সকাল থেকে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। জনগণের পাশে থাকি, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করি বলে জানান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্যেই সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ টঙ্গীবাজার, রেল জংশন এলাকা সাহারা মার্কেট, চেরাগ আলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি করেন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৈরী আবহাওয়ার মধ্যে সকাল থেকেই টঙ্গী বাজার এলাকায় কয়েকশত নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণ। পরে সকাল ১১ টায় রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে টঙ্গী বাজারস্থ সেনা কল্যাণ মার্কেট এলাকা থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় টঙ্গী বাজার এসে সমাপ্তি ঘটে। এসময় মিছিল চলাকালীন বিএনপির নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও দেশকে অস্থিরতা করার প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় লকডাউন নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে রাশেদুল ইসলাম কিরণ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনসহ দেশের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সার্বক্ষণিক রাজপথে অবস্থান করবো।
অপরদিকে একই সময়ে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিএনপির শাহিন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রহিম উদ্দিন কালা, শাহনুর সরকার রনি প্রমুখ। এসময় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থানে থাকায় টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী রয়েছেন।
মিরপুর মডেল থানা পুলিশ বুধবার (১৮ নভেম্বর) এই অভিযানটি সম্পন্ন করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্ম লীগ এবং ছাত্রলীগের সদস্যরা অন্তর্ভুক্ত আছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন (২২), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ সাইফুল ইসলাম (৫২), মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৫০), মিরপুর মডেল থানা যুবলীগের নেতা মোহাম্মদ আসলাম (৪৫) এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ (২৬)।
এছাড়া গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন মো. সুমন (২৮), মেহেদী হাসান রাতুল (২২), রমজান (২৭), মো. মিঠু (৩৩), মো. মিরাজ হোসেন (৩৭), ফাহাদ বিন অনিক (২২), মো. মুন্না (২০), মো. হাফিজুর রহমান (২৬), মো. শামসুল হক ছামির (২২), মো. সোহেল (৩১), মো. রুবেল (২৬), সাইদুর ইসলাম নিরব (২০), মো. রিয়াজ ইসলাম (৩০), মো. পলাশ মিয়া (২৫), মো. মিরাজ হোসেন (২২), আল ইমরান মাহমুদ (২৫), মো. ওহাব দেওয়ান (২০), আরিফ শেখ (৪০), আবু তালিব (২৮), মো. আশরাফুল ইসলাম (৪০), পার্থিব দাস (২২), তারেক আলী জলিল (৪৭), মো. রাজিব পণ্ডিত (৩৬), মো. মাইনুল ইসলাম (৫২), মো. মামুন মল্লিক (২৪), কাউসার আহম্মেদ (২৭), মো. আকরাম হোসেন হাদী (২৪), মো. রাজিব হাওলাদার (২৪), মো. শাওন (২৩), মো. আশিক (৩২), মো. শাহিদুল ইসলাম (৩৭), ইউসরান কল্প (২০), মো. মকবুল হোসেন (২২), মো. শরীফুল ইসলাম (২৫), মো. শরীফ (২২), নয়ন (৩৫), মো. নাজিম (৩০), মো. আহনাফ আরাবি আকাশ (২৮) ও মো. সায়েম (১৯)।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের ১৯৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
১৯ নভেম্বর বৃহস্পতিার সকাল ১০ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। অতিথিদের আলোচনায় তিতুমীরের ত্যাগ ও সংগ্রামী জীবনের নানা দিক উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম রলি, কথাসাহিত্যিক আবিদ আযম এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিন মাতাব্বর।
এছাড়া উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রশক্তির সদস্যসচিব আল নোমান নিরব, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন, সাধারণ সম্পাদক এইচ এম ইমরান সহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক আবিদ আযম উল্লেখ করেন, "আমাদের পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে। আমাদের পাঁচ হাজার বছরের ইতিহাস রয়েছে। তিতুমীর থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ, সবার সম্পর্কে জানতে হবে। আমাদের প্রথম স্বাধীনতা ১৯৪৭ সালে, এটা ভুললে চলবে না। মতের বিরোধী হলেই তাদের ট্যাগ দিয়ে দিই। যেমন লাল, নীল ও হলুদ। সরকারি দল ও বিরোধী দল যে উল্টো পথে চলছে, তার ফসল হচ্ছে আজকের এই নাশকতা।"
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, "তিতুমীর ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনা। আমরা প্রত্যাশা করি, তাঁর মতো চরিত্র পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, পাশাপাশি তিনি যুদ্ধও করেছেন। ৪১ বছর ধরে রাজনীতি করে রাজনীতি থেকে ৪১ টাকাও নেইনি। যতটুকু ভাতা পাই, তা দিয়ে জনসেবা করি।"
তিনি আরও বলেন, "যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা ক্ষমতা ও টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল। দুই বছর পর আমরা দেখতে পেলাম গ্রামে যাদের অনুন্নত বাড়ি ছিল, তাদের বাড়িও সবচেয়ে উন্নত হয়ে গেছে। আমরা রাজনীতি করি দেওয়ার জন্য, নেওয়ার জন্য না।"
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ