বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৪ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে আফরিন সুলতানা নামক একটি পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় কাজ করার সময় মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ১৯ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের তাঁতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রত্না বেগমের স্বামী সজীব মিয়াও ভৈরবের অন্য একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। নিহত রত্না বেগম কুমিল্লা জেলার মুরাদনগর থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। এ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁতারকান্দি এলাকায় অবস্থিত পলিথিনের কাঁচামাল তৈরির কারখানাটি বর্তমানে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ইয়াকুব আলম ছিদ্দিকীর ছেলে গোলাম ইশতিয়াক ইউনিক নামে এক যুবক পরিচালনা করছেন। তিনি ২০২৪ সালে পটপরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর ৬নং মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তাঁতারকান্দি গ্রামের বাসিন্দা মো: ধন মিয়া মেয়ে আফরিন সুলতানার কাছ থেকে কারখানাটি ভাড়া নিয়ে সেখানে পলিথিনের কা়ঁচামাল উৎপাদনের ব্যবসা পরিচালনা করছেন গোলাম ইশতিয়াক। কারখানাটির পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেছেন গোলাম ইশতিয়াক ইউনিক। তবে স্থানীয়দের অভিযোগ, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এছাড়াও পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকাতেও আফরিন সুলতানার অন্য একটি পলিথিন কারখানা রয়েছে বলে জানা গেছে।
এদিকে কর্মক্ষেত্রে একজন নারী শ্রমিকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কারখানাটির বৈধতা, শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা ছিল কিনা এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন স্থানীয়রা।
একটি ছোট্ট কন্যাসন্তানকে রেখে মায়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একই সঙ্গে এই পলিথিনের কাঁচামাল তৈরির কারখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
গোলাম ইশতিয়াক ইউনিক জানান, তিনি আফরিন সুলতানার কাছ থেকে ভাড়া নিয়ে কারখানাটি পরিচালনা করছেন। কারখানাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি তাঁর।
এবিষয়ে কারখানার প্রকৃত মালিক আফরিন সুলতানার বক্তব্য পাওয়া যায়নি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। নিহত নারীর বাড়ি দূরে, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর স্বজনরা অভিযোগ দেয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উচ্চ জন্মহার, তরুণ জনগোষ্ঠী এবং জনসংখ্যা বৃদ্ধির ধারায় ধর্মীয় জনমিতির চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। খ্রিস্টধর্মকে পিছনে ফেলে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হওয়ার পথে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে মুসলিমরা খ্রিস্টানদের সংখ্যা ছাড়িয়ে যাবে। ২০৭০ সালের মধ্যে দুই ধর্মের অনুসারীর সংখ্যা আরও বিস্তৃত হতে পারে। এই পরিবর্তনের পেছনে ধর্মান্তরের চেয়ে জন্মহারই প্রধান ভূমিকা পালন করছে।
জন্মহারের ব্যবধান ধর্মীয় জনমিতিকে বদলাচ্ছে। পিউ রিসার্চ সেন্টার ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রধান সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম ও খ্রিস্টধর্ম—দুই ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে। তবে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির গতি খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি হবে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, অন্যদিকে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। তবে চলমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটি এবং খ্রিস্টানদের সংখ্যা হবে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ, মাত্র ১৫ বছরের ব্যবধানে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে পিউ মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ধারাকে অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে। ২০৭০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে, যেখানে খ্রিস্টানদের সংখ্যা থাকবে ৩০০ কোটির নিচে।
কেন বাড়ছে মুসলিম জনসংখ্যা?
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে জন্মহারকে চিহ্নিত করেছে পিউ রিসার্চ সেন্টার। অন্যান্য ধর্মীয় জনগণের তুলনায় মুসলিম পরিবারগুলোতে সাধারণত সন্তানের সংখ্যা বেশি হওয়ায় এই পার্থক্য তৈরি হচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতি বিশেষজ্ঞ কনরাড হ্যাকেট বলেছেন, "জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো জন্মহার। ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের অন্যান্য উপায়ের তুলনায় জন্মহারের প্রভাব অনেক বেশি।"
২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল ২ দশমিক ৫। অন্যদিকে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ১ দশমিক ৬, যা একটি প্রজন্মের জনসংখ্যা ধরে রাখার জন্য প্রয়োজনীয় ২ দশমিক ১-এর নিচে। জনমিতির ভাষায়, ২ দশমিক ১ সন্তানকে সাধারণত একটি জনগণের প্রজন্মগত প্রতিস্থাপন বা জনসংখ্যা ধরে রাখার প্রয়োজনীয় প্রজননহারের কাছাকাছি মান হিসেবে বিবেচনা করা হয়।
পিউ-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু। একই সময়ে খ্রিস্টান মায়েদের সন্তান জন্মের সংখ্যা ছিল প্রায় ২০ কোটি ৮০ লাখ। গবেষকদের ধারণা, আগামী কয়েক দশকেও মুসলিম জনগণের জন্মহার তুলনামূলক বেশি থাকবে। অন্যদিকে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে জন্মহার স্থিতিশীল থাকতে পারে অথবা ধীরে ধীরে কমতে পারে।
৫০ বছরে বিশ্ব জনসংখ্যার চিত্র কেমন হবে? পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ২৯ শতাংশ বাড়বে। তবে ধর্মীয় গোষ্ঠীগুলোর জনসংখ্যা বৃদ্ধির হার এক রকম হবে না। এই সময়ের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বাড়তে পারে। বিপরীতে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার হতে পারে প্রায় ৮০ শতাংশ।
অর্থাৎ, বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সামগ্রিক হারের তুলনায় মুসলিম জনগণের বৃদ্ধির হার অনেক বেশি হবে। ফলে বৈশ্বিক ধর্মীয় জনমিতিতে ইসলামের অংশীদারত্ব আরও বাড়বে। তবে সব ধর্মের অনুসারীর সংখ্যা একইভাবে বাড়বে না। হিন্দু ও ইহুদি ধর্মাবলম্বীদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কমে যেতে পারে। অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মোট সংখ্যা এবং বিশ্ব জনসংখ্যার মধ্যে তাদের আনুপাতিক হার—দুটিই কমার পূর্বাভাস দিয়েছে পিউ।
এর অন্যতম কারণ হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশে জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে বড় অংশ ঘটতে পারে আফ্রিকা মহাদেশে। বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি থাকবে।
এই অঞ্চলে অধিকাংশ মানুষ খ্রিস্টান অথবা মুসলিম। উচ্চ জন্মহার এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির ফলে সেখানে এই দুই ধর্মের অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর প্রভাব পড়বে বৈশ্বিক ধর্মীয় জনমিতিতেও। অন্যদিকে বিশ্বের অন্যান্য প্রধান অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কম হবে। কোথাও কোথাও জনসংখ্যা কমেও যেতে পারে।
ইউরোপ এর অন্যতম উদাহরণ। পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যা প্রায় ১৭ শতাংশ কমে যেতে পারে। একই সময়ে ইউরোপে খ্রিস্টানদের সংখ্যা এক-তৃতীয়াংশেরও বেশি কমে ৫০ কোটি ৫০ লাখ থেকে প্রায় ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। তবে ইউরোপের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অংশ বাড়বে। বর্তমানে সেখানে মুসলিমদের হার প্রায় ৬ শতাংশ হলেও ২০৭০ সাল নাগাদ তা বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুধু ইউরোপ নয়, উত্তর আমেরিকাতেও ধর্মীয় জনমিতিতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে ২০৬৫ সালের মধ্যে এই হার ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। অন্যদিকে কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিস্টানদের জনসংখ্যার হার ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই দুই দেশে খ্রিস্টান জনসংখ্যার আনুপাতিক হার কমে যাওয়ার অন্যতম কারণ হলো ধর্মীয় পরিচয় ত্যাগ করে কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা বৃদ্ধি। পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৪১ শতাংশের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। কানাডায় ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা খ্রিস্টানদের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের মোট সংখ্যাও কমার পূর্বাভাস রয়েছে। ২০২০ সালে দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৭০ লাখ। ২০৭০ সাল নাগাদ তা কমে প্রায় ১৭ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সম্প্রদায়ের সদস্যসংখ্যা দীর্ঘদিন ধরে কমছে।
তবে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-স্যাক্রামেন্টোর ধর্ম অধ্যয়ন বিভাগের অধ্যাপক জেফরি ব্রড মনে করেন, এই প্রবণতা ভবিষ্যতে পরিবর্তিতও হতে পারে। তার মতে, মধ্যপন্থী থেকে উদারপন্থী ধারার ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থী সাম্প্রতিক কংগ্রেস নির্বাচনে জয়ী হওয়ায় এসব সম্প্রদায়ের সদস্যসংখ্যা আবারও বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
২০৭০ সালে সবচেয়ে বেশি মুসলিম থাকবে কোন দেশে? পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ পাকিস্তানে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী বসবাস করবে। এরপর অবস্থান হবে ভারতের। তৃতীয় স্থানে থাকবে নাইজেরিয়া এবং চতুর্থ স্থানে ইন্দোনেশিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায়। তবে আগামী কয়েক দশকে পাকিস্তান, ভারত ও নাইজেরিয়ায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ফলে এই অবস্থানে পরিবর্তন আসতে পারে।
ধর্মীয় পরিচয় পরিবর্তনের চেয়ে জন্মহারই বড় নিয়ামক। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ধর্মান্তর, ধর্মীয় পরিচয় পরিবর্তন, অভিবাসন, বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামো এবং জন্মহারের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষণার পরিচালক অ্যালান কুপারম্যান জানিয়েছেন, মুসলিম ও খ্রিস্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধির পূর্বাভাসের বড় অংশই এমন দেশগুলোকে কেন্দ্র করে, যেখানে সংশ্লিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ।
অর্থাৎ, এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা তুলনামূলকভাবে সামান্য। বরং জন্মহার এবং জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোই এখানে বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি খ্রিস্টানদের অস্তিত্বের জন্য কোনো হুমকি কিংবা তাদের ক্ষতির কারণ নয়। তবে এই পরিসংখ্যানকে ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা এমন কোনো বয়ান তৈরি করা হতে পারে, যা বিষয়টিকে খ্রিস্টান বনাম মুসলিমদের সংঘাত হিসেবে উপস্থাপন করবে। এ বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
ধর্মীয় বিভাজন নয়, পারস্পরিক বোঝাপড়ার আহ্বান। বিশ্বের ধর্মীয় জনমিতিতে এই পরিবর্তনকে কীভাবে দেখা উচিত, তা নিয়েও গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক ও ধর্মীয় জনমিতি বিশেষজ্ঞ জিনা জুরলো মনে করেন, বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতিতে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া বক্তব্যে তিনি বলেন, কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এখনো ‘সভ্যতার সংঘাত’ তত্ত্বের প্রভাব রয়েছে। উভয় পক্ষের মধ্যেই একে অপরের ধর্ম সম্পর্কে অনেক ভুল ধারণা ও ভুল বোঝাবুঝি বিদ্যমান। ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে যাচ্ছে—এই বাস্তবতা অনেক খ্রিস্টানই সহজে মেনে নিতে পারছেন না। ফলে তাদের মধ্যে উদ্বেগও বাড়ছে।
তবে জুরলোর প্রত্যাশা, বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের কাছ থেকে শেখার সুযোগ খুঁজবেন। তার মতে, ব্যক্তিগত যোগাযোগ ও সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন ধর্মের মানুষের মধ্যে যখন বন্ধুত্ব ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, তখন একে অপরের প্রতি আরও মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।
সংখ্যার পরিবর্তনের সঙ্গে বদলাবে বিশ্বের ধর্মীয় মানচিত্র। পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস স্পষ্ট করে দিচ্ছে, আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনমিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। জন্মহার, বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামো এবং আঞ্চলিক জনসংখ্যা বৃদ্ধির পার্থক্য ইসলামকে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হওয়ার পথে এগিয়ে নিচ্ছে।
তবে এই পূর্বাভাস কোনো অনিবার্য ভবিষ্যৎ নয়। জন্মহার, অভিবাসন, ধর্মান্তর এবং সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যার হিসাবও বদলে যেতে পারে। তাই ২০৩৫ কিংবা ২০৭০ সালের পরিসংখ্যানকে বর্তমান প্রবণতার ভিত্তিতে তৈরি সম্ভাব্য চিত্র হিসেবেই দেখা উচিত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বের বৃহত্তম ধর্ম হওয়ার প্রতিযোগিতার চেয়েও বড় বাস্তবতা হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান। অনুসারীর সংখ্যা বাড়া কিংবা কমার সঙ্গে কোনো ধর্মের মানুষের মর্যাদা, অধিকার বা মানবিক মূল্যবোধের সম্পর্ক নেই। ইসলাম ও খ্রিস্টধর্ম—দুই ধর্মের অনুসারীর সংখ্যাই যখন বিশ্বজুড়ে বাড়ছে, তখন পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির প্রয়োজনীয়তাও বাড়ছে।
বিশ্বের ধর্মীয় মানচিত্র হয়তো আগামী কয়েক দশকে নতুন রূপ পাবে। কিন্তু সেই পরিবর্তন যেন বিভাজন ও সংঘাতের কারণ না হয়ে পারস্পরিক বোঝাপড়া, শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবিক সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি করে—সেটিই হওয়া উচিত সবার প্রত্যাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিরোধ করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল ও জাহিদুর রহমান টুলু, বিএনপি নেতা আতাউর রহমান, যুবদল নেতা আসাফুদ্দৌলা মামুন, সাহাবুল করিম, আইয়ুব আলী মন্ডল, সোবাদুল ইসলাম, আবু রায়হান, আল আমীন মন্ডল, লিটন আহম্মেদ এবং সজীব আহম্মেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনভর নেতাকর্মীরা ধুনটমোড় এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন।
বিএনপির নেতারা জানান, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের জানমাল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁদের এ অবস্থান কর্মসূচি। জনগণের জানমালের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তাঁরা উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি হামলার অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে এসব কথা জানান উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সকাল থেকে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। জনগণের পাশে থাকি, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করি বলে জানান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্যেই সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ টঙ্গীবাজার, রেল জংশন এলাকা সাহারা মার্কেট, চেরাগ আলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি করেন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৈরী আবহাওয়ার মধ্যে সকাল থেকেই টঙ্গী বাজার এলাকায় কয়েকশত নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণ। পরে সকাল ১১ টায় রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে টঙ্গী বাজারস্থ সেনা কল্যাণ মার্কেট এলাকা থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় টঙ্গী বাজার এসে সমাপ্তি ঘটে। এসময় মিছিল চলাকালীন বিএনপির নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও দেশকে অস্থিরতা করার প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় লকডাউন নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে রাশেদুল ইসলাম কিরণ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনসহ দেশের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সার্বক্ষণিক রাজপথে অবস্থান করবো।
অপরদিকে একই সময়ে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিএনপির শাহিন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রহিম উদ্দিন কালা, শাহনুর সরকার রনি প্রমুখ। এসময় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থানে থাকায় টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ