০২:২৫ এম
গাজীপুরের কালিয়াকৈর থেকে এমপি ও কোনাবাড়ী থানার ওসির স্বাক্ষর জাল করে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র বানিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আ. মমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে সফিপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন এবং পরে পুলিশকে সোপর্দ করেন। এ ঘটনায় শ্রমিক নেতা মাসুদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় মমিনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, আ. মমিন নিজেকে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন, কোনাবাড়ী থানা শাখার চেয়ারম্যান বলে পরিচয় দিতেন। তার কাছে একটি অনুমতিপত্রে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য, কোনাবাড়ী থানার ওসি এবং কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের নাম ও স্বাক্ষর জাল করা একটি লিফলেট ধরা পড়েছে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
অনুমতিপত্রে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার নামে স্বেচ্ছাসেবী কার্যক্রমের কথা উল্লেখ থাকলেও, এই কাগজ ব্যবহার করে তিনি অটোরিকশা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতেন। রোববারও (৫ জুলাই) সফিপুর এলাকায় এই অনুমতিপত্র দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায় স্বাক্ষরগুলো জাল ছিল।
এক ভুক্তভোগী জানান, মমিন প্রশাসনের অনুমতি রয়েছে বলতেন। চাঁদা না দিলে গাড়ি আটক করবে, মামলা করবে বলেও হুমকি দিতেন, যা শোনার পর অনেকেই ভয়ে তাকে টাকা দিয়েছেন। কালিয়াকৈর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন